জয়নুল জন্মশতবর্ষে চারুকলায় উৎসব

শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মদিনকে ঘিরে কাল থেকে চার দিন ধরে উৎসবমুখর থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। প্রদর্শনী, মেলা, সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং স্মৃতিচারণাসহ গানের পরিবেশনা থাকবে প্রতিদিনই। রবীন্দ্র-নজরুল-লালনের গানের আসরের পাশাপাশি থাকবে চারুকলার সাবেক শিক্ষার্থীদের গড়া গানের দল ও এই সময়ের জনপ্রিয় শিল্পীদের গান। এ আয়োজনকে ঘিরে উৎসবের সাজে সাজানো হয়েছে পুরো চারুকলা প্রাঙ্গণ।
জয়নুল জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২৬ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হচ্ছে এ স্মরণ উৎসব। অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান। সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
১১ ডিসেম্বর শিল্পাচার্যের জন্মদিনকে ঘিরে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় মাসব্যাপী এ অনুষ্ঠানমালা। তবে, বিশেষ আয়োজনে এবারের প্রদর্শনীতে শিক্ষার্থীদের পাশাপাশি চলছে শিক্ষকদের শিল্পকর্মের প্রদর্শনী। আগামী ৫, ৬, ১১ ও ১২ জানুয়ারি দেশ ও দেশের বাইরের শিল্পবোদ্ধাদের অংশগ্রহণে জয়নুল আবেদিনের শিল্পচেতনা এবং জীবন ও কর্ম নিয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সেমিনার। এ ছাড়া জয়নুল জন্মশতবর্ষ উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
জয়নুল জন্মশতবর্ষকে ঘিরে জমজমাট আড্ডায় চারুকলা প্রাঙ্গণ ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব উত্তেজনায় কাজ করে যাচ্ছেন ছাত্র-শিক্ষকেরা। এ বিষয়ে জানতে চাইলে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিফাত মল্লিক বলেন, ‘পহেলা বৈশাখে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা আর জয়নুল উৎসবই চারুকলার সবচেয়ে বড় উৎসব। আর জয়নুল আবেদিনের ১০০তম জন্মবার্ষিকী হবার কারণে এবারের উৎসবের রেটিং যেন ১০০ তে ১০০।’
এ উৎসব উপলক্ষেই অনেক দিন পর চারুকলায় এসেছেন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ১৯৭৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিল্পী সুকুমার পাল। তিনি বলছিলেন, ‘জন্মশতবর্ষের এই উৎসবই শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে সবচেয়ে বড় উৎসবের সময়। এটা যদি আমরা সার্থকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের নতুন প্রজন্ম শিল্পকলায় ওনার অবদান সম্পর্কে নতুন করে জানতে পারবে।’

চারুকলায় জয়নুল জন্মশতবর্ষের অনুষ্ঠানমালা
২৬ ডিসেম্বর, ২০১৪
উদ্বোধনী অনুষ্ঠান শুরু সকাল ১০টা। বিকেল সাড়ে চারটায় শুরু হবে স্মৃতিচারণা পর্ব। এ পর্বে অন্যান্যের মধ্যে থাকবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছাত্র একুশে পদক পাওয়া শিল্পী আবু তাহের। সন্ধ্যা সাড়ে পাঁচটায় বকুলতলা মঞ্চে থাকছে চারুকলার প্রাক্তন শিক্ষার্থীদের নেতৃত্বে গড়া গানের দল ‘জলের গান’-এর সংগীত পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন খ্যাতনামা অভিনেতা ও নির্মাতা, চারুকলার প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন।
২৭ ডিসেম্বর, ২০১৪
সকাল ১০টায় চারুকলা প্রাঙ্গণে শিশু–কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল সাড়ে চারটায় স্মৃতিচারণা পর্বে স্মৃতিচারণা করবেন চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। তিনিও ছিলেন জয়নুল আবেদিনের প্রথম দিককার ছাত্রদের একজন। দীর্ঘ ৪৩ বছর তিনি চারুকলা অনুষদের শিক্ষক ছিলেন। সন্ধ্যার সংগীতায়জনে থাকছে শান্ত মরিয়াম ইউনিভার্সিটির পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি এবং লালনগীতি।
২৮ ডিসেম্বর, ২০১৪
বিকাল সাড়ে চারটার স্মৃতিচারণা পর্বে শিল্পাচার্যকে স্মরণ করে কথা বলবেন শিল্পী অধ্যাপক বুলবান ওসমান। সন্ধ্যা সাড়ে পাঁচটায় সংগীতায়োজনে বকুলতলায় পরিবেশিত হবে ময়মনসিংহ অঞ্চলের বাউলশিল্পীদের পরিবেশনা।
২৯ ডিসেম্বর, ২০১৪
সকাল আটটায় শিল্পাচার্যের জন্মদিনে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন চারুকলা পরিবারসহ বিশিষ্ট নাগরিকেরা। এদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে সারা দিন চলবে চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। সকাল ১০টায় শুরু অনুষ্ঠিত হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা জানানো হবে অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী এবং ভারতের বরদা এম এস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক স্বনামখ্যাত শিল্পী ও কলাতাত্ত্বিক গোলাম মোহাম্মদ শেখকে। বেলা ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সংগীত পরিবেশন করবেন চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থীরা।
ছাত্রজীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণা পর্ব শুরু হবে বেলা তিনটায়। বিকেল চারটা থেকে শুরু হবে গানের অনুষ্ঠান। শুরুতে সংগীত পরিবেশন করবেন মৌরি, কৃষ্ণকলি ইসলাম, ফারজানা মিলি ও নাশিদ কামাল। এরপর থাকবে চারুকলার প্রাক্তন ছাত্রদের গড়া গানের দল মেঘদল, বাউলা ও মাস্টারব্যান্ডের সংগীত পরিবেশনা।