জমে উেঠছে শীতবস্ত্রের বাজার

কড়া নাড়ছে শীত। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনো জেঁকে বসেনি শীত। কিন্তু শীত মোকাবিলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। বাজারে আসতে শুরু করেছে গরম কাপড়। নগরের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার।
নগরের পৌর জহুর হকার্স মার্কেট, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার বিপণিবিতানগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বছর পুলিশের কড়াকড়িতে নগরের অনেক এলাকায় ফুটপাতে ও রাস্তার পাশে ভ্যানগাড়িতে খুব একটা বিক্রি হচ্ছে না শীতের পোশাক।
পৌর জহুর হকার্স মার্কেটের প্রায় সব দোকানেই কম-বেশি উঠেছে শীতের বসন। ক্রেতাদের পছন্দের ওপর ভিত্তি করে বিক্রেতারা সাজিয়েছেন পসরা। উলের তৈরি সোয়েটার, চাদর, জ্যাকেট, ব্লেজার, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে এখানে। বিক্রিও চলছে দেদারসে। দোকানিরা জানালেন, অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। আর এক সপ্তাহ ধরে জমে উঠেছে খুচরা বিক্রির বাজার। প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা।
হকার্স মার্কেটের অঙ্গাবরণ নামের দোকানের স্বত্বাধিকারী কাজী মাহমুদুল হক বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করি।’ নতুনের পাশাপাশি হকার্স মার্কেটে বিক্রি হচ্ছে পুরোনো শীতের কাপড়ও। দামে সস্তা হওয়ায় নিম্নবিত্তের ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদা বেশি।
জহুর হকার্স মার্কেটে মেয়েদের সোয়েটারের দাম মানভেদে ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৪০০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৬০০ টাকা, হাতের মোজা ৩০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
শীতের কাপড়ের পাশাপাশি বিক্রি বেড়েছে কম্বলের। জহুর হকার্স মার্কেটের আল হেরা ট্রেডার্সের মালিক মোরশেদুল আলম বলেন, ‘বিক্রি শুরু হয়েছে কম্বলের। তাই প্রতিবারের মতো আমি এবার কম্বল তুললাম দোকানে। বিক্রি ভালো হচ্ছে।’ রুমালি ফেব্রিকসের দোকানি মো. মহিউদ্দিন জানান, মানভেদে বিভিন্ন কম্বল ১০০ থেকে শুরু করে ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
নগরের আতুড়ার ডিপো এলাকা থেকে ছগির আহম্মদ ও আফসানা রহমান দম্পতি হকার্স মার্কেটে এসেছিলেন শীতের কাপড় কিনতে। গত শুক্রবার সন্ধ্যায় কথা হয় তাঁদের সঙ্গে। তাঁরা জানালেন, ‘হঠাৎ করে শীত নেমে গেলে গরম কাপড়ের দামও বেড়ে যাবে, তাই আগেভাগেই কাপড় কিনে নিতে এখানে আসা।’
শীতের কাপড় বিকিকিনি প্রসঙ্গে পৌর জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফজলুল আমিন বলেন, ‘গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের শীতবস্ত্রের বেচাকেনা কম ছিল। আশা করছি, এবার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’