জলছিটানোর উৎসবে খুশির বন্যা
আনন্দমুখর পরিবেশে পরস্পরের গায়ে জল ছিটিয়ে সাংগ্রাই উৎসব পালন করলেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার আদিবাসী মারমা সম্প্রদায়ের লোকজন।রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ১৭ এপ্রিল অনুষ্ঠিত জল উৎসবে অংশ নিয়েছিল ১১ আদিবাসী সম্প্রদায়ের হাজারখানেক মানুষ। প্রত্যেক আদিবাসী শিল্পী নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী নাচ ও গান পরিবেশন করেন। আনন্দমুখর সাংগ্রাই জল উৎসবে হাজির হয়েছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ সুধীজনেরা।উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ, ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল ইসলাম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন মারমা এবং নারানগিরি মৌজার হেডম্যান উচিং থোয়াই চৌধুরী। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গগনু মারমা।সাংগ্রাই উৎসবে মারমা, চাকমা, ত্রিপুরা, খিয়াং, বম, লুসাই, চাক, তংচংঙ্গ্যা, পাংখো, গাড়ো, সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মঞ্চে যখন গান, নাচ চলছিল তখন তরুণ-তরুণীরা নেচে গেয়ে একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ উৎসব করেছেন।এবারের সাংগ্রাই উৎসব অন্য বছরগুলোর তুলনায় অনেক ভালো হয়েছে বলে জানান বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা মেম্বার জাইমা চিং মারমা এবং বাঙ্গালহালিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রিপা মারমা।