পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী রিপাবলিকান নেতাদের বিতর্ক তত জমে উঠছে। সেই সঙ্গে জমছে কাদা ছোড়াছুড়ি, যা মূল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেরও এক বড় অনুষঙ্গ। রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীরা ক্ষমতাসীন বিরোধী দলের প্রেসিডেন্টকে ধোলাই করার পাশাপাশি নিজ দলের প্রতিদ্বন্দ্বীদেরও ভাবমূর্তি খাটো করতে হেন কৌশল নেই যে বেছে নিচ্ছেন না।ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের শিবিরে কোনো উচ্চবাচ্য নেই। কারণ আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামাই যে দলের প্রার্থী হতে যাচ্ছেন, তা তো আগে থেকেই নিশ্চিত। কাজেই হইচই যা শোনা যাচ্ছে, তা কেবল ওই রিপাবলিকান দুর্গ থেকে। নির্বাচনের বছর এসে যাওয়ায় শুরু হয়ে গেছে দলের প্রার্থী নির্বাচনী প্রক্রিয়া প্রাইমারি ও ককাসের পর্ব। প্রথা অনুযায়ী আইওয়া অঙ্গরাজ্য দিয়ে শুরু হয়েছে ককাস। সহজ কথায় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা স্থানীয় পর্যায়ে বৈঠকে বসে যেভাবে কোনো একজন প্রার্থীর পক্ষে ভোট দেয় তা-ই ককাস। আর প্রাইমারিতে ভোটাভুটি হয় সাধারণ নির্বাচনে যেভাবে ভোট হয় সেভাবে। কয়েক মাস জুড়ে প্রতিটি অঙ্গরাজ্যে প্রাইমারি বা ককাসের পর জাতীয় পর্যায়ে দলীয় সম্মেলনে মনোনীত হয় চূড়ান্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী।ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি জিতেছেন প্রথম ককাস আর প্রাইমারি দুটিতেই। এই মুহূর্তে তিনি রিপাবলিকান দলের ফ্রন্টরানার। রমনি ছাড়া রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সামনের সারির নেতারা হচ্ছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ, টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল, জন হান্টসম্যান ও রিক স্যান্টোরাম।আইওয়া ককাসে রমনির সঙ্গে অপ্রত্যাশিতভাবে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয় পেনসিলভানিয়ার সাবেক সিনেটর কট্টরপন্থী রিক স্যান্টোরামের। এই প্রতিদ্বন্দ্বিতার আগে স্যান্টোরামকে নিয়ে তেমন আলোচনাই হয়নি। এ ঘটনায় অনেক বিশ্লেষকের মনে প্রশ্ন: রিপাবলিকান প্রার্থী মনোনয়নে শেষতক অপ্রত্যাশিত কিছু ঘটে যায় কি না। ১০ জানুয়ারি অনুষ্ঠিত নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে দাপটের সঙ্গেই জয়ী হয়েছেন রমনি। অতীত ঘেঁটে রমনির নামে ‘হূদয়হীন ছাঁটাইকারী’ হিসেবে বদনাম ছড়িয়েও তাঁকে হটাতে পারেননি প্রতিদ্বন্দ্বীরা। নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল ও ইউটার সাবেক গভর্নর জন হান্টসম্যান তাঁর চেয়ে বেশ পেছনে ছিলেন।আইওয়া ককাসে দাপট দেখিয়ে স্যান্টোরাম তাঁর সমর্থকদের মনে যে আশার সঞ্চার করেছিলেন, তার ভরাডুবি হয়েছে নিউ হ্যাম্পশায়ারে। বাগ্যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের বরাবর এক হাত দেখানো নিউট গিংরিচের অবস্থাও ভালো নয়।