সাগরে জেলেদের নিরাপত্তা ও জলদস্যুদের গ্রেপ্তারের দাবিতে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মৎস্য ব্যবসায়ীরা। শহরের পাইকারি মাছ বিক্রির প্রধান বাজার ফিশারিঘাট থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, ব্যবসায়ী আবদুল্লাহ আল মাসুদ, জানে আলম, মনির উদ্দিন, রিদুয়ান আলী, সোহেল রানা প্রমুখ।সমাবেশে বক্তারা জলদস্যু বাহিনীর প্রধান জাম্বুকে আটক করায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, অন্য জলদস্যুদের গ্রেপ্তার করা না হলে সাগরে জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন বলেন, জেলার কুতুবদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাগরে অন্তত ২০টি জলদস্যু বাহিনীর চার শতাধিক সদস্যের তাণ্ডব চলছে। দস্যুদের গ্রেপ্তার দাবিতে জেলা ফিশিং বোট মালিক সমিতি ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রেরণ করে। কিন্তু ফল পাওয়া যাচ্ছে না।