জলবসন্তে চাই সঠিক পুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তকালেই রোগটির প্রাদুর্ভাব বেশি। তার নাম জলবসন্ত বা চিকেনপক্স। ছোঁয়াচে এই রোগের জন্য ভেরিসেলা জোস্টার নামের একটি ভাইরাস দায়ী। যেহেতু এখন জলবসন্তের সময়, জেনে নেওয়া যাক রোগটির ব্যাপারে কিছু কথা।
প্রথমে শিশুর জ্বর এবং সারা শরীরে ও পেটে ব্যথা হয়। দু-এক দিনের মধ্যে ত্বকে র্যা শ দেখা দেয়, যেগুলো বড় হতে থাকে এবং পরে ফুসকুড়িতে রূপ নেয়। প্রথম দিকে বুক, মুখ ও মাথায় এবং শেষে হাত, পা ও চোখের পাতায় এসব ফুসকুড়ি ছড়ায়। চুলকানি ও জ্বালাপোড়া হতে পারে। এগুলোতে পানি আসে এবং সবশেষে পাঁচ-ছয় দিনে শুকনো কালো রঙের খোসা তৈরি হয়ে ঝরে যায়। একই সময় আবার শরীরের অন্য অংশে নতুন ফুসকুড়ি দেখা দেয়। এভাবে রোগের স্থায়িত্ব ১৫ থেকে ৩০ দিন বা তার বেশিও হতে পারে। ত্বকের এই ফুসকুড়ি নিয়ে কিছু সতর্কতা দরকার:
১. এগুলোকে নখ দিয়ে খোঁটানো যাবে না। কারণ, এতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। ছোট শিশুদের হাতমোজা পরিয়ে রাখা ভালো।
২. চুলকানি কমানোর জন্য অনেকে ধূপ জ্বালান, বিভিন্ন পাতার পেস্ট লাগান। এগুলোতে কোনো কাজ হয় না। ফুসকুড়িগুলো কিছু করেন আর না করেন—নির্দিষ্ট সময়ে ঠিকই শুকাবে। এর জন্য কিছু করার দরকার নেই।
৩. সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত শিশুকে পরিষ্কার পানি দিয়ে প্রতিদিন গোসল করান। হালকা আরামদায়ক সুতির কাপড় পরান।
৪. চুলকানির তীব্রতা কমাতে লোশিও কেলামিন লাগানো যায়।
ভাইরাসের আক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই তার দরকার পুষ্টিকর সুষম খাদ্য। একটা কুসংস্কার আছে যে জলবসন্ত হলে মাছ-মাংস খাওয়া যায় না। ধারণাটি অমূলক। বরং আমিষের চাহিদা পূরণের জন্য এসব খাবার বেশি করে খাওয়া চাই। মায়ের দুধ পান করছে—এমন শিশুদের স্তন্যদান বন্ধ করা যাবে না। জলবসন্ত স্বাভাবিকভাবেই সেরে যায়, তবে জীবাণু সংক্রমণের কারণে নিউমোনিয়া বা শ্বাসতন্ত্রের প্রদাহ, ডায়রিয়া, ত্বকের সংক্রমণ, এমনকি স্নায়ুতন্ত্রের সমস্যাও হতে পারে। তাই শিশুর সঠিক পুষ্টি, পরিচ্ছন্নতা ও যত্ন-আত্তি দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অনেক সময় অ্যান্টি-ভাইরাল দেওয়া হয়।
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