আমি তখন অনেক ছোট। প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমাদের বাড়িতে একটা ঘর তোলার জন্য তিনজন কাঠমিস্ত্রি কাজ করছেন তখন। আর আমাদের কাজের লোক একজন। একদিন মিস্ত্রি, কাজের লোক, আমিসহ মোট পাঁচজনের জন্য মা সকালের খাবারের আয়োজন করেছেন। বড় গামলায় ভাত আর ছোট আরেকটা গামলায় ঘোলাটে পানির মতো কী যেন! মিস্ত্রিরা হাতমুখ ধুতে গেছে আর মা গেছেন তরকারি আনতে। খাওয়ার আগে হাত ধুতে হবে। আমি ওই গামলার ঘোলাটে পানিতেই হাত ধুয়ে নিলাম। অন্যদিন এক গ্লাস পানি লাগলেও সেদিন কেন যেন দুই গ্লাস লাগল।
সবাই বসে খাওয়া শুরু করেছে। হঠাৎ দেখি, মা গামলাটাতে চামচ দিয়ে ঘোলা পানি নেড়েচেড়ে একজনের প্লেটে তুলে দিলেন! ঘোলা পানি তুলে দিতে দিতে বললেন, ‘ডালটা কেমন যেন পাতলা হয়ে গেল, বুঝলাম না!’
আমি আপত্তি করতে গিয়েও থেমে গেলাম। কিছুক্ষণ পর মা আমার পাতে সেই ঘোলা পানি অথবা ডাল তুলে দিতে দিতে বললেন, ‘ডাল নিচ্ছিস না কেন?’ আমি প্লেট সরিয়ে বললাম, ‘ওসব ডাল আমি খাই না!’