ফার্নেস তেলে বারবার নদী ও সমুদ্রদূষণ করে পার পেয়ে যায় হাটহাজারী ও দোহাজারী পিকিং বিদ্যুৎকেন্দ্র। দূষণের জন্য পরিবেশ অধিদপ্তর এই দুটি প্রতিষ্ঠানকে সতর্ক কিংবা নির্দেশনা দিয়েই তাদের দায়িত্ব শেষ করে, জরিমানা করে না। এমনকি জরিমানা করার পরও ক্ষমা করে দেওয়ার নজির রয়েছে। অথচ একই কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয়। এদিকে দুর্ঘটনার পর সরকারি প্রতিষ্ঠান হওয়ায় রেহাই পায় রেলওয়ে কর্তৃপক্ষও।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ১০০ মেগাওয়াটের হাটহাজারী ও দোহাজারী পিকিং বিদু্যৎকেন্দ্রে তেল পরিবহনের সময় দুর্ঘটনার মাধ্যমে পরিবেশদূষণ ঘটে। দুর্ঘটনার পর তেল পরিবহনে সরকারি এসব প্রতিষ্ঠানকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তা মানা হয় না। ফলে দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
সর্বশেষ গত ১৯ জুন বোয়ালখালীর বেঙ্গুরা স্টেশন পার হওয়ার পর ফার্নেস তেলবাহী একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে। ওই দুর্ঘটনায় তিনটি ওয়াগন খালে পড়ে যায়। এতে অন্তত ৭০ হাজার লিটার তেল ছড়িয়ে পড়ে কর্ণফুলী, হালদা ও আশপাশের এলাকায়। এরপর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এই ঘটনার জন্য রেলওয়ে কিংবা পিকিং বিদ্যুৎকেন্দ্র কর্তৃৃপক্ষকে এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি।
শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে রইসুল আলম মণ্ডল বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘দুর্ঘটনা তো দুর্ঘটনা। এতে পরিবেশের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কতটা কমানো যায় সেটাই দেখছি। এখন আমরা এলাকাটি পর্যবেক্ষণে রেখেছি।’
অথচ কর্ণফুলী দূষণের দায়ে বিভিন্ন সময় বেসরকারি কারখানাকে জরিমানা করে আসছে পরিবেশ অধিদপ্তর। সর্বশেষ গত ২০ মে বোয়ালখালীর টি কে কেমিক্যাল অ্যান্ড পেপার মিলসকে নয় লাখ টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় কর্ণফুলী দূষণের।
জানতে চাইলে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মকবুল হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে। আন্তমন্ত্রণালয়ের বিষয়ও জড়িত। তাই এ ক্ষেত্রে মাঝেমধ্যে কিছুটা নমনীয়তা হয়তো হয়। তবে তা জাতীয় স্বার্থেই।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের ৩১ জুলাই একই রকম দুর্ঘটনার পর রেলওয়ে এবং পিকিং বিদ্যুৎকেন্দ্র কর্তৃৃপক্ষের পরিবেশ অধিদপ্তরে তলব করে সতর্ক করেছিল। পাশাপাশি ফার্নেস তেল পরিবহনের আগে রেললাইন ও সেতু মেরামত এবং সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তখন কালুরঘাট এলাকায় দুর্ঘটনার পর ৬০ হাজার লিটার তেল গিয়ে পড়েছিল কর্ণফুলীতে।
এরপর ২০১৪ সালের ৯ জুলাই ফৌজদারহাট এলাকায় ফার্নেস তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর প্রায় ৫০ হাজার লিটার তেলের দূষণ ঘটেছিল। তেল খাল হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। তখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
ক্ষমা পাওয়ার ঘটনা শুধু এই তিনটি নয়। এর আগে ২০১২ সালে ফার্নেস তেল ফেলে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীদূষণের দায়ে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রকে ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। তখন ১ হাজার ৬০০ লিটার তেল ফেলেছিল সরকারি এই প্রতিষ্ঠানটি। তবে পরিবেশ মন্ত্রণালয়ের দয়ায় তারা ক্ষমা পেয়ে যায়। ফলে জরিমানা দিতে হয়নি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্র লাল (অতি দূষণ) শ্রেণিভুক্ত প্রতিষ্ঠান। পরিবহন ও তেল খালাসের সময় আশপাশের নদী-খালের পরিবেশ দূষিত করে।
চট্টগ্রাম পরিবেশ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) মো. বদরুল আলা বলেন, ‘অপরাধ অপরাধই। সরকারি বেসরকারি সবার জন্য আইন সমান। দূষণের পর যদি কাউকে ছাড় দেওয়া হয় তাহলে অন্যরা উৎসাহিত হবে।’