জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কার্যক্রমে সমন্বয়হীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরকে দুর্গন্ধ ও আবর্জনামুক্ত করতে স্থাপন করা হচ্ছে ডাস্টবিন বা আবর্জনা ফেলার বাক্স। কিন্তু শহরবাসীকে সচেতন না করে এ ধরনের উদ্যোগের সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া বাক্সগুলোর আকার আবর্জনার তুলনায় খুবই ছোট। বাক্সে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড লেখা থাকলেও তারা অর্থায়ন করেনি বলে দাবি করেছে জেলা পরিষদ। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ‘পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও জীবনযাত্রার নিরাপত্তা বিধান’ প্রকল্পের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২০১২-১৪ অর্থবছরে ছয় কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেয়। ওই প্রকল্পের ‘পর্যটন নগর হিসেবে রাঙামাটিকে বর্জ্যমুক্ত শহরে রূপান্তর ও নগর বর্জ্য থেকে জৈবসার উৎপাদন’ কার্যক্রমের আওতায় রাঙামাটি শহরে ফাইবার বাক্স স্থাপন করা হচ্ছে। প্রতি ইউনিটে তিনটি করে ৭০ ইউনিট ফাইবার বাক্স স্থাপন করা হবে। প্রতি ইউনিট স্থাপনের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাঙামাটির বেসরকারি সংস্থা ‘পাড়া উন্নয়নকেন্দ্র’। পৌরসভাও এ প্রকল্পের অংশীদার। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কথা বলে সমন্বয়হীনতা লক্ষ করা গেছে।
১৭ জুন সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, স্থাপিত আবর্জনার বাক্সগুলো তিন ভাগে বিভক্ত। প্লাস্টিক ও পলিথিনের জন্য নীল বাক্স, ধাতব আবর্জনার জন্য লাল বাক্স এবং পচনশীল আবর্জনার জন্য সবুজ বাক্স। বাক্সগুলোর আকার আনুমানিক প্রস্থে দুই ফুট, উচ্চতায় চার ফুট। বাক্সে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ লেখা রয়েছে। শহরের হাসপাতাল সড়কের মুখ, কে কে রায় সড়ক, শৈল বিপণিবিতানের উত্তর পাশ এবং আলম ডকইয়ার্ড এলাকার লেকার্স পাবলিক স্কুল ও কলেজ সড়কের আবর্জনার বাক্সগুলোর পাশে প্রচুর আবর্জনা। বাক্সের ভেতরে কেউ আবর্জনা ফেলেনি। এ ছাড়া শৈল বিপণিবিতানের দক্ষিণ পাশে কালিন্দিপুর সড়কের সামনে স্থানীয় লোকজন আবর্জনা ফেলে। কিন্তু বাক্স স্থাপন করা হয়েছে উত্তর পাশে। এর মধ্যে ব্যতিক্রম শুধু জেলা পরিষদ গেটের সামনের বাক্স। ওই বাক্সের পাশে কোনো আবর্জনা নেই।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইরফান শরীফ বলেন, এগুলো আসলে ডাস্টবিনের বিকল্প নয়। পর্যটক ও ভ্রাম্যমাণ লোকজনের জন্য এসব বাক্স তৈরি করা হয়েছে। তিনি বলেন, এই কার্যক্রমে জেলা পরিষদের কোনো অর্থ বরাদ্দ নেই। ‘পাড়া’ নামের একটি এনজিও এই কাজটি করছে। কেন জেলা পরিষদের নাম দেওয়া হয়েছে তাঁর জানা নেই।
পাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্বাস উদ্দিন মুঠোফোনে জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অংশ হিসেবে রাঙামাটি জেলা পরিষদের নির্দেশে ফাইবার বাক্সগুলো স্থাপন করা হচ্ছে।
মোট ৭০ ইউনিটে ২১০টি বাক্স স্থাপন করা হবে। বর্তমানে ৪০ ইউনিট বাক্স স্থাপনের টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি ইউনিট স্থাপনের জন্য বরাদ্দ ৫০ হাজার টাকা। যোগাযোগ করা হলে রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘জেলা পরিষদ আমাদের কাছ থেকে বাক্স বসানোর স্থান চাওয়ার পর তালিকা দিয়েছি। এ ছাড়া আমাদের সঙ্গে আর কোনো বিষয়ে সমন্বয় নেই।’ জনগণকে সচেতন করার যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, বাক্সগুলো আকারে ছোট হওয়ায় আবর্জনা ফেলা হলেও জায়গার সংকুলান হবে না।