একটি ককাস ও প্রাইমারিতে জিতে স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে রয়েছেন মিট রমনি। ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে এক মেয়াদে দায়িত্ব পালনকারী এই নেতা ২০০৮ সালের দলীয় মনোনয়ন-দৌড়ে অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনের কাছে হেরে যান। তবে ডেমোক্র্যাট ওবামা ক্ষমতায় আসার পর থেকে রমনি ২০১২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে থাকেন। সাবেক প্রতিদ্বন্দ্বী হলেও সেই ম্যাককেইন এবার সমর্থন দিচ্ছেন রমনিকেই। এর মধ্যে যথেষ্ট সমর্থন অর্জনে তিনি সক্ষম হয়েছেন বলেও মনে করছেন পর্যবেক্ষকেরা। প্রথম ককাস ও প্রাইমারিতে উপর্যুপরি বিজয় তার উজ্জ্বল উদাহরণ।অনেকেই মনে করেন আইওয়ার দ্বৈরথ সবার আগে হলেও চূড়ান্ত রিপাবলিকান প্রার্থী কে হবেন তার আরও ভালো আভাস মিলবে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির ফল বিশ্লেষণ করলেই। এ নিয়ে রঙ্গ-রসিকতাও প্রচলিত আছে। নিউ হ্যাম্পশায়ারের সাবেক গভর্নর একবার বলেছিলেন, ‘আইওয়া তোলে ভুট্টা আর নিউ হ্যাম্পশায়ার তোলে প্রেসিডেন্ট।’ তা ছাড়া প্রাইমারির উন্মুক্ত ভোটের পদ্ধতিতে জনমতের প্রতিফলন অনেক ভালোভাবে ঘটে বলেও মনে করেন অনেকে।মিট রমনি দৌড়ে সবার সামনে আছেন বলেই দলীয় প্রতিদ্বন্দ্বীদের মূল লক্ষ্যবস্তু তিনি। তাঁর জনপ্রিয়তা ম্লান করতে চেষ্টার ত্রুটি রাখছেন না কেউ। সম্প্রতি একটি ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে আসা স্বাস্থ্যসেবা বিমাবিষয়ক প্রশ্নের জবাবে রমনি বলেন, ‘যারা আমার সেবা করবে, প্রয়োজনে তাদেরও বরখাস্ত করার সক্ষমতা চাই আমি।’সঙ্গে সঙ্গে তাঁর মন্তব্য লুফে নেন প্রতিদ্বন্দ্বী হান্টসম্যান। সুযোগ বুঝে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগের দিন গত সোমবার হান্টসম্যান বলেন, ‘মি. রমনি লোকজনকে বরখাস্ত করে মজা পান, আমি মজা পাই চাকরির পদ সৃষ্টি করে।’ রমনি সম্পর্কে তিনি আরও বলেন, অর্থনীতির বর্তমান বাস্তবতা থেকে তিনি দূরে রয়েছেন।রমনি সম্পর্কে গিংরিচ বলেছেন, তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হলে টিভি বিতর্কের সময় ওবামা তাঁকে নিয়ে হাসাহাসি করবেন। কারণ ম্যাসাচুসেটসের স্বাস্থ্যসেবা ও আইনবিষয়ক সংস্কারের যে বিলটি তিনি অনুমোদন করেছিলেন, এর সঙ্গে ওবামার পাস করা স্বাস্থ্য বিলের সাদৃশ্য রয়েছে। গিংরিচ শুরু থেকে রক্ষণশীলদের পছন্দের কিছু নীতির কথা বলে তাঁদের অনেকের মন জয় করে নেন। এর মধ্যে গিংরিচের সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে ‘উইনিং আওয়ার ফিউচার’ নামে বিপুল ব্যয়ে টিভি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সাউথ ক্যারোলাইনার প্রাইমারিকে লক্ষ করে চলছে এই টিভি প্রচারণা। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এতে ব্যয় হবে ৩৪ লাখ ডলার। তবে এ শুধু মনোনয়ন-দৌড়ের একটিমাত্র টিভি বিজ্ঞাপনের ব্যাপার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যয় শত শত কোটি ডলারের মামলা।গিংরিচ দলীয় প্রতিদ্বন্দ্বীদের বাক্যবাণে ঘায়েল করতে গিয়ে এর মধ্যে বেকায়দায়ও পড়েছেন। সম্প্রতি ওবামার অর্থনীতিবিষয়ক কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁকে ‘ফুড স্ট্যাম্প প্রেসিডেন্ট’ বলে আখ্যায়িত করেন গিংরিচ। কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ কর্মসূচির আওতায় নিম্ন আয়ের লোকজনের মধ্যে ‘ফুড স্ট্যাম্প’ দেওয়া হয়। এটি তাঁদের জন্য বিশেষ খাদ্যসহায়তা। গিংরিচের এ মন্তব্যকে অনেকে দেখছেন কৃষ্ণাঙ্গ অর্থাৎ আফ্রো-আমেরিকান নাগরিকদের প্রতি কটাক্ষ হিসেবে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। কারণ যুক্তরাষ্ট্রে আফ্রো-আমেরিকান ছাড়াও অনেক নিম্ন আয়ের নাগরিকই এ সুবিধা পাচ্ছে। সম্প্রতি রিক স্যান্টোরামের মন্তব্যেও বর্ণবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়। স্যান্টোরাম নাকি মন্তব্য করেছেন, তিনি এমন কোনো অর্থসহায়তা দিতে ইচ্ছুক নন, যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের জীবনযাপনে স্বাচ্ছন্দ্য আসবে। পরে এ নিয়ে হইচই শুরু হলে স্যান্টোরাম দাবি করেন, তাঁর মন্তব্য সংবাদমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হয়নি। গত শুক্রবারই অবিলম্বে সামাজিক নিরাপত্তাবিষয়ক অর্থ কাটছাঁট করার দাবি জানিয়ে স্যান্টোরাম প্রবীণদের রোষানলে পড়েন। নিউ হ্যাম্পশায়ারে প্রচারণা চালাতে গিয়ে সমকামীদের অধিকার নিয়েও শিক্ষার্থীদের রোষানলে পড়েন অতি রক্ষণশীল এ নেতা। স্থানীয় একজন কলেজশিক্ষক তাঁকে বলেন, ‘এটা আইওয়া নয়।’এদিকে অনলাইনে প্রচারিত এক ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন নিয়ে বেজায় খেপা হান্টসম্যান। ওই ভিডিওচিত্রে তাঁকে দত্তক কন্যা গ্রেসি ও আশার সঙ্গে দেখা যায়। গ্রেসিকে চীন থেকে এবং আশাকে ভারত থেকে শিশু বয়সে দত্তক নেন তিনি। ভিডিওর আবহ সংগীতে রয়েছে চীনা সুর। এতে হান্টসম্যানকে চীনা নেতা মাও সে তুংয়ের পোশাকও পরানো হয়েছে। এভাবে তাঁর মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, হান্টসম্যান মার্কিন না চীনা আদর্শের অনুসারী? এ ব্যাপারে হান্টসের মন্তব্য হচ্ছে, এসবের পেছনে কোনো ঘোড়েল লোক রয়েছে। তিনি ইঙ্গিত করেন রন পলের কাজ হতে পারে এটি। তবে রন পল তা অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য: ‘ওই ভিডিওচিত্র আমি দেখিনি। তবে বুঝতে পারছি তা কুৎসিত।’রিপাবলিকান নেতারা এখন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারির দিকে তাকিয়ে। ২১ জানুয়ারি তা অনুষ্ঠিত হবে। সেখানে রমনির বিজয় এত সহজ হবে না যদিও গত সপ্তাহের এক জনমত জরিপে তিনি এগিয়ে ছিলেন। প্রতিদ্বন্দ্বীরা আশা করছেন, তাঁরা সাউথ ক্যারোলাইনায় রমনির বিজয়রথ থামিয়ে দিতে পারবেন। কিন্তু অভিজ্ঞজনেরা বলছেন, রক্ষণশীল ভোট অন্য তিন প্রার্থীর মধ্যে এভাবে ভাগ হওয়া যদি চলতেই থাকে তাহলে রমনির চূড়ান্ত্ম জয় প্রায় নিশ্চিত।সাউথ ক্যারোলাইনার পর এ মাসেই রয়েছে ফ্লোরিডার প্রাইমারি। বিশ্লেষকদের মতে, এ মাস পার হলেই মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী।