জল উৎসবে আনন্দের জোয়ার

সুসজ্জিত তোরণ দিয়ে ঢুকলেই শামিয়ানায় ঢাকা মাঠ। সেখানে নানা বয়সের কয়েক হাজার মানুষের উৎসবমুখর উপস্থিতি। মাঠের মাঝখানে দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একদল তরুণ-তরুণী। সামনে রাখা গামলা থেকে তাঁরা পরস্পরের দিকে পানি ছিটানো শুরু করতেই আয়োজনে শামিল হন বাকি সবাই। পানির বোতল কিংবা ওয়াটার গান—হাতের কাছে যা পেয়েছেন, তাই দিয়ে ভিজিয়েছেন একে অপরকে।
১৬ এপ্রিল রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় মাঠে মারমা আদিবাসীদের জল উৎসবে উদ্যাপিত হলো এমনই আনন্দ মুখর পরিবেশে। উৎসবে যোগ দিয়েছিলেন পাহাড়ি–বাঙালিসহ নানা সম্প্রদায়ের মানুষজন। রাঙামাটির মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস) বর্ষবিদায় ও বরণ উপলক্ষে এ জল উৎসবের আয়োজন করে। কেবল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নয়, সাংগ্রাই উপলক্ষে জল উৎসব অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন মারমা পল্লিতে।
১৬ এপ্রিল বেলা ১১টায় বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, সব বয়সের মানুষজন যোগ দিয়েছেন প্রাণের এই উৎসবে। নিজে িভজেছেন, ভিজিয়েছেন অন্যদেরও। স্থানীয় দুই তরুণ সাচিং প্রু ও চহ্লা খই মারমার পানি ছিটানোর মাধ্যমে জল উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দুই তরুণ প্রথমে তরুণীদের দিকে পানি ছিটান। তরুণীরাও তাঁদের দিকে পানি ছিটিয়ে এর জবাব দেন। মুহূর্তে উৎসব প্রাঙ্গণে শুরু হয় মৈত্রী জল বর্ষণ।
এর আগের দিন ১৫ এপ্রিল কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধবিহার মাঠে আনুষ্ঠানিকভাবে জল উৎসবের উদ্বোধন করেন বোমাং সার্কেলের রাজার প্রতিনিধি চহ্লা প্রু জিমি। তিনি বলেন, জল উৎসব একসময় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এখন নতুন রূপে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে এই উৎসব আয়োজিত হচ্ছে। মৈত্রী জলবর্ষণের মাধ্যমে মারমা সম্প্রদায় পুরোনো বছরের দুঃখ-গ্লানি, ব্যর্থতা মুছে নতুন বছরে নতুন উদ্যমে জীবন শুরু করেন বলে তিনি জানান।
বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জল উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং। তিনি বলেন, জল উৎসব সাম্য-মৈত্রী, ঐক্যের প্রতীক।
মাসাসের প্রধান উপদেষ্টা ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা বলেন, জল উৎসব এখন সর্বজনীন উৎসবের রূপ লাভ করেছে। শুধু মারমা সম্প্রদায় নয়, সব আদিবাসী সম্প্রদায় এবং বাঙালিরাও উৎসবে যোগ দেন।