জমেনি ওম্যান চেম্বারের বাণিজ্য মেলা
‘এটার দাম কত?’—ক্রেতার প্রশ্ন। ‘দাম বলে কী হবে, কিনবেন? তাহলে দাম বলতে পারি।’—বিক্রেতার উত্তর। ক্রেতা রেগেমেগে বেরিয়ে যান দোকান থেকে। আর বলে যান ‘এমন ব্যবহার করলে কেউ আপনার দোকানের জিনিস কিনবে না।’ এমন দৃশ্য দেখার পর বিক্রেতার কাছে জানতে চাওয়া হয় ক্রেতার সঙ্গে এমন ব্যবহারের কারণ কী? উত্তরে এসআর কালেকশনের বিক্রেতা জসিম মিয়ার বিরক্তিভরা উত্তর—‘আর কইয়েন না আপা, ঢাকা থেইকা মেলায় এসেছি অনেক টাকা খরচ কইরা, বেচা-বিক্রি নাই, এর মধ্যে এক লাখ টাকা লোকসান দিছি। বেশির ভাগ মানুষ আইস্যা খালি জিনিসের দামই জিগায়, কেনে না কিছুই।’ গত ২৭ অক্টোবর নগরের পলোগ্রাউন্ড মাঠে শুরু হয় চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য মেলা। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। শুরুর এক মাস পরও মেলাটি জমেনি বলে জানান স্টলের মালিকেরা। মাঝখানে ঈদুল আজহার কারণে বন্ধ থাকা, কম প্রচারণা ও বড় শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ না থাকার কারণে মেলা জমছে না বলে তাঁরা মনে করেন। রিহা টেক্সটাইলের স্বত্বাধিকারী শিউলি খানম বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো মেলায় এসেছি। এটা নারী উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, কিন্তু এবার বিক্রি খুবই কম। কদিন আগে কোরবানির ঈদ গেল। ঈদের পর এমনিতেই ক্রেতা কম থাকে।’গতবারের তুলনায় এবার নারী উদ্যোক্তার সংখ্যা কম বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে বিভিন্ন জায়গা থেকে আসা জামদানি শাড়ি ও পাটের তৈরি জিনিসের স্টলে দর্শকদের ভিড় দেখা গেছে। জাহানারা জামদানির স্বত্বাধিকারী আবু তাহের বলেন, ‘এখানকার মানুষ মনে হয় জামদানি শাড়ির ব্যাপারে তেমন আগ্রহী নন। আমার স্টলে জামদানি তৈরির তাঁতও রেখেছি। কিন্তু সে রকম সাড়া পাচ্ছি না।’