জরিপের কাজ সারতে লোক আনতে হয়েছে ঢাকা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যান ব্যুরোর চট্টগ্রাম অঞ্চলে চরম জনবলসংকট দেখা দিয়েছে। এর ফলে গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘জেলা পরিসংখ্যান-২০১১’-এর জরিপ কাজ সম্পন্ন করতে ঢাকা থেকে অতিরিক্ত ১৩ জন কর্মকর্তাকে আনতে হয়েছে। ব্যুরোর বেশ কিছু পদ শূন্য থাকায় নিয়মিত কাজের পাশাপাশি কর্মরতদের অতিরিক্ত দায়িত্বও পালন করতে হচ্ছে। পরিসংখ্যান ব্যুরো কর্মকর্তারা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিয়মিত জরিপ কাজের পাশাপাশি ছোটবড় মিলিয়ে আরও মোট ২০টি জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী বছরে শুরু হবে অর্থনৈতিক জরিপের কাজ। জনবলসংকট নিরসন না হলে অর্থনৈতিক জরিপ কার্যক্রম সফলভাবে পরিচালনা কষ্টসাধ্য হবে বলে মনে করেন ব্যুরোর কর্মকর্তারা। ব্যুরো সূত্র জানায়, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অধীনে ১৪টি উপজেলা, নগরের ছয়টি থানা, কক্সবাজার জেলার আটটি থানার কার্যক্রম পরিচালিত হয়। ১৪টি উপজেলায় মোট ৫৬টি পদের বিপরীতে (প্রতি উপজেলায় পদের সংখ্যা চার) কর্মরত আছেন ৩৮ জন। এর মধ্যে নয়টি উপজেলার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার (ইউএসও) পদ খালি। বাঁশখালী ও সন্দ্বীপ উপজেলায় মোট চারটি পদের বিপরীতে মাত্র একজন করে পরিসংখ্যান সহকারী কর্মরত আছেন। নগরের ছয়টি থানায় ২৪টি পদের বিপরীতে ১৩ জন কর্মরত আছেন। এর মধ্যে পাঁচলাইশ, বন্দর ও পাহাড়তলি থানায় থানা পরিসংখ্যানবিদের (টিএস) পদ খালি। কক্সবাজার জেলার আটটি থানায় মোট ৩২টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ জন। এই জেলার ছয়টি থানা কার্যালয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ খালি। কুতুবদিয়া ও টেকনাফ থানা কার্যালয়ে কর্মরত আছেন একজন করে। পাশাপাশি নগরের আগ্রবাদের সরকারি কার্যভবন-১-এ অবস্থিত আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ের ১৪টি পদের মধ্যে চারটি খালি আছে।আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের ফেব্রুয়ারি মাসে অধিকাংশ পদেই লোক ছিল। কিন্তু অন্য জেলার লোকজন চট্টগ্রামের উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী নন। বর্তমানে যাঁরা কর্মরত আছেন, তাঁদের সিংহভাগই চট্টগ্রাম ও নোয়াখালী জেলার অধিবাসী।’জনবলসংকটের কারণে ব্যুরোর কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘বেশ কিছু উপজেলায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নেই। তাই প্রায়ই আঞ্চলিক পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাদের উপজেলায় ছুটতে হয়।’উল্লেখ্য, পরিসংখ্যান ব্যুরোর অধীনে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রামে শিক্ষা জরিপ, নারীর প্রতি সহিংসতা জরিপ, শিশুপুষ্টি জরিপ, জেলা পরিসংখ্যান-২০১১ জরিপসহ ছোট-বড় মোট ২০টি জরিপের কার্যক্রম পরিচালিত হবে।জেলা পরিসংখ্যান জরিপের কার্যক্রম পরিচালনায় ঢাকা থেকে ১৩ জন কর্মকর্তার যোগ দেওয়ার বিষয়টি জানিয়ে ওয়াহিদুর রহমান বলেন, ‘জনবলসংকটের কথা জানিয়ে শূন্যপদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আশা করি শিগগিরই লোক নিয়োগ হবে।’