জলবায়ু পরিবর্তন: কথাই হচ্ছে, কাজ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

সমগ্র বিশ্ব যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত, এ ব্যাপারে নতুন করে বলার দরকার নেই। গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানগণ, বিশ্বের শীর্ষস্থানীয় প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠানগুলোর প্রধানেরা, ব্যাংকগুলোর প্রধান কর্মকর্তারা ও সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরাসহ ৮০০-এর অধিক মানুষ একত্রে মিলিত হয়েছিলেন। তাঁরা সবাই মিলে মাথা ঘামিয়েছেন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর বিষয়ে বিভিন্ন ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই ছোট লেখায় তাঁদের অঙ্গীকারের বিষয়ে বর্ণনা করার আগে বোধ হয় বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আলোচনাগুলো কোথায় পৌঁছেছে তা জানা দরকার।
জলবায়ুবিষয়ক আলোচনা বর্তমানে দুই ধারায় চলছে। একটি ধারা চলে আইপিসিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৮ সালে। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) ও ইউনাইটেড ন্যাশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামকে (ইউএনইপি) ১৯৮৮ সালের ডিসেম্বরে জাতিসংঘ দায়িত্ব দেয়, প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে জলবায়ু ও আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে, সমাজ ও অর্থনীতির ওপরে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া কী হতে পারে এবং এসব বিরূপ প্রতিক্রিয়া কীভাবে মোকাবিলা করা যেতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন প্রণয়নের জন্য। এখানে একটি কথা প্রণিধানযোগ্য, সেটি হলো: তারা কেবল প্রতিষ্ঠিত তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাদের মতামত প্রদান করবে। ১৯৯০ সালে আইপিসিসির প্রথম প্রতিবেদন প্রণীত হয়। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রতিবেদনগুলো বের হয় যথাক্রমে ১৯৯৫, ২০০১ ও ২০০৭ সালে। চতুর্থ প্রতিবেদনটি বেরোনোর পর পৃথিবী নড়েচড়ে বসে। কারণ, ওই প্রতিবেদনে সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করা হয় যে মানুষ কর্তৃক সৃষ্ট কিছু গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। অর্থাৎ ১৭৫০ সাল নাগাদ যে যান্ত্রিক সভ্যতার দিকে পৃথিবী এগিয়েছে এবং ১৮৫০ সাল থেকে যা জোরদার হয়েছে, তাতে কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস-অক্সাইড, মিথেন ও ক্লোরো-ফ্লোরো-কার্বন—এই চারটি গ্যাসের উৎপাদন বেড়েই চলেছে। সম্প্রতি যোগ হয়েছে হাইড্রো-ফ্লোরো-কার্বন (এইচএফসি) নামের গ্যাসটি। এই গ্যাসগুলোর পরিমাণ ১৮৫০ সালে ২৮০ পিপিএম ছিল। অর্থাৎ বাতাসে প্রতি ১০ লাখ ভাগের ২৮০ ভাগ হলো এই পাঁচটি গ্যাস। মনে রাখা প্রয়োজন যে বাতাসের মূল উপাদান হচ্ছে অক্সিজেন ও নাইট্রোজেন।
যে পাঁচটি গ্যাসকে চিহ্নিত করলাম, তার বাইরেও আরও কিছু গ্যাস আছে, যেগুলো বায়ুমণ্ডলে তাপ বৃদ্ধি করতে সাহায্য করে। বর্তমানে তাপ বৃদ্ধিকারী গ্যাসের পরিমাণ ২৮০ পিপিএম থেকে বেড়ে ৪০০ পিপিএমে পৌঁছেছে। এতে বৈশ্বিক উষ্ণতা ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়েছে। বর্তমানে পৃথিবীতে শিল্পায়ন তথা উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে আগামী ৬০ থেকে ৭০ বছরের মধ্যে এটি বেড়ে ৬০০ পিপিএম পর্যন্ত পৌঁছাতে পারে এবং গড় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যেতে পারে।
আইপিসিসি চতুর্থ প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে একই ধরনের একটি সভা করেন, যেখানে ১০০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানেরা মিলিত হন। বাংলাদেশের তখনকার রাষ্ট্রপ্রধান এতে অংশ নিয়েছিলেন। ওই বছরের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালি নগরে ‘বালি অ্যাকশন প্ল্যান’ নামে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় সমগ্র বিশ্ব একটি নতুন আইন প্রণয়নের কাজে ব্যস্ত হয়। নতুন আইনটি যাতে ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ চূড়ান্ত হয়, সেই লক্ষ্যেই এ বছরের ২৩ সেপ্টেম্বর আলোচনা হলো। নতুন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এই আইনটির বিষয়ে বলার আগে বর্তমানে বিদ্যমান আইনের কথা বলতে হয়। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের জন্য আলোচনার দ্বিতীয় ধারাটি এই আইন বা কনভেনশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
