জয়নুল আবেদিনের নকশিকাঁথা

জয়নুল আবেদিন বাংলার মানুষের স্বপ্ন ও সংগ্রাম দেখেছেন, সেই ছবি এঁকেছেন। গ্রামবাংলার চিরায়ত রূপ এবং লোকজীবনের শিল্পশৈলী দুনিয়ার সামনে তুলে ধরতে তাঁর প্রচেষ্টার অন্ত ছিল না। তেতাল্লিশের মন্বন্তরে বেঁচে থাকার সংগ্রামে বাংলার মানুষের যে ছবি আমাদের চোখে ভেসে আছে, তা জয়নুলেরই আঁকা। দুর্ভিক্ষ বা জীবনের বিপন্নতার মতোই মানুষের জীবনের স্বপ্ন আঁকার ছবিটাও তিনি ধরে রাখতে চেয়েছেন। এ প্রয়াসেই তিনি লোকশিল্পের নানা সামগ্রীর মতোই গ্রামীণ নারীর স্বপ্ন এঁকে রাখা নকশিকাঁথা সংগ্রহ করতেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অমূল্য সেই নকশিকাঁথা সংগ্রহের কিছুটা দেখা যাবে রাজধানীর বেঙ্গল শিল্পালয় আয়োজিত প্রদর্শনীতে।
২৯ ডিসেম্বর ২০১৪ বাংলাদেশে আধুনিক চারুশিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মদিন। জয়নুল জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এ নকশিকাঁথা প্রদর্শনীর আয়োজন করেছে। এ প্রদর্শনীর প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন।
আগামীকাল ২৩ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় আবুল মাল আবদুল মুহিত ও জাহানারা আবেদিন যৌথভাবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। জয়নুলের সংগ্রহ থেকে নির্বাচিত মোট ২২টি নকশিকাঁথা স্থান পাবে এ প্রদর্শনীতে।

জয়নুল আবেদিন যে শুধু আধুনিক শিল্পকলা শিক্ষারই নন, বাংলাদেশের শিল্পকলার লোকধারাটির অন্বেষণেরও পথিকৃৎ, তা-ই যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে এই প্রদর্শনী। জয়নুলের পরিবারের সহায়তায় বেঙ্গল ফাউন্ডেশন ইতিমধ্যেই জয়নুল জন্মশতবর্ষের নানামাত্রিক আয়োজন শুরু করেছে। সম্প্রতি ইতালিভিত্তক শিল্পকলাবিষয়ক প্রকাশন সংস্থা স্কিরার সঙ্গে যৌথভাবে গ্রেট মাস্টার্স অব বাংলাদেশ: জয়নুল আবেদিন শিরোনামে বই প্রকাশ করে বেঙ্গল ফাউন্ডেশন এই অনুষ্ঠানমালা শুরু করে। এ ছাড়া বেঙ্গল পাবলিকেশন্স আবুল মনসুরের লেখা জয়নুল আবেদিন শিরোনামে আরেকটি বই প্রকাশ করেছে। পাশাপাশি বেঙ্গলের শিল্পকলাবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম প্রকাশ করেছে জয়নুল আবেদিন জন্মশতবর্ষ বিশেষ সংখ্যা।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহ থেকে নির্বাচিত নকশিকাঁথা প্রদর্শনী
গ্যালারি: বেঙ্গল শিল্পালয়
বাড়ি-২৭৫/এফ, সড়ক-২৭ পুরাতন, ধানমন্ডি, ঢাকা
প্রদর্শনী চলবে: ২৩ ডিসেম্বর, ২০১৪ থেকে ১০ জানুয়ারি ২০১৫
প্রদর্শনী খোলা: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা