জলকেলির মধ্য দিয়ে নববর্ষ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে অপরের দিকে জল ছোড়েন তরুণ-তরুণীরা। ছবি: সৌরভ দাশ
একে অপরের দিকে জল ছোড়েন তরুণ-তরুণীরা। ছবি: সৌরভ দাশ

পুরোনো পাপ, জরাজীর্ণ, কালিমা মুছে পুণ্যস্নানে নতুন বছরকে আবাহন জানালেন চট্টগ্রামে বসবাসরত রাখাইন তরুণ-তরুণীরা। নববর্ষ সামনে রেখে আজ সোমবার বিকেলে নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বুদ্ধস্নান ও জলকেলি উৎসবের আয়োজন করে।

রাখাইন নববর্ষ ও মহা সাংগ্রাই ১৩৭৮-কে বরণ করতে আয়োজিত এ উৎসবে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ড্রাম থেকে জল নিয়ে তরুণ-তরুণীরা পরস্পরের দিকে ছুড়ে মারেন। পুরোনো বছরের পাপ ও কালিমা মোচনের লক্ষ্যেই এই জলকেলি করা হয় বলে জানান আয়োজকেরা।
জলকেলির আগে বেলা সাড়ে তিনটার দিকে নবপণ্ডিত বিহারের মহাথের উপানন্দ মহাথের প্রার্থনা পরিচালনা করেন। বিভিন্ন বয়সের নারী-পুরুষ প্রার্থনায় যোগ দেন। প্রার্থনা শেষে উৎসবের পটভূমি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মং হ্লা চিং।
তিনি বলেন, ‘জলকেলির মধ্য দিয়ে প্রতিবছর আমরা নববর্ষ আবাহন করি। এতে করে আমাদের সব দুঃখ-কষ্ট, দীনতা ও জরাজীর্ণ ভুলে যাব। নতুন একটি সুন্দর আগামীর প্রত্যাশা এবং বিশ্বশান্তি কামনা করা হয় আমাদের এই জলকেলি বা সাংগ্রাই উৎসবের মাধ্যমে।’
পরে সমবেত নর-নারীরা বুদ্ধস্নানে অংশ নেন। এরপর তরুণ-তরুণীরা নেমে পড়েন জলকেলিতে। তরুণ দলের জল ছোড়ার জবাব ভালোভাবেই দিচ্ছিলেন তরুণীরা। এভাবে দুই দলই কাকভেজা। দুই দলের স্নান শেষে অপর দুটি দল এসে যোগ দেয় জলকেলিতে। এভাবে বিরামহীনভাবে চলে জলকেলি উৎসব।

পুরোনো বছরের পাপ ও কালিমা মোচনের লক্ষ্যেই এই জলকেলি করা হয় বলে জানান আয়োজকেরা। ছবি: সৌরভ দাশ
পুরোনো বছরের পাপ ও কালিমা মোচনের লক্ষ্যেই এই জলকেলি করা হয় বলে জানান আয়োজকেরা। ছবি: সৌরভ দাশ

উৎসবে অংশ নেওয়া তরুণ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক উওয়ান নাইন বলেন, ‘পুরোনো বছরের সব জরাজীর্ণ মুছে নতুন বছরকে বরণ করতে আমরা এই সাংগ্রাই উৎসব করি। প্রার্থনা, বুদ্ধস্নান ও জলকেলি উৎসবের অংশ। নিজেদের পাপ ও কালিমা মুক্তি ঘটে এই জলকেলির মধ্য দিয়ে।’
আয়োজকেরা জানান, নববর্ষের মূল আয়োজন হবে ১২ এপ্রিল (মঙ্গলবার) থেকে নিজ নিজ এলাকায়। চট্টগ্রামে বসবাসরত রাখাইন শিক্ষার্থী ও বাসিন্দারা নববর্ষ উপলক্ষে নিজ নিজ বাড়ি ফিরে যাবেন বলেই আগেভাগে চট্টগ্রামে এ আয়োজন করা হয়।