
আমি তখন স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ি। সায়েন্স লাইব্রেরিতে যেতাম। মাঝেমধ্যেই বই ধার করে রুমে নিয়ে পড়ার অভ্যাস। একবার বই ফেরত দিতে নির্দিষ্ট দিন থেকেও এক সপ্তাহ দেরি হলো। লাইব্রেরিতে বই ফেরত দিতে গেলাম। কিন্তু লাইব্রেরিয়ান জানালেন, বই সময়মতো জমা না দেওয়ার কারণে জরিমানা হয়েছে। তিনি আমাকে একটি জরিমানার রসিদ ধরিয়ে দিলেন। সেটায় লেখা ছিল ‘জরিমানা ৫০ পয়সা’।
বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হয়। জনতা ব্যাংকে গেলাম। এক বড় ভাইয়ের কাছে জানলাম, জরিমানার টাকা জমা দিতে হলে সাদা একটি ফরম পূরণ করতে হবে। ব্যাংক থেকে ফরম নিয়ে পূরণ করে কাউন্টারে জমা দিলাম।
কাউন্টারের ভদ্রমহিলা ফরম দেখে অবাক হয়ে বললেন, ‘জরিমানা ৫০ পয়সা আর আপনি যে ফরম পূরণ করেছেন তার দামই তো দুই টাকা।’ যাই হোক, ৫০ পয়সা জরিমানা দেওয়ার জন্য এক টাকার একটা নোট দিলাম। মুশকিল হলো, সেটার খুচরা দুই পক্ষের কারও কাছেই নেই। একে তো জরিমানা, সেই সঙ্গে যোগ হলো খুচরা ৫০ পয়সা নিয়ে বিড়ম্বনা! সব মিলিয়ে রাগও হচ্ছিল, হাসিও পাচ্ছিল।
রোকনুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়।