জলবায়ু উদ্বাস্তুদের জন্য জনজ্ঞানকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্র উপকূলে বসবাসরত জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার (উদ্বাস্তু) অভাবী মানুষের জীবনমান উন্নয়নে স্থাপন করা হয়েছে জনজ্ঞানকেন্দ্র। এই কেন্দ্রে সুবিধাবঞ্চিত নারীদের ইংরেজি ও কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। তাঁদের স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট ও উদ্দীপন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত ২৫ মার্চ কুতুবদিয়াপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত একটি কেন্দ্র উদ্বোধন করেন। এতে আতিউর রহমান বলেন, ‘জনজ্ঞানকেন্দ্র দুর্গম চরাঞ্চলের অভাবী মানুষকে ঝড়, জলোচ্ছ্বাস, সুনামি সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তোলার ব্যাপারে ভূমিকা রাখবে। বিশেষ করে ঝরেপড়া শিক্ষার্থীরা এই কেন্দ্রে এসে ইংরেজি ও কম্পিউটার শিক্ষা নিতে পারবে। এতে দারিদ্র্য বিমোচন হবে।’ এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পরিচালক রেজাউল করিম চৌধুরী, এম আকতার কামাল প্রমুখ। উদ্বোধনের পর থেকে শতাধিক গরিব কিশোরী এই কেন্দ্রে ইংরেজি শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। নিয়োগ দেওয়া হয়েছে দুজন শিক্ষক। শিক্ষার্থীরা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে সংবাদপত্র পাঠ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করার সুযোগ পাচ্ছে। শিক্ষকেরা কম্পিউটারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিকর দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। কুতুবদিয়াপাড়ার শিক্ষার্থী সাবিনা ইয়াছমিন (১৪) জানায়, ‘অভাবের কারণে সপ্তম শ্রেণীর বেশি লেখাপড়া করতে না পেরে সৈকতে শুঁটকি তৈরির কাজ করি। এখন অবসর সময়ে এই কেন্দ্রে এসে ইংরেজি শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি।’ সমিতিপাড়ার কিশোরী আলমাস খাতুন জানান, ‘আগে পাঁচ কিলোমিটার দূরে শহরে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নিতাম। খরচ হতো পাঁচ-ছয় হাজার টাকা। এখন মাত্র এক হাজার টাকায় ছয় মাস কম্পিউটারসহ নানা মাধ্যমের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছি।’ কম্পিউটার প্রশিক্ষক শামীমা ইয়াসমিন জানান, ‘দুর্গম চরে বসবাসকারী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিক্ষার ১২০ কিশোরীকে ইংরেজি শিক্ষাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের কম্পিউটারের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষিত করে তোলা কাজ করছি আমরা।’ তিনি জানান, কেন্দ্রে চারটি কম্পিউটার, তিনটি ফটোস্ট্যাট মেশিন, দুটি ডিজিটাল ক্যামেরা আছে। প্রকল্পের সমন্বয়ক এফএম নুরুল আলম জানান, ‘‘তিন বছর আগে কুতুবদিয়া উচ্চবিদ্যালয়ে ‘পল্লীজ্ঞান’ কেন্দ্র স্থাপন করে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। গত তিন বছরে এই কেন্দ্র থেকে ২৭৪ কিশোরী ইংরেজি ও কম্পিউটারের ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৬ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে।’’ কুতুবদিয়া কৈয়ারবিল গ্রামের তরুণী লুত্ফুন্নেছা জানান, এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি উপজেলা এলজিইডি কার্যালয়ে চাকরি করছেন। কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে কক্সবাজার জেলায় পরিবেশগত উদ্বাস্তুর সংখ্যা আড়াই-তিন লাখ। টেকনাফ, সেন্ট মার্টিন, কুতুবদিয়ার ধুরং, মহেশখালী, বাঁশখালী, ভোলার মনপুরায় এ রকম কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে।