জল-কাদায় একাকার শ্রেণীকক্ষ ভিজে যায় বই-খাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশের জন্য পেতে দেওয়া হয়েছে বেঞ্চ। বৃষ্টি হলে তো বটেই, না হলেও বর্ষায় ওভাবেই শ্রেণীকক্ষে ঢুকতে হয় তাদের। জল-কাদায় একাকার মেঝেতে টুল পেতে বসে চলে পড়াশোনা। বৃষ্টি এলে মাথার ওপর ফুটো টিনের চাল দিয়ে পানি পড়ে।হাটহাজারীর দক্ষিণ-পূর্ব মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বিদ্যালয়ের মাঠ শ্রেণীকক্ষের চেয়ে কিছুটা উঁচু হওয়ায় বৃষ্টির পানি জমে যায় বারান্দায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাও নেই। ফুটো হয়ে গেছে তিনটি শ্রেণীকক্ষের টিন। বৃষ্টি এলে ওই ফুটো অংশ দিয়ে শ্রেণীকক্ষেও পানি পড়ে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।সম্প্রতি সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি চোখে পড়ে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের এই সমস্যা দীর্ঘদিনের বলে জানান। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রেশমি আকতার, ইশাত মণিও মেহের মাহফুজ রূপা বলে, ‘বেঞ্চের ওপর দিয়ে হেঁটে শ্রেণীকক্ষে ঢোকার সময় ভয় লাগে। বৃষ্টি পড়লে আমাদের বই-খাতা ভিজে যায়। মাঠেও খেলতে পারি না।’ প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, ‘বিদ্যালয়ের বারান্দা পরিণত হয়েছে খালে। অনেক সময় বেঞ্চ থেকে বাচ্চারা পড়ে গিয়ে আহত হয়।’বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ইউসুফ সিকদার প্রথম আলোকে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে এ বিদ্যালয়ের করুণ অবস্থা তুলে ধরেছি। কিন্তু সমস্যা সমাধানে কেউ উদ্যোগ নেননি।’ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুব্রত ধর প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিদ্যালয়ের সমস্যার ব্যাপারে অবহিত। বিদ্যমান টিনশেড ভবনটি সংস্কার করে লাভ হবে না। নতুন ভবন তৈরির উদ্যোগ নিতে হবে। আপাতত সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে চারজন শিক্ষক ও ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।