জলকণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ মেলে নিজেকে আবিষ্কার করলাম ছোট-বড় অজস্র জলকণার মাঝে। আমি খুবই ছোট এক জলকণা। একটু বড় জলকণারা বলাবলি করছে, আমাদের নাম নাকি মেঘ। কিছুক্ষণ পরই আমরা ঝরে পড়ব। তখন নাম হবে বৃষ্টি। বাতাসের লম্বা পথ পাড়ি দিয়ে পড়ব। তারপর হয়তো তপ্ত মাটির বুকে নিঃশেষ হয়ে যাওয়া। নয়তো কোনো জলাশয়ের অসীম জলের মাঝে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। এতটুকু জীবন মাত্র!মন খারাপ হয় আমার। মনে পড়ে যায় আগের কথা। আমি ছিলাম সদ্য নয় পেরিয়ে ১০ বছরে পড়া এক তরুণ। আকাশে মেঘের অবাধ ওড়াউড়ি দেখে আমারও মেঘ হতে ইচ্ছা করত। তাই স্রষ্টাকে প্রতিদিন বলতাম, আমাকে মেঘ বানিয়ে দাও। মেঘ হয়ে উড়ে উড়ে বিনা খরচায় দেশ-দেশান্তর ঘুরব। স্রষ্টা আমার কথা শুনেছেন। আমাকে মেঘ বানিয়ে দিয়েছেন। ওহ্! কী মজা! হঠাৎ ঝরঝর করে বড় জলকণারা পড়তে শুরু করল। ভয়ে শিউরে উঠলাম। আমিও বুঝি পড়ে যাব। কিন্তু খুব ছোট হওয়ায় বোধ হয় আমি পড়লাম না। অন্য ছোট জলকণাদের সঙ্গে বাতাসের তোড়ে এগিয়ে চললাম। গ্রামের পর গ্রাম পার হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি গাছপালায় ঘেরা কৃষকের ছোট্ট আঙিনা, ধবধবে উঠোন, কালো মেঘ দেখে শঙ্কিত কিষান-বউয়ের ছোটাছুটি, ছোট পুকুর। গ্রামের পর সুবিশাল বৃষ্টিস্নাত ধানখেত, জলা মাঠ, ভেজা বকের ঝাঁক, জবুথবু কদম বন। এসবের পরে শহর। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে অসংখ্য দালান। ফাঁকে ফাঁকে কালো পিচের রাস্তা। বৃষ্টি উপেক্ষা করে মানুষ আর গাড়ির ছোটাছুটি। শহরের আকাশটা যেন কেমন। দম আটকে আসে। তাড়াতাড়ি পার হয়ে যাই বাতাসের ধাক্কায়। তারপর আবার গ্রাম। গাছপালার আড়ালে শুয়ে থাকা লাজুক মেঠোপথ, বর্ষায় যৌবন পেয়ে জেগে ওঠা সংকীর্ণ নদী, মাছ শিকারে মগ্ন মূর্তির মতো বর্ণিল মাছরাঙা। বিল-ঝিলে কচুরির ফাঁকে ফাঁকে হাঁসের উচ্ছল সাঁতার। ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভিজে ছোট শিশুদের কাদা মাখামাখি। আমি উড়ি আর উড়ি। একের পর এক ছবির মতো দৃশ্য আসতে থাকে চোখের সামনে। এতক্ষণ খেয়ালই করিনি। আমি তো সেই ছোট্টটি নেই! বেশ বড় ও ভারী হয়ে উঠেছি। হঠাৎ নিচে নামতে শুরু করলাম। এ কী! আমি কি তাহলে পড়ে যাচ্ছি? খুব ভয় পেয়ে ছটফট করে উঠলাম। হঠাৎ কপালে কারও হাতের কোমল পরশ পেয়ে চোখ মেলে তাকালাম। মা হাসিমুখে দাঁড়িয়ে আমার পাশে। ‘ওঠ, আর কত ঘুমোবি?’ চুলে বিলি কেটে দিয়ে বললেন তিনি। চোখ দুটো রগড়ে বিছানায় উঠে বসলাম। খোলা জানালাটা দিয়ে বাইরে তাকালাম। বাহ্! আজ সকালবেলাতেই কী সুন্দর বৃষ্টি নেমেছে!অরুণ কান্তি পালসরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।