জলদস্যু আতঙ্কে ঘুম নেই ১ লাখ উপকূলবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের উপকূলীয় ছয়টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ জলদস্যু আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ, বারবার জলদস্যুরা হানা দিয়ে লুটে নিচ্ছে গরু, মহিষ, জেলেদের জাল, নৌকা। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে পাহারা দিয়েও রক্ষা করা যাচ্ছে না শেষ সম্বলটুকু।সর্বশেষ ১৪ মার্চ রাতে জলদস্যুরা লুট করে নিয়ে গেছে দরিদ্র খামারিদের ৮০টি মহিষ, যার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।এ চিত্র মিরসরাইয়ের ৩০ কিলোমিটার বঙ্গোপসাগর উপকূলের অসহায় জনগোষ্ঠীর। তাদের দাবি, উপকূলের নিরাপত্তার জন্য কোস্টগার্ড ও একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হোক। উপকূলীয় সাহেরখালী ইউনিয়নে একটি কোস্টগার্ড ক্যাম্প স্থাপনের এক বছরের মাথায় গত জানুয়ারি মাসে সেটি তুলে নেওয়ায় লুটের ঘটনা বেড়েছে।উপকূলবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকে ১৪ মার্চ পর্যন্ত উপকূলের ইছাখালী, ওসমানপুর, মিঠানালা, মঘাদিয়া, মায়ানী ও সাহেরখালী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও চরে ঘন ঘন হানা দেয় জলদস্যুরা। গত নভেম্বরে মঘাদিয়া ইউনিয়নের ১৮ জন খামারির ১২০টি মহিষ লুট করে জলদস্যুরা। জানুয়ারি মাসে ১৫ জেলেকে সাগর থেকে অপহরণ করা হয়। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে নোয়াখালীর জাহিদ্যার চর এলাকায় তাঁদের মুক্তি দেওয়া হয়। একই মাসে সাহেরখালী থেকে জেলেদের দুটি নৌকা ও ১০টি জাল লুট করে দস্যুরা। সর্বশেষ ১৪ মার্চ গভীর রাতে জলদস্যুরা ইছাখালীর নীলক্ষির চর থেকে ১৫ জন খামারির ৮০টি মহিষ লুট করে। এ ব্যাপারে খামারি নুুরুল আমিন বাদী হয়ে ১৮ মার্চ মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী নুরুল আমিন জানান, ১৪ মার্চ রাতে জলদস্যুরা তাঁর খামারের ২২টি মহিষ নিয়ে গেছে। রাত জেগে পাহারা দিয়েও তাদের প্রতিরোধ করা যাচ্ছে না। মিঠানালা গ্রামের সালেহ্ আহমদ দীর্ঘ ১৫ বছরের পরিশ্রমে গড়ে তুলেছেন একটি ছোট্ট মহিষের খামার। ১৪ মার্চ রাতে তাঁর খামার থেকেও জলদস্যুরা ছয়টি মহিষ নিয়ে গেছে। তিনি জানান, মহিষের দুধ বিক্রি করে তাঁর সংসার চলত।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান জানান, যোগাযোগব্যবস্থা, জনবলের অপ্রতুলতা, বর্তমানে দেশের পরিস্থিতির কারণে দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। তিনি মহিষ লুটের ব্যাপারে থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ‘জড়িত ব্যক্তিদের ধরতে সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠানো হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন উপজেলার উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, ‘উপকূলকে নিরাপত্তা দিতে একটি কোস্টগার্ড ক্যাম্প স্থাপন করা খুবই প্রয়োজন।’