জলপুষ্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার নাম হাফসা। হাওরাঞ্চলের মেয়েদের নাম সাধারণত জলপুষ্পের নামে হয়। যেমন—শাপলা, পদ্ম। আমার নামে জলপুষ্পের ছিটেফোঁটাও নেই। আজ আমার অনেক দুঃখের দিন। অতিরিক্ত দুঃখে নিশ্চয়ই মানুষের মাথা খারাপ হয়ে যায়। আমারও মাথা খারাপ হয়ে গেছে। না হলে এমন দুঃখের দিনে কেউ নিজের নাম নিয়ে গবেষণা করে? আশ্চর্যের বিষয়, আমার চোখে একটুও জল আসছে না। অতিরিক্ত যাতনা মনে হয় চোখের জল হরণ করে নেয়। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করি। বুকের ভেতরটায় যে হাজারমণি পাথরটা চেপে বসে আছে, তাকে এক ধাক্কায় বের করে দিই। যে মানুষটাকে এ বুকে লালন করছি, তাকে যদি না-ই পাই, তবে এ জীবনের হেতু কী? ইচ্ছা করছে পানসিটা নিয়ে হাওরে যাই, ঠিক মাঝখানটায় গিয়ে হাওরের উথালপাতাল ঢেউয়ের তলে হারিয়ে যাই। হাওরের জল আমার বেদনা নিশ্চয়ই ধুয়ে-মুছে নেবে। কিন্তু মানুষটা আমাকে এভাবে ভালোবাসতে শেখায়নি।—বুঝলি হাফসা, যে পিরিতি মরণের দিকে টানে, সেটা পিরিতি না। অন্য কিছু। পিরিতির ধর্ম হচ্ছে অমরত্ব। তোকে যে আমি ভালোবাসলাম, তার মানে আমি অমর হয়ে গেলাম। আমি যদি মরেও যাই, তবু তুই সারা জীবন আমাকে অনুভব করবি। তোর অন্তর থেকে আমার স্মৃতি মৃত্যু মুছে দিতে পারবে না।আজিজ নামের কালো পাথরে খোদাই করা মানুষটা মাথা দুলিয়ে দুলিয়ে কী সুন্দর করেই না গল্প করত! হাজার রাত পার করে দেওয়া যায় তার গল্প শুনে। কিন্তু বিধি বাম! হঠাৎ করে একদিন শুনি বাজান আমার বিয়ে ঠিক করেছেন। পাত্রের যোগ্যতা হাওরে তার ৬০০ কানি জমি আছে। আমি বললাম, —বাজান, আমারে ছয় শ কুটি কইরা হাওরে ভাসাইয়া দেন।আমার বাজান কিছু বললেন না। আগের মতোই গুড়ুক গুড়ুক হুঁকা টানতে লাগলেন আর একটা কাশি দিলেন। যার অর্থ—মাইয়া আমার কয় কী! আজিজ ভাইও ওনার চাচাকে নিয়ে এসে অনেক বোঝালেন। লোকটার আবার মা-বাপ ভাই-বোন কেউ নাই। কিন্তু এতিমের প্রতি বাজানের দয়া হলো না।—শোনো আজিজ, তুমি ভালো ছেলে। ভালো ছেলের মতোই থাকো। এই সব মজনুগিরি মার্কা কথা আমার সাথে বলবা না। আমার কাছে মজনুর ভাত নাই।—চাচাজি, হাওরে তো আমারও ২০০ কানি জমি আছে। সব তো নিজের হাতে করেছি। আপনেরাই তো দেখেছেন সব।—আর একটা কথা বলবা তো হাওরে নিয়া গাইরা তুমু। তারপর আরও অনেক কিছু ঘটেছে। আমি বললাম,—আপনেরে ছাড়া আমি বাঁচব না। এর থেকে আমার মরণ সই।—দূর পাগলি, তোর সঙ্গে পিরিতি করছি কি তোরে মারণের জন্য। বিধি আমাদের ভালোবেসে বানিয়েছেন। তিনি ভালোবাসা পছন্দ করেন। যিনি ভালোবাসা পছন্দ করেন, তিনি কখনো এর বদনাম হতে দেন না। তুই চিন্তা করিস না, কিছু একটা করব।কাল আমার বিয়ে। আমি জামগাছটার গুঁড়িতে অন্ধকারে বসে আছি। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কে যেন ফিসফিস করে উঠল,—হাফসা।চমকে উঠলাম। বুঝতে পারলাম যে ‘উনি’ এসেছেন।—চল্ পালাই।আমার চোখ হঠাৎ করে জলে ভরে উঠল। গাল বেয়ে টপটপ করে মাটিতে জল পড়ছে। এত জল কোথায় ছিল কে জানে! আমি হাতটা বাড়িয়ে দিলাম।২.এতটুকুই পড়ে আমি ডায়রি বন্ধ করে রাখলাম। বাইরে এসে দেখি মাথা খারাপ করে দেওয়ার মতো জ্যোৎস্না। দূরে হাওরভর্তি জলে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। পৃথিবীটাকে মনে হচ্ছে পরাবাস্তব কোনো জগৎ। সেই পরাবাস্তব জগতের উঠোনে মামা-মামি হাত ধরাধরি করে বসে আছেন। কী সুন্দরই না লাগছে তাঁদের! মনে হচ্ছে যেন স্বর্গের অপ্সরি তাঁর সঙ্গীকে নিয়ে চাঁদের জলে স্নান করছে। মামি যে এত সুন্দর ডায়রি লেখেন, আগে জানতাম না! তৌফিকুল ইসলামশেরেবাংলা মেডিকেল কলেজ