জলবায়ু পরিবর্তনে নারীদের যৌন হয়রানির ঝুঁকি বাড়ে
গবেষণাপত্র অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামাজিকভাবে নারীদের জন্য গৃহস্থালির বোঝা বৃদ্ধি পায়। পারিবারিক নির্যাতন, নারীর প্রতি সহিংসতা এবং যৌন হয়রানির ঝুঁকি বাড়ে। স্কুল থেকে মেয়ে শিশুদের ঝরে পড়ার হার ও বাল্যবিবাহের হার বৃদ্ধি পায়। যা মাতৃ ও শিশু মৃত্যুর হারকে বাড়িয়ে তোলে।
গবেষণাপত্রে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে অর্থনৈতিকভাবে নারীদের কর্মসংস্থানহীনতা বাড়ে। পেশা পরিবর্তনের ফলে অদক্ষ নারী শ্রমিকের সংখ্যা বাড়ে। জীবনযাত্রার ব্যয় বাড়ে।
‘জেন্ডার বিশ্লেষণ: বাংলাদেশে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সামাজিক ও অর্থনৈতিক মূল্য’ শীর্ষক গবেষণাপত্রে জলবায়ু পরিবর্তনের এসব প্রভাব তুলে ধরা হয়েছে। গবেষণাপত্রে জলবায়ু সংক্রান্ত যেকোনো আলোচনায় নারীদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা স্থানীয় ও লোকজ রীতি ব্যবহার করে পরিস্থিতির উত্তরণে নারীরা ভূমিকা রাখতে পারবে।
আজ রোববার স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় এ গবেষণাপত্র উপস্থাপন করা হয়। স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গবেষণাপত্র উপস্থাপন করেন স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচকেরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জাতীয় নীতি, কর্মপরিকল্পনা তৈরি বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বেলায় জেন্ডার প্রেক্ষাপটকে অন্তর্ভুক্ত করতে হবে। নারী-পুরুষ বিভাজিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে নিয়মিতভাবে জেন্ডার বিশ্লেষণ, জেন্ডার সংবেদনশীল পরিমাপক ও মানদণ্ড নির্ধারণ করা জরুরি।
সভায় বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিকাশ) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, উন্নয়নকে জলবায়ু পরিবর্তনসহ সামগ্রিক অর্থে দেখতে হবে। কেননা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নারী, শিশু ও বৃদ্ধরা। নারীদের জীবন-জীবিকা হুমকির সম্মুখীন হয়। খাদ্য, সুপেয় পানি, জ্বালানি ও জীবন-জীবিকার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা দেখা দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মাহবুবা নাসরীন বলেন, ‘ক্লাইমেট চেঞ্জ চোখে দেখা যায় না কিন্তু এফেক্ট বোঝা যায়। এই দুটোকে আলাদা করে দেখার দরকার নেই। উন্নয়নের স্বার্থেই একসঙ্গে দেখতে হবে।’
সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন, উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মসূচির গ্রুপ ডিরেক্টর উইলফ্রেড শিকুকুলা, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের পরিচালক রেখা সাহা, ব্র্যাকের আসাদুজ্জামান আসাদ প্রমুখ আলোচনায় অংশ নেন।