জম্পেশ জাম্বুরা
লবণ-মরিচ মেখে জাম্বুরা তো কতই খাওয়া হলো। আচার বা ডেজার্টও তৈরি করতে পারেন জাম্বুরা দিয়ে। শিরিন ইসলাম দিয়েছেন এমন কয়েকটি রেসিপি।জাম্বুরার শরবতউপকরণ: জাম্বুরা ১টি, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, বিটলবণ স্বাদমতো, পুদিনাপাতা-বাটা সামান্য, কাঁচা মরিচবাটা সামান্য।প্রস্তুত প্রণালি: জাম্বুরা থেকে ভেতরের রসালো শাঁস বের করে নিতে হবে। এটি জুস মেশিনে রস করে ছেঁকে নিয়ে তাতে অন্য সব উপকরণ মিশিয়ে গ্লাসে ঢেলে কয়েকটি পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চাইলে বরফও দিতে পারেন।জাম্বুরার খোসার আচারউপকরণ: ১টি জাম্বুরার খোসা, সরিষার তেল দেড় কাপ, সাদা সিরকা দেড় কাপ, গোটা রসুন স্বাদমতো, হলুদবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া দেড় চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পাঁচফোড়ন ১ টেবিল-চামচ।প্রস্তুত প্রণালি: জাম্বুরা ভালো করে ধুয়ে কিছুটা সাদা অংশসহ খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। পাঁচফোড়ন টেলে আধগুঁড়া করে রাখুন। কড়াইয়ে তেল গরম করে তাতে জাম্বুরার খোসা ও সিরকা ছাড়া প্রথমে পাঁচফোড়ন ও পরে একে একে সব উপকরণ দিয়ে নেড়ে দিন। এখন খোসাগুলো দিয়ে দিন। ভালো করে কষানো হলে সিরকা দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম গরম বোতলে ভরুন।শাহি গুলাবি টুকরাউপকরণ: জাম্বুরা ১টি বড়, দুধ ১ কেজি, চিনি স্বাদমতো, এলাচি ৪টি, দারচিনি মাঝারি ৩ টুকরো, কিশমিশ প্রয়োজনমতো, কাঠবাদাম প্রয়োজনমতো, গোলাপজল কয়েক ফোঁটা, লবণ স্বাদমতো।প্রস্তুত প্রণালি: জাম্বুরার খোসা ছাড়িয়ে, সবুজ অংশ বাদ দিয়ে ফোমের মতো অংশটি আলাদা করে নিতে হবে। সাদা ফোমের মতো অংশটি ১ থেকে দেড় ইঞ্চি বরফির মতো কেটে টুকরো করে নিতে হবে। টুকরোগুলো ধুয়ে নরম না হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে। এবার টুকরোগুলো ঠান্ডা পানিতে ডুবিয়ে বারবার হালকা হাতে চেপে তেতো ভাব দূর করতে হবে। হাঁড়িতে দুধ দিয়ে তাতে পরিমাণমতো এলাচি, দারচিনি দিয়ে ফুটিয়ে তাতে চিনি, লবণ, কিশমিশ দিয়ে পছন্দমতো দুধ ঘন করতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে টুকরোগুলো দিয়ে দিতে হবে। গোলাপজল দিয়ে নামিয়ে পাত্রে ঢেলে কিশমিশ ও কাঠবাদাম দিয়ে ঠান্ডা বা গরম পরিবেশন করতে পারেন।জাম্বুরার জেলিউপকরণ: জাম্বুরা ১টি, চিনি পছন্দমতো, লেবুর রস ৫ থেকে ৬টির।প্রস্তুত প্রণালি: জাম্বুরার খোসা ছাড়িয়ে ভেতরের রসালো অংশ বের করে রস করে নিতে হবে। রস ছেঁকে নিয়ে চুলোয় চাপাতে হবে। ফুটে উঠলে চিনি, লেবুর রস দিয়ে নাড়তে হবে। রস ঘন হয়ে এলে নামিয়ে মুখ বন্ধ করা যাবে—এমন পাত্রে অথবা খালি কোনো জেলির শুকনো বোতলে ভরে নিন। ঠান্ডা করে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন।