জলদস্যুর কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটুংটাং আওয়াজ হলেই শুরু হয়ে যায় ছোটাছুটি। রান্না বা হাতের কাজ ফেলে ছুটে যান শোয়ারঘরে, কান পাতেন ল্যান্ডফোনটার কাছে গিয়ে। অথচ খুব ভালো করেই জানেন প্রতিদিন ফোন আসবে না, আসার কথাও নয়। তবু ফোনের কাছে ঘুরঘুর করাটা তাঁর অভ্যাস হয়ে গেছে। রাতে তো ফোনটা বুকে নিয়েই ঘুমান।মুঠোফোনের রাজত্বের দিনেও ১০ বছর ধরে ল্যান্ডফোনের সঙ্গে সখ্য ফরিদা টুন্নু চৌধুরীর। ফরিদার ছেলে মোহাম্মদ জাফর ইকবাল সমুদ্রগামী জাহাজের নাবিক। জার্মান তেলাবাহী জাহাজ (অয়েল ট্যাংকার) ম্যারিডা মারগারিটার প্রধান কর্মকর্তা। দূর সমুদ্রে যখন ছুটে চলে জাহাজ, তখন জাফর ফোন করেন, মাকে সাগরের গান শোনান। তাই তো ল্যান্ডফোনের প্রতি এত পক্ষপাত ফরিদার।৬ মে জাফর ভারত থেকে ফোন করেছিলেন মাকে। বলেছিলেন, ‘আগামীকাল আমাদের জাহাজ ছাড়বে, এবার বেলজিয়ামের দিকে যাচ্ছি আমরা। মা তুমি দোয়া করো।’মাঝখানে মাত্র তিনটি দিন। ৯ মে আবার বেজে উঠেছিল টেলিফোন। প্রতিদিনের মতো দৌড়ে গিয়ে ফোন ধরেন ফরিদা। ফোন ধরেই আর্দ্র কণ্ঠে অনুযোগ করেন ছেলেকে—‘এত দিন পর ফোন করলি বাবা?’অপর প্রান্তে ছেলের সন্ত্রস্ত গলা শোনা যায়, কোনোমতে দু-চারটা শব্দ উচ্চারণ করেন জাফর—‘ওরা আমাদের জাহাজ আক্রান্ত করেছে, চিন্তা কোরো না মা।’ নিমেষেই ওলট-পালট হয়ে যায় ফরিদার সবকিছু। অবুঝ শিশুর মতো কেঁদেকেটে বারবার একটা কথাই বলেন ছেলেকে—‘বাবা তুই চলে আয়।’কিন্তু ফরিদা জানেন না, তাঁর কোলে ফিরে আসার কোনো সুযোগ নেই জাফরের। তিনি যে হাজার মাইল দূরে জলদস্যুদের হাতে বন্দী, সেটা বলার আগেই ফোনের সংযোগ কেটে যায়। ফরিদার হাত থেকে পড়ে যায় রিসিভার। কান্নার রোল পড়ে পরিবারে, সেই কান্না আর থামে না....। দুই১০ মে। সকাল সকালই বাড়িটা শূন্য হয়ে গেল। ননদ-ননদী, শাশুড়ি কেউ নেই। শ্বশুর থাকেন ঢাকায়।শূন্য ঘরে মনটা উচাটন করছে বিবি ফাতেমার। কয়েক দিন ধরে স্বামীর কোনোই মেইল পান না। জানুয়ারির শেষে জাহাজে গেছেন। চার মাসের বেশি থাকার কথা নয়। মনকে প্রবোধ দিলেন—হয়তো স্বামী ফিরে আসছে। বিষয়টা ভাবতেই অন্যরকম এক ভালোলাগা দোলা দিয়ে যায় শরীর-মনে। ফাতেমার ভাবনায় ফিরে ফিরে আসে সেই কথাটি—মেইল যেহেতু করছে না, তাহলে ফিরে আসছে ও। মনে মনে পণ করেন—এবার এলে আঁচলে বেঁধে রাখবেন জাহাজের নাবিকটাকে, আর যেতে দেবেন না।হঠাৎ দোরঘণ্টি শুনে ঘোর ভাঙল বিবি ফাতেমার। দরজা খুলে দেখেন ডাকপিয়ন দাঁড়িয়ে দুয়ারে, হাতে একটি খাম। চিঠিটার ওপরে নিজের নাম দেখে যারপরনাই বিস্মিত ফাতেমা। মুঠোফোন-ইন্টারনেটের যুগে তাঁকে চিঠি লিখল কে? অনিচ্ছা সত্ত্বেও খুললেন খামটা—ভালো করে দেখলেন। চিঠিটা এসেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর কার্যালয়, সরকারি ভবন-১, আগ্রাবাদ থেকে। তাঁকেই উদ্দেশ করে লেখা চিঠির ভাষা পড়ে নিজেরই ভাষা হারিয়ে ফেলেন ফাতেমা। চিঠিতে লেখা হয়েছে—তাঁর স্বামী গিয়াস উদ্দিন আজম খান যে জাহাজের দ্বিতীয় প্রকৌশলী, সেই অয়েল ট্যাংকার ম্যারিডা মারগারিটা এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজের ২২ জন ক্রুর সবাই জিম্মি।আর পড়তে পারেন না ফাতেমা। শুধু গগনবিদারী একটা শব্দ বেরিয়ে আসে তাঁর মুখ দিয়ে। সেই শব্দ চারদেয়ালে প্রতিধ্বনি করে ফিরে আসে। এরপর দেয়ালে মাথা ঠোকেন তিনি। ফোন করেন শ্বশুর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক আবুল বাশারকে। শ্বশুর কিন্তু সবই জানেন, খবরটা আগের দিনই (৯ মে) জানিয়েছিল স্থানীয় শিপিং এজেন্ট মেরিন এজেন্সি সার্ভিসেস লিমিটেড। ফোনে পুত্রবধূকে সান্ত্বনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন বাশার।ছেলের বউকে কোনোমতে শান্ত করে আরেক দফা বিপদে পড়লেন আবুল বাশার। ওই দিনই ঢাকায় পৌঁছান তাঁর স্ত্রী শিরিন আকতার। স্বামীর বিধ্বস্ত চেহারা দেখে রেলস্টেশনেই জেরা শুরু করেন শিরিন। ছেলে জলদস্যুদের হাতে বন্দী—এ খবর শুনে নাওয়া-খাওয়া ছেড়ে দেন তিনি।৮ মে মুম্বাই থেকে বেলজিয়ামে যাওয়ার পথে এডেন উপসাগরে ২২ জন ক্রুসহ জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। ওই জাহাজের দুজন ক্রুর বাড়ি চট্টগ্রামে। মোহাম্মদ জাফর ইকবাল জাহাজের প্রধান কর্মকর্তা আর গিয়াস উদ্দিন আজম খান দ্বিতীয় প্রকৌশলী। ক্রুদের ১৯ জন ভারতীয়, একজন ইউক্রেনের। ৯ মে সরকারি সমুদ্র পরিবহন অধিদপ্তর, সরকারি ভবন-১, আগ্রাবাদ থেকে দুই পরিবারকে চিঠি দিয়ে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে সই করেন সরকারি শিপিং কার্যালয়ের শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়া।টেলিভিশন চ্যানেল আল-জাজিরা সংবাদ দিয়েছে, বর্তমানে সোমালিয়া উপকূলে ছয়টি জাহাজের ২০০ ক্রু জলদস্যুদের হাতে জিম্মি। জলদস্যুরা সাধারণত মুক্তিপণ আদায়ে পাহাড়ের আস্তানায় নিয়ে যায় ক্রুদের। তবে ম্যারিডা মারগারিটার ক্রুদের সেখানে নেওয়া হয়নি। জাহাজের ব্রিজে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়েছে জাফর, গিয়াসসহ ২২ জন ক্রুকে।গিয়াসের স্ত্রী বিবি ফাতেমা জানান, ‘সর্বশেষ ১১ মে আমাকে ফোন করেছিল গিয়াস। কাঁটায় কাঁটায় ৩০ সেকেন্ড কথা হয়েছে। সে বলেছে, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করো, লুকিয়ে ফোন করেছি।’ফাতেমা আরও বলেন, ‘দুই বছর আগে আমাদের বিয়ে হয়েছে। সে কখনো বলেনি, সাগরে এমন বিপদ হতে পারে।’গিয়াস উদ্দিন আজম খান ও মোহাম্মদ জাফর ইকবাল চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে পাস করে ২০০০ সালে জাহাজে যোগ দিয়েছেন। গত ১০ বছরের প্রায় অর্ধেক সময় জাহাজে কাটিয়েছেন।গিয়াস উদ্দিনের বাবা আবুল বাশার বলেন, ‘৯ মে ঘটনা জানার পর থেকে আমার পরিবারের সবাই কান্নাকাটি করছে। আমার স্ত্রী তো কারও সঙ্গে কথাই বলছে না, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। ছোট মেয়েটা কাঁদছে, কাঁদছে ছেলেটাও, তাদের ভাইয়ের জন্য। আমি ৯ দিন ছুটি নিয়ে পরিবারটাকে সামলানোর চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমার একটাই আবেদন, জিম্মিদের উদ্ধারে দ্রুত উদ্যোগ নেওয়া হোক।’অনেক চেষ্টার পর গিয়াসের মা শিরিন আকতারের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। তিনি আনমনে বলেন, ‘আমার ছেলে তো আগে ফোন করে অনেকক্ষণ কথা বলত। এখন ৫-১০ সেকেন্ড কথা বললেই ফোন কেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি, আমার সন্তান ঘোর বিপদে আছে।’জাফর ও গিয়াসের বন্ধু সিকেম পার্ল জাহাজের দ্বিতীয় প্রকৌশলী নাজমুস সাকিব বলেন, ‘২০০৯ সালের দিকে এডেন উপসাগরে জলদস্যুদের উৎপাত ছিল খুব বেশি। সে সময় আমি ওই উপসাগর অতিক্রম না করে ফিরে এসেছিলাম। কারণ ইউরোপে গেলেই ওই উপকূল অতিক্রম করতে হয়। জাফর ও গিয়াস ঝুঁকি নিয়েছেন চাকরির কথা ভেবে, দেশের কথা ভেবে। সরকারের উচিত তাঁদের জন্য কিছু করা।’জাফরের বন্ধু জ্যেষ্ঠ সহকারী জজ আলমগীর মোহাম্মদ ফারুকী বলেন, দুই জিম্মিকে উদ্ধারের দাবি জানিয়ে ইতিমধ্যে নৌপরিবহন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।সরকারি শিপিং কার্যালয় ও স্থানীয় শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে। জিম্মিদের উদ্ধারে চেষ্টা চলছে। শিপিং কার্যালয়ের একজন কর্মকর্তা ম্যারিডা মারগারিটার স্থানীয় শিপিং এজেন্টের ভারতীয় প্রিন্সিপাল ক্যাপ্টেন হুগেনের বরাত দিয়ে জানান, গত সোমবার থেকে জলদস্যুরা জাহাজের জার্মান মালিকের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাঁরা আশা করছেন, দ্রুত একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে। শিপিং এজেন্ট মেরিন এজেন্সি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ জানান, ‘আমরা খবরটা পেয়েই দ্রুত পরিবারকে জানিয়েছি। এখনো যে বার্তা পাচ্ছি, তা জানিয়ে দিচ্ছি।’গত ১২ মে জাফরের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা ফরিদা টেলিফোনের পাশে বসে আছেন। যাকে পান, তাকেই জিজ্ঞেস করেন, ‘আমার ছেলেটা ফোন করছে না কেন?’ ছেলের ছবি দেখে চোখের জল ফেলছেন।জাফরের বড় ভাই সরওয়ার জাহান বলেন, ‘জাফরকে না দেখলে মা একদিনও থাকতে পারতেন না। তাই দেখা পাবেন না জেনেও ছুটে যেতেন মেরিন একাডেমিতে। ছেলের ক্যাম্পাস দেখে ফিরে আসতেন।আঁচলে চোখ মুছে আবার কথা শুরু করেন ফরিদা, ‘যাওয়ার সময় ও আমাকে বলেছিল, এবার ওর জাহাজ যখন চট্টগ্রামে আসবে, তখন আমাকে দেখাতে নিয়ে যাবে। কীভাবে জাহাজ ছুটে চলে, জাহাজের কোথায় থাকে সে, কী খায়, কোথায় ঘুমায়—সব দেখাবে। জানি না দস্যুরা ছেলেটাকে কিছু খেতে দিচ্ছে কি না। সে ঘুমাতে পারছে কি না। আপনারা একটু লিখে দেবেন, আমার ছেলেটা বড্ড ঘুমকাতুরে। তার ঘন ঘন খিদে পায়। তার জন্য আমি কত রকম রান্না করেছি, সে যেন ফিরে আসে আমার কোলে।’