জরুরি চিকিৎসার অভাব জরুরি বিভাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ছিল বিশ্ব স্বাস্থ্যদিবস। এ উপলক্ষে নগরের কয়েকটি হাসপাতাল ঘুরে তৈরি করা হয়েছে বিশেষ প্রতিবেদন। এতে হাসপাতালগুলোর নানা সুযোগ-সুবিধার পাশাপাশি উঠে এসেছে সমস্যা ও রোগীদের দুর্ভোগের চিত্রওমহি উদ্দিন কাদের‘অসুস্থ বা আহত রোগী নিয়ে স্বজনেরা দ্রুত ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। কিন্তু এসে হতাশ হন রোগীর যন্ত্রণা ও মৃত্যুর সঙ্গে লড়াইয়ের সময় চিকিত্সকের সাড়া না পেয়ে।’এভাবেই গত রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ করেন বাকলিয়া থেকে আসা মো. বখতিয়ার। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বখতিয়ারের মা রাবেয়া খাতুন (৭০)। সাড়ে তিনটায় জরুরি বিভাগে আনার পর থেকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগের সামনে একটি ট্রলিতে পড়ে ছিলেন তিনি। শরীরের কয়েকটি ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। স্বজনেরা ছোটাছুটি করছেন চিকিত্সকের কক্ষে। কিন্তু সাড়া মিলছে না জরুরি বিভাগের কর্তব্যরত জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তার। ক্যাজুয়ালিটি ইউনিটে তাঁর চিকিৎসা শুরু হয় ২২ মিনিট পর তিনটা ৫২ মিনিটে। বখতিয়ার বলেন, ‘এই ২২ মিনিটে ঝরে যেতে পারত আমাদের মায়ের জীবন।’ রোগী ভর্তি নিবন্ধক (রেজিস্ট্রার) সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী আসেন এখানে। গড়ে ১৫০ জন জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বাকি সাড়ে তিন শ রোগী ভর্তি করা হয় বিভিন্ন ওয়ার্ডে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ভর্তি প্রক্রিয়া, চিকিত্সক-স্বল্পতা ও চিকিত্সকদের উদাসীনতার কারণে বেশির ভাগ রোগীই প্রয়োজনমতো তাত্ক্ষণিক চিকিৎসাসেবা পান না। রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন রোগী। অনেকের চিকিৎসা পেতে দেরি হয়েছে পাঁচ মিনিট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। ওইদিন রাত আটটা পর্যন্ত মোট রোগী ভর্তি হয় ৪৮৫ জন। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান ১৭৫ জন। বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া বাকি ৩১০ জনের কেউ কেউ চিকিৎসা পাননি পরদিন সকাল নয়টা পর্যন্ত। অনুসন্ধানে কারণ হিসেবে দেখা যায়, রাতে কোনো কোনো ওয়ার্ডে চিকিত্সকের অনুপস্থিতি ও দায়িত্বের সমন্বয় না থাকা এবং অবহেলা। রোববার বিকেল চারটা ৩৮ মিনিটে মেডিকেল পৌঁছেন হূদরোগে আক্রান্ত সীতাকুণ্ডের আনোয়ারা বেগম। তাঁকে ভর্তি করে ১২ নম্বর ওয়ার্ডে হূদরোগ বিভাগে নিয়ে আসেন বহির্বিভাগের কর্মচারীরা। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয় ৩৫ মিনিট পর বিকেল পাঁচটা ১৩ মিনিটে। দেরি হওয়ার সদুত্তর পাওয়া যায়নি ভর্তি নিবন্ধক ও দায়িত্ব পালনকারী কর্মচারীদের কাছে। ৯ নম্বর ওয়ার্ডের শিশুস্বাস্থ্য বিভাগ (২) এর ৩৯ নম্বর শয্যায় আছে দুই শিশু। রাকিব হাসান (৩) ও ফোরকান উদ্দিন (দুই মাস নয় দিন)। রাকিবের মামা ইসতিয়াক জানান, ‘গত ২৭ মার্চ ভর্তির পর থেকে ভাগিনার প্রচণ্ড শ্বাসকষ্টের সময় ছয়-সাতবার খোঁজ করেও চিকিত্সকের দেখা পাইনি।’ এ ওয়ার্ডে রোববার রাত ১২টা ১৯ মিনিটে একজন শিক্ষানবিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ফোরকানের মা সাজু আক্তার জানান, ‘শনিবার রাত ১১টার পর কোনো চিকিত্সক দায়িত্ব পালন করেননি। সারারাত বসে বা দাঁড়িয়ে কাটাতে হয়েছে। তবু আছি চিকিত্সক পাওয়ার আশায়।’মস্তিষ্কের পক্ষাঘাতে (ব্রেন স্ট্রোক) আক্রান্ত হয়ে ২৯ মার্চ রাত ১০টায় ২৮ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগে ভর্তি হন সুবোধ দাশগুপ্ত। তাঁর ছেলে রাজিব দাশগুপ্ত জানান, ‘ওয়ার্ডে চিকিত্সক না থাকায় আমার বাবা চিকিৎসা পান পরদিন সকাল নয়টায়। এ ওয়ার্ডের ৪ নম্বর শয্যার রোগী ভোলার কামাল উদ্দিনেরও অভিযোগ, দুপুর ১২টায় ভর্তি হয়ে চিকিৎসা পাচ্ছেন না রাত ১০টায়ও। অভিযোগ দায়িত্বরত শিক্ষানবিশকে জানালে তিনি তেড়ে এসে অভিযোগকারীকে খুঁজতে থাকেন। তবে নাম প্রকাশ না করে ওই চিকিত্সক বলেন, ‘রোগীরা কোনো দিন সত্য কথা বলেন না।’ রাত ১২টা ১৫ মিনিটে ৩৪ নম্বর প্রসবোত্তর পরিচর্যা ওয়ার্ডে দেখা গেল, কোনো চিকিত্সক নেই। জ্যেষ্ঠ সেবিকা রিনা বিশ্বাস জানান, ‘রাত ১০-১১টার পর কোনো চিকিত্সক থাকেন না। রোগীর বেশি অসুবিধা হলে পাশের ৩৩ নম্বর ওয়ার্ডে নিয়ে যাই বা সেখান থেকে চিকিত্সক ডেকে আনি।’ তবে সোমবার সকাল আটটা ৪৫ মিনিটে দুজন চিকিত্সককে ওই ওয়ার্ডে কাজে যোগ দিতে দেখা যায়।মেডিসিন (১) ১৩ নম্বর ওয়ার্ডে সোমবার সকাল সাতটায় চিকিত্সকের সন্ধান করলে মুসলেহ উদ্দিন নামে এক কর্মচারী জানান, ‘চিকিত্সক হয়তো নাশতা করতে গেছেন। সকাল আটটা থেকে সাড়ে আটটায় সার্জারি ইউনিট-১ এর প্রহরী অভিষেক ও অর্থোপেডিক সার্জারি ইউনিট (১ ও ২) এর প্রহরী জাহাঙ্গীর আলমের কাছে ওয়ার্ডের চিকিত্সকের সন্ধান করলে তাঁরা জানান, ‘আমরা সকাল সাড়ে সাতটায় এসে তাঁদের দেখিনি। তবে নয়টায় নতুন পালার চিকিত্সক আসবেন।’সোমবার ভোর চারটায় ৩৩ নম্বর ওয়ার্ডের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগে লক্ষ্মী ধরকে ভর্তি করে সংকটে পড়েন স্বামী সন্দ্বীপ ধর। তিনি বলেন, ‘চিকিত্সক না থাকায় সকাল নয়টায়ও চিকিৎসা শুরু হচ্ছে না। আবার চিকিত্সক না থাকায় অন্য হাসপাতালে নেওয়ার জন্য ছাড়পত্রও পাচ্ছি না। সকাল নয়টায় কাজে যোগ দেন তিনজন চিকিত্সক। তাঁরা জানান, ‘ওয়ার্ডে দিনে ১০০ রোগী ভর্তি হন। একেক রোগী একেক কথা বলেন। তবে ডাকলে চিকিত্সক আসেন না—এ কথা ঠিক নয়।’ জরুরি বিভাগের দায়িত্বরত জ্যেষ্ঠ চিকিত্সক শওকত আলী সোমবার সকালে জানান, ‘গতরাতে আমি একাই দায়িত্ব পালন করেছি। অবস্থা বুঝে জরুরি রোগীদের আগে চিকিৎসা দিই বা ভর্তি করে ওয়ার্ডে পাঠিয়ে দিই। তবে চিকিত্সক বেশি থাকলে একই সময়ে আসা একাধিক রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো।’