লোহাগাড়া উপজেলার ৫৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রের ওপর পুলিশসহ প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও উপজেলার প্রায় ইউনিয়নে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। আগামী ২ জুলাই উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গম এলাকা চুনতি, বড়হাতিয়া ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক জানান, অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে চুনতির বনপুকুর আনসার ভিডিপি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, সাতগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও পানত্রিশা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।ঝুঁকিপূর্ণ অন্য কেন্দ্রগুলো হচ্ছে—বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট উচ্চবিদ্যালয়, বড়হাতিয়া কমিউনিটি সেন্টার, উত্তর আমতলী চান্দিরপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, বড়হাতিয়া এশায়াতুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা, চাকফিরানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংগীশাহ্ বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, পুটিবিলা ইউনিয়নের পুটিবিলা উচ্চবিদ্যালয়, পহরচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গৌড়স্থান ফোরকানিয়া মাদ্রাসা, পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ মাদ্রাসা, পশ্চিম পদুয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, চরম্বা ইউনিয়নের বাইয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাউজান ইউনিয়নের কলাউজান গৌড়সুন্দর উচ্চবিদ্যালয়, নিজতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ্ রশিদিয়া ফাজিল মাদ্রাসা, ডাক্তার এয়াকুব বজলুর রহমান উচ্চবিদ্যালয়, আদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম কলাউজান খতিবিয়া দাখিল মাদ্রাসা।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান জানান, প্রতিটি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ওপর পুলিশসহ প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে। প্রতিটি কেন্দ্রে একজন উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশসহ ২২ আনসার বাহিনীর সদস্য থাকবে। পাশাপাশি থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়, সে ব্যাপারে প্রশাসন সবরকম প্রস্তুতি নিয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে টাকা, শাড়ি, লুঙ্গি, মোবাইল সেট ও খাদ্যসামগ্রী বিতরণেরও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত চারজন চেয়ারম্যান ও ২৬ জন সদস্য পদপ্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করেছেন। সূত্র জানায়, ইতিমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কলাউজানের মাওলানা ইদ্রিস ও নূরুল আলম এবং পুটিবিলার মো. ইউনুস ও ফরিদুল আলমকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। ২৩ জুন চুনতি ইউনিয়নের ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী মো. জাফর, শহীদুল ইসলাম, মো. ছরওয়ার কামাল, নুরুল ইসলাম, নুরুল আলম, মো. মানিক, মো. সিরাজুল ইসলাম, আব্দুল মন্নান সিকদার, আব্দুল আলিম ও খালেদা বেগমকে দুই হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কলাউজান, চরম্বা ও পুটিবিলা ইউনিয়নের ১৫ সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। এর আগে ২০ জুন বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা প্রথম আলোকে জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে। আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণ করার জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও নিয়মিত চলবে।