জমেছে বান্দরবানের তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের রাজার মাঠে মাসব্যাপী আয়োজিত তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা জমে উঠতে শুরু করেছে। দেরিতে হলেও ঢাকা ও চট্টগ্রাম থেকে বড় ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহণ করায় ক্রেতারাও ভিড় জমাচ্ছেন। মেলায় মিনি ট্রেন ও জাদুর খেলাও টানছে দর্শক।
আয়োজকেরা বলেছেন, ২৫ জানুয়ারি মেলা শুরু হলেও নানা সমস্যার কারণে তাঁতবস্ত্র ও হস্তশিল্পের উৎপাদক এবং ব্যবসায়ীরা আসতে পারেননি। এ মাসের শুরু থেকে তাঁরা আসতে শুরু করেছেন। এ পর্যন্ত মেলায় ৬২টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।
২ মে রাতে মেলায় গিয়ে দেখা গেছে, আগের চেয়ে লোকজনের ভিড় বেড়েছে। বিশেষ করে জাদুর খেলা, মিনি ট্রেন ও নাগরদোলায় চড়তে ভিড় করেছে শিশু ও কিশোরেরা। কিশোর-কিশোরীদের ভিড় দেখা গেছে মিনি ট্রেনের সামনে। ট্রেনে চড়তে প্রতিজনকে ভাড়া গুনতে হচ্ছে ২০ টাকা। ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার টাকার টিকিট বিক্রি হয়।
তবে ব্যবসায়ীরা বলেছেন, লোকজন বেশি দেখা গেলেও বিক্রি এখনো আশানুরূপ নয়। ঢাকা থেকে আসা কাপড় বিপণন প্রতিষ্ঠান ওয়ান কালেকশনের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, তাঁরা শুরু থেকে মেলায় এসেছেন। আগের চেয়ে লোকজনের উপস্থিতি ও বিক্রি বেড়েছে। শেষের দিকে বিক্রি ভালো হবে বলে তিনি ধারণা করছেন। আরাফাত ক্রোকারিজের ব্যবস্থাপক সবুজ মিয়া জানালেন তাঁরা রাঙামাটিতে মেলায় যোগদান করার পর বান্দরবানে এসেছেন। কিন্তু বিক্রি একেবারে কম। তারপরও বিক্রি বাড়তে পারে আশায় মেলার শেষ পর্যন্ত থাকবেন।
গত ২৫ এপ্রিল বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন পরিষদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এই মেলা শুরু হয়েছে। ২৫ মে পর্যন্ত চলবে মেলা। উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সমন্বয়কারী চন্দক চাকমা বলেন, তাঁতবস্ত্র ও হস্তশিল্প উন্নয়কে উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে পার্বত্য অঞ্চলের উৎপাদিত পণ্যের পরিচিতিও বাড়বে।
ক্ষুদ্র কুটির শিল্প পরিষদের পরিচালক শহীদুল ইসলাম বলেন, বৈসাবি উৎসবের কারণে মেলা দেরিতে শুরু করতে হয়েছিল। এ জন্য উদ্যোক্তা, উৎপাদনকারী ও ব্যবসায়ীরাও দেরিতে এসে মেলায় অংশগ্রহণ করেছেন। তবে মেলা এখন জমে উঠেছে।