জলবায়ু তহবিলের যন্ত্র দুই বছরেও পায়নি সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ মন্ত্রণালয় জলবায়ু তহবিল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুইটি বড় আকারের (লংবুম) এস্কেবেটার কেনার জন্য দুই বছর আগে তিন কোটি ৯৭ লাখ টাকা দেয়। কিন্তু এ সময়ে তিনবার দরপত্র দিয়েও যন্ত্র দুইটি কেনা যায়নি। সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, যন্ত্র দুইটি বর্ষার আগে পাওয়া গেলে শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার কাজে লাগানো যেত। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম এ ব্যাপারে বলেন, ‘সর্বশেষ দরপত্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বাছাই কমিটিতে রয়েছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগ রয়েছে, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জুবলী ট্রেডার্স এস্কেবেটার দুইটি সরবরাহ করুক, তা চট্টগ্রাম সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা চান না। তাঁরা বিষয়টি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদেরও জানিয়ে দিয়েছেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জুবলী ট্রেডার্সের সঙ্গে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতার পার্থক্য ৯৬ লাখ টাকা। জুবলী ট্রেডার্স দর দিয়েছে দুই কোটি টাকা। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ক্রিসেন্ট অ্যাসোসিয়েট তিন কোটি ৮৪ লাখ টাকা এবং তৃতীয় সর্বনিম্ন শাহাবুদ্দিন আহমেদ অ্যান্ড কোম্পানি তিন কোটি ৮৫ লাখ টাকা।সিটি করপোরেশন সূত্রে জানা যায়, পরিবেশ মন্ত্রণালয় যে দুটি এস্কেবেটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর দৈর্ঘ্য ৬০ ফুট। বর্তমানে সিটি করপোরেশনে সর্বোচ্চ ৩২ ফুট লম্বা মুখসম্পন্ন এস্কেবেটার আছে। এগুলো পুরোনো হিসেবে (সেকেন্ড হ্যান্ড) কেনা হয়েছে। পরিবেশ অধিদপ্তর যে দুইটি এস্কেবেটার কেনার জন্য টাকা দিয়েছে, সেগুলো নতুন। এগুলো খালের এক পারে রেখে অনায়াসে অন্য পারের মাটি ও আবর্জনা পরিষ্কার করা সম্ভব। চাক্তাই খালের বেশির ভাগ অংশ ঘিঞ্জি এলাকা দিয়ে বয়ে গেছে। ফলে অনেক জায়গায় খালের দুই পাড়ে গাড়ি চলাচলের ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে এ ধরনের যন্ত্র ব্যবহার করে সুফল পাওয়া যেত বলে প্রকৌশলীদের অভিমত। সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘এস্কেবেটার দুইটি আমাদের খুবই প্রয়োজন। কিন্তু পরিবেশ অধিদপ্তর তা অনুধাবন করতে পারছে না। তারা শুধু দফায় দফায় দরপত্র দিচ্ছে। আর মেয়র এগুলোর জন্য আমাদের চাপ দিচ্ছেন।’ জানা যায়, ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন যন্ত্র দুটি কেনার জন্য প্রথমবারের