জলকেলিতে জমল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংগ্রাই জল উৎসবকে ঘিরে আনন্দমুখর ছিল কাপ্তাই। আদিবাসী বিভিন্ন সমপ্রদায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈসাবি উদ্যাপন করে। বৈসাবির সবচেয়ে বড় উৎসব বসে চিৎমরম বৌদ্ধবিহার মাঠে। জল উৎসব, বাঁশের ওপরে ওঠার প্রতিযোগিতা, একে অপরের গায়ে পানি ছিটানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা মঞ্চায়ন, বিভিন্ন দেশীয় খেলা এবং অতিথি আপ্যায়ন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। মারমা তরুণীরা অতিথিদের ফুলের তোড়া উপহার দিয়ে বৈসাবির শুভেচ্ছা জানান।চিৎমরম বৌদ্ধবিহার মাঠে বৈসাবি উৎসবের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন মারমা ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক কংজাই মারমা। উপস্থিত ছিলেন ৪ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অধিনায়ক লে. কর্নেল আখতার শহীদ, সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল ইসলাম, ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফ, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, কর্ণফুলী কাগজ কলের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান চৌধুরী। চিৎমরম মাঠে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এই উৎসব ঘিরে যেভাবে আদিবাসী এবং বাঙালিদের সমাবেশ ঘটেছে, তা আশাব্যঞ্জক। এভাবে বিভিন্ন পালা-পার্বণের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও সৌহার্দ্যমূলক হয়ে উঠবে।’ পরে মন্ত্রী উপস্থিত তরুণ-তরুণীদের গায়ে পানি ছিটিয়ে জল উৎসবের সূচনা করেন। বৈসাবি উপলক্ষে চিৎমরমে তিন দিনব্যাপী চৈত্রসংক্রান্তির মেলা বসে। নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা পছন্দের সামগ্রী কিনে নেন মেলা থেকে। এ ছাড়াও চিৎমরম মাঠে মারমা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রা মঞ্চায়ন করা হয়। বিপুলসংখ্যক নারী-পুরুষ রাত জেগে এসব অনুষ্ঠান উপভোগ করেন।এ ছাড়া বাংলা বর্ষবরণকে ঘিরে কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১৭ ইস্ট বেঙ্গল, শহীদ মোয়াজ্জেম নৌ-ঘাঁটি, কাপ্তাই উপজেলা প্রশাসন, প্রথম আলো কাপ্তাই বন্ধুসভা, কাপ্তাই ইয়ুথ ফোরাম, চম্পাকুঁড়ি খেলাঘর আসর, ৫ আনসার ব্যাটালিয়ন এবং চন্দ্রঘোনা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, গ্রামীণ বিভিন্ন খেলাধুলা, পান্তা-ইলিশ, খই-মুড়ি-চিঁড়া পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজন করা হয়।