১৯৮৮ সালে আইপিসিসিকে কারিগরি প্রতিবেদন প্রণয়নের সঙ্গে সঙ্গে একটি নতুন বৈশ্বিক আইন বা কনভেনশন প্রণয়নের দায়িত্বও দেওয়া হয়। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অব ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসি নামের একটি আইন প্রণয়ন করতে সক্ষম হয়। যেকোনো আইনের সব ধারা অত্যন্ত সুস্পষ্ট হতে হয় এবং এটি বাস্তবায়নের জন্য কিছু নিয়মকানুনও তৈরি করতে হয়। জলবায়ুবিষয়ক এই আইনটি যে সম্পূর্ণ ছিল, তা বলা যাবে না, যা আইনটির নামেই স্পষ্ট হয়ে উঠেছে। এটিকে বলা হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ পৃথিবীর রাষ্ট্রগুলোর জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গেই এই ফ্রেমওয়ার্কের অধীনে পরবর্তী পর্যায়ের আইন প্রণীত হবে। হয়েছেও তা-ই। ১৯৯২ সালে প্রণীত এই আইনটি ওই বছরই বিশ্ব ধরিত্রী সম্মেলনে গৃহীত হয়। ১৯৯৭ সালে জলবায়ু পরিবর্তনবিষয়ক আইনের (১৯৯২) অধীনে প্রণীত হয়েছে কিয়োটো প্রটোকল, যেটি ২০০৫ সালে কার্যকর হয়। এটির মেয়াদ ২০১২ সালে শেষ হয়ে গেছে এবং পরবর্তী মেয়াদ নিয়েও জটিল আলোচনা চলছে। এটার কার্যকাল ২০২০ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ২০২০ সালের পর কী হবে, তা নিয়েও আলোচনা চলছে।
২০১৪ সালে আইপিসিসিও পঞ্চম প্রতিবেদনটি প্রকাশিত হয়। একটু বলে রাখা ভালো যে চতুর্থ প্রতিবেদন প্রকাশের পর আইপিসিসিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। পঞ্চম প্রতিবেদনটিতে বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য বিশেষ তাগিদ তো দেওয়া হয়েছেই, একই সঙ্গে উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসগুলো কী করে কমানো যেতে পারে, তারও সুস্পষ্ট পথনির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলার জন্য অ্যাডপটেশন বা অভিযোজনের কথাও বলা হয়েছে। এই প্রতিবেদনটি ধরেই এখন আলোচনা চলতে থাকবে। এ বছরের ২৭ অক্টোবর তাঁরা তাঁদের প্রতিবেদনটির চূড়ান্ত অংশটি প্রকাশ করবেন।
এতক্ষণ প্রারম্ভিক কথাবার্তা বললাম। এবার চলে যাই ভবিষ্যতের জন্য পৃথিবী কী ধরনের প্রস্তুতি নিচ্ছে তার দিকে। প্রথমত, ২০১৫ সালে একটি নতুন প্রটোকল প্রণীত হবে বৈশ্বিক জলবায়ুবিষয়ক আইনের অধীনে। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে ১৯৯২ সালের আইন প্রণীত হয়েছিল, তা অর্জন করতে হবে। তাহলে জানা দরকার কী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল। ওই আইনের দ্বিতীয় ধারায় বলা হচ্ছে, যেসব গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে তা এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে যে যাতে আবহাওয়া তথা জলবায়ু পরিবর্তন কোনো অবস্থাতেই মানবজাতির উদ্বেগের কারণ না হয় এবং এ জন্য তিনটি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। প্রথমত, জলবায়ু পরিবর্তন হলেও তা এত কম হবে যে জীববৈচিত্র্য তথা প্রতিবেশ সহজেই খাপ খাইয়ে নিতে পারবে; পৃথিবীতে খাদ্য উৎপাদন কোনো অবস্থাতেই হুমকির সম্মুখীন হবে না এবং প্রতিটি দেশ তাদের সব উন্নয়ন কর্মকাণ্ড টেকসই পদ্ধতিতে সম্পন্ন করতে পারবে। এ জন্য পৃথিবীর সব রাষ্ট্র মিলে ঠিক করেছে যে কোনো অবস্থাতেই তারা শিল্পায়নের শুরুর আগের তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠতে দেবে না। বাংলাদেশসহ পৃথিবীর অনুন্নত দেশগুলোর দাবি হচ্ছে, এটি যাতে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকে। তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসগুলোর পরিমাণ ৪৫০ পিপিএমের ওপরে উঠতে দেওয়া হবে না। এর জন্য প্রয়োজন নবায়নযোগ্য উৎসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যেমন: সৌর, পানি ও বায়ুর মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বাড়ানো।
বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় বহু পরিবর্তন হবে। যেমন: স্বাভাবিক সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, অসময়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়া, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বৃদ্ধি, অল্প সময়ে হঠাৎ প্রচুর বৃষ্টিপাতে নগর অঞ্চলে জলাবদ্ধতা ইত্যাদি পরিলক্ষিত হবে। অর্থাৎ ঋতুগুলো আর আগের মতো সুনির্দিষ্ট থাকবে না। তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসগুলোর উৎপাদন কমাতে গেলে এবং তাপমাত্রা বাড়ার কারণে সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলা করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। তাই পৃথিবীর উন্নত দেশগুলো অঙ্গীকার করেছে যে এর জন্য প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জোগান দেওয়া হবে। এ জন্য কোরিয়ায় গ্রিন ক্লাইমেট ফান্ড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। দাতাদেশ তথা বহুজাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিয়েছে যে ২০১৫ সাল নাগাদ তারা প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার জোগান দেবে। বিশ্বের উন্নত ব্যাংকগুলোও প্রচুর টাকা জোগান দেওয়ার অঙ্গীকার করেছে। ইনস্যুরেন্স কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে যে ২০১৫ সাল নাগাদ তারা ৮৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। পৃথিবীর দুই হাজার শহরের মেয়ররা ঘোষণা দিয়েছেন যে ২০৩০ সালের মধ্যে তাঁরা তাঁদের শহরগুলোর ব্যবস্থাপনা উন্নত করে বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধি কমানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবেন।
প্রযুক্তি হস্তান্তরের কথা বলা হচ্ছে। আর্থিক সহায়তা প্রদানের সঙ্গে সঙ্গে দক্ষতা বৃদ্ধির কথাও বলা হচ্ছে। দরিদ্র দেশগুলোকে বিশেষ ও অতিরিক্ত সহায়তা দেওয়ার কথাও বলা হচ্ছে। অর্থাৎ অঙ্গীকারগুলো প্রায় আকাশছোঁয়া। কিন্তু আমরা যারা এই প্রক্রিয়াগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছি, খুব একটা আশান্বিত হতে পারছি না। কারণ, বাংলাদেশ যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাস উৎপাদন করে, তা অতি নগণ্য। বরং যেসব দেশ তাপমাত্রা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়বে, তার মধ্যে বাংলাদেশ প্রায় শীর্ষে অবস্থান করে। অসময়ে বন্যা হবে, বৃষ্টির পরিমাণ কমে যাবে। নদীভাঙন বাড়ছে, সমুদ্র অশান্ত থাকছে, মূল বর্ষাকাল অর্থাৎ আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে। এসব কারণে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এবং কোনো একসময় খাদ্য উৎপাদনের ওপরেও বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আজ বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা তো অর্জন করেছেই, সঙ্গে সঙ্গে অল্প কিছু রপ্তানি করতেও সাহস করছে। এ দেশে যদি ভয় ধরে যায় যে এখন থেকে ২০ থেকে ৩০ বছরেই খাদ্য ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা আছে, তাহলে স্বাভাবিকভাবেই জলবায়ু পরিবর্তনের দিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিতে হয়। গত ২৩ সেপ্টেম্বরের আলোচনায় বিশ্বনেতারা বলেছেন যে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যেই নতুন আইনটি চূড়ান্ত করে ফেলতে হবে। তাঁরা গ্রিনহাউস গ্যাস উৎপাদন কমিয়ে ফেলবেন; বিপুল পরিমাণ অর্থের জোগান দেবেন; প্রযুক্তির ক্ষেত্রে সহায়তার হাত বাড়াবেন। আমার কেন যেন কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে, প্রধান তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসগুলোর উৎপাদনের ক্ষেত্রে যারা প্রধাণত দায়ী, তাদের কাছ থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এ ব্যাপারে তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশ এগিয়ে এলেও অন্যান্য উন্নত দেশ যেমন: কানাডা, জাপান, রাশিয়া কিছুতেই সামনে এগোতে চাইছে না। তাদের যুক্তিতর্কের একটি প্রধান বিষয় হলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা অগ্রগামী অবস্থায় আছে, তাদের ওপরও দায়িত্ব চাপাতে হবে। তারা চাপ সৃষ্টি করছে চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর, যাদের তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাস উৎপাদনের পরিমাণ প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণে আনার সময় চলে এসেছে।
এ লেখা শেষ করছি এ কথা বলে যে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা ঠিক করা একটি জটিল বিষয় ছিল। এখন তা বাস্তবায়ন করা এর পরবর্তী বড় চ্যালেঞ্জ ছিল। কোন দেশের কতটুকু দায়ভার আছে তা জানা আছে। কিন্তু শুধু কথাই হচ্ছে, আর লোক দেখানো কিছু কাজ হচ্ছে; প্রকৃত কাজ খুব একটা এগোচ্ছে না।
আইনুন নিশাত: পানিবিশেষজ্ঞ ও পরিবেশবিদ।