বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বাড়ায় সাগরে মাছ ধরা কমিয়ে দিয়েছেন জেলেরা। প্রতিদিন গড়ে পাঁচ-ছয়টি মাছ ধরার নৌকায় (ট্রলার) ডাকাতি হচ্ছে। ঘটছে অপহরণের ঘটনাও। জলদস্যুদের কবলে পড়ে সারা দেশের উপকূল থেকে গত এক বছরে নিখোঁজ হয়েছেন পাঁচ শয়েরও বেশি জেলে।সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতি সূত্রে এই তথ্য জানা গেছে। সমিতির সদস্যরা জানান, যে হারে জলদস্যুদের উৎপাত বাড়ছে তাতে সামুদ্রিক মাছের সরবরাহ কমে যাবে। পথে বসবে জেলে ও মাছ ব্যবসায়ীরা।সামুদ্রিক মৎস দপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক নাসির উদ্দীন মো. হুমায়ূন সাগরে জলদস্যুদের তৎপরতা বাড়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, গত অর্থবছরে সাগরে মাছ আহরণ হয়েছে ৪৮ হাজার ৯৩৩ মেট্রিক টন। জলদস্যুদের উৎপাত বাড়ায় এ বছর মাছ আহরণ আরও কমবে বলে তাঁর আশঙ্কা।জানা গেছে, সারা দেশে ৪০ হাজারের মতো মাছ ধরার নৌকা রয়েছে। তার মধ্যে সাত হাজার নিবন্ধিত। নগরের ফিশারি ঘাট এলাকার মাঝিরা জানান, জলদস্যুরা এখন ট্রলার আটক করে লুটপাট ও মারধর করার পর মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ আদায়ের পরও অনেক মাঝিমাল্লাকে হত্যা করেন তাঁরা।সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১১ মাসে বঙ্গোপসাগরে দুই শতাধিক জলদস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে এখনো নিখোঁজ রয়েছে পাঁচ শতাধিক জেলে, মাঝিমাল্লা। এ কারণে সাগরে জেলেরা মাছ ধরতে যাওয়া কমিয়ে দিয়েছেন।বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমিনুল হক সরকার বলেন, বঙ্গোপসাগরে জলদস্যুর উৎপাত বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ১৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়েছেন তাঁরা। তাঁরা মাঝিমাল্লাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।জানা গেছে, জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ট্রলার মালিকেরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দস্যুর কবলে পড়া নৌযানের তালিকা ও জলদস্যু বাহিনীর নাম দেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের মহাপরিচালককে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর আগেও গত বছরের ১৫ মার্চ মালিক সমিতি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছিল। কিন্তু তার পরও বন্ধ হয়নি দস্যুতা।সূত্র জানায়, জলদস্যুরা বঙ্গোপসাগরে ১৫ থেকে ২০টি জায়গায় ভয়ংকর তৎপরতা চালায়। এসবের মধ্যে রয়েছে—সুন্দরবন রেঞ্জ-সংলগ্ন ফেয়ার ওয়েবার, মহিপুর, রাঙাবালির চর, দুবলারচর, ডালারচর, বরিশালের চর কুকরি-মুকরি, হাতিয়ার নিঝুম দ্বীপ, সোনাদিয়া, সন্দ্বীপের দক্ষিণ-পশ্চিম এলাকা, কুতুবদিয়া উত্তর পশ্চিম এলাকা ইত্যাদি।মাছ ধরার নৌকা মালিকেরা জানান, জলদস্যুরা ৫ ডিসেম্বর নিঝুম দ্বীপ এলাকায় এফ বি আল মদিনা নামে একটি ট্রলারে হানা দেয়। এ সময় তারা ট্রলার থেকে মাছ লুট করার পাশাপাশি অপহরণ করে নিয়ে যায় ১২ জন মাঝিমাল্লাকেও। পরে হাতিয়ার সোনাদিয়া উপজেলার চেয়ারম্যানের মাধ্যমে জলদস্যুদের দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে এঁদের ছাড়িয়ে আনেন নৌকার (ট্রলার) মালিক জলিল মাঝি।একইভাবে জলদস্যুরা গত ৫ নভেম্বর মহিপুর থেকে এফবি রিয়াল ওবাইদুল হক নামের একটি নৌকার ১০ জন মাঝিমাল্লাসহ অপহরণ করে নিয়ে যায় সুন্দরবনে। তারা নৌকার মালিক আবদুল হকের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহূত মাঝিমাল্লাদের ভাগ্যে কী ঘটেছে এখনো জানা যায়নি।ভুক্তভোগীরা জানান, কুতুবদিয়ায় রমিজ বাহিনী, বাঁশখালীর রবি বাহিনী, সোনাদিয়ার নাস্ত মেম্বার, মহেশখালীর সবুর বাহিনী, সুন্দরবন এলাকায় রাজু, মোতালেব ও জুলফিকার বাহিনী, হাতিয়ায় মিস্টিয়া, মংলার বুলবুল বাহিনী, নোয়াখালীর ইদ্রিচ টাইগার বাহিনীসহ আরও ১০ থেকে ১২টি দল সাগরে দস্যুতার সঙ্গে যুক্ত। এসব বাহিনীর প্রায় দুই শতাধিক সদস্য রয়েছে। কোস্টগার্ড সূত্র জানায়, গত ১১ মাসে সুন্দরবন ও আশপাশের এলাকার বিভিন্ন চর থেকে ২৭ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। দুবলার চর, রাঙাবালির চর, ডালার চরসহ বাগেরহাট, পটুয়াখালীর বিভিন্ন আস্তানা থেকে এসব জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। এ সময় কোস্টগার্ড ৩০ জেলেকেও উদ্ধার করে। গত শনিবার সুন্দরবন এলাকার দায়িত্বপ্রাপ্ত কোস্টগার্ডের লে. কমান্ডার হাসানুজ্জামান প্রথম আলোকে এ তথ্য দেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গত ১১ মাসে জলদস্যুর কাছ থেকে ৫৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৫০টি গুলি উদ্ধার করা হয়েছে।’হাসানুজ্জামান আরও বলেন, ‘সুন্দরবন ও আশপাশের এলাকার যেসব জেলে এখানকার বিভিন্ন চরে মাছ ধরতে আসেন, তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এ ক্ষেত্রে চট্টগ্রাম থেকে আসা জেলেরাও আমার মুঠোফোনে (০১৭১ ৩২৫৫৩৫৯ ) যোগাযোগ করতে পারেন। আমরা তাঁদের নিরাপত্তা নিশ্চত করব।’