দেয়ালে বড় ফাটল। টিনের চালার ফুটো দিয়ে বর্ষার সময় পানি পড়ে ভিজে যায় মেঝে। দরজা-জানালা ভাঙা। নেই সীমানাপ্রাচীরও। এই চিত্র রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। এরপর বড় কোনো সংস্কারকাজ হয়নি। ফলে স্বাস্থ্যকেন্দ্রটি দিনে দিনে জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, আধা পাকা ভবনটিতে রয়েছে সাতটি কক্ষ। তিনটি কক্ষ স্বাস্থ্য কর্মকর্তার, ওষুধ সংরক্ষণের ও ইপিআইয়ের (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি)। একটি কক্ষে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের অন্তবিভাগের চিকিৎসাসেবার জন্য ১০টি শয্যা। একটিতে চিকিৎসা কর্মকর্তারা বহির্বিভাগের সেবা দেন। বাকি দুটির একটিতে কর্মচারীরা গাদাগাদি করে বসেন। অন্য কক্ষটি পরিত্যক্ত হয়ে পড়েছে।
১৪ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, ওষুধ সংরক্ষণ ও ইপিআই কক্ষে দেয়ালেও বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রতিটি কক্ষের টিনের চালায় রয়েছে ফুটো। ওই দিন তিনজন রোগী ভর্তি ছিলেন অন্তবিভাগে।
হাসপাতালে ভর্তি হওয়া বনযোগীছড়া ইউনিয়নের নতুন পাড়ার শৈলেশ্বর চাকমা ও মৈদুং ইউনিয়নের বারাবন্যা গ্রামের আগুদী চাকমা বলেন, আমরা তিন দিন আগে জ্বর ও সর্দির সমস্যা নিয়ে ভর্তি হয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সটি জরাজীর্ণ হওয়ায় সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। মাঝেমধ্যে দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে যায়। এ ছাড়া চালার সঙ্গে দেওয়া বিমগুলো জীর্ণ হয়ে পড়েছে।
হাসপাতালের সেবিকা সুজতা চাকমা বলেন, ভেঙে পড়ার ভয়ে কাজ না থাকলে প্রায় সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে গিয়ে সময় কাটাই। ভয়ে রোগীরাও পারতপক্ষে ভর্তি হতে চান না।
হাসপাতাল সূত্র জানায়, ২০১২ সালে ১০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। কিন্তু অজ্ঞাত কারণে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের ১০টি পদের মধ্যে খালি রয়েছে তিনটি। সেবিকার সাতটি পদের মধ্যে সাতজনই কর্মরত রয়েছেন। এ ছাড়া উপসহকারী চিকিৎসা কর্মকর্তার দুটি পদ খালি রয়েছে।
চিকিৎসকেরা বলেন, হাসপাতালে চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অন্তবিভাগে ভর্তি হয়ে সেবা নিয়েছেন ২৭ জন। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে সেবা নেন ৪০ জন রোগী।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশা চাকমা বলেন, কমপ্লেক্সটি এমনভাবে ঝুঁকিপূর্ণ হয়েছে যে সংস্কারের অবস্থাও নেই। এরপরও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। সম্প্রতি জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শন করে গেছেন।
রাঙামাটির সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা বলেন, হাসপাতালটির অবস্থা খুবই নাজুক। নতুন ভবন নির্মাণের জন্য জোর চেষ্টা চালানে হচ্ছে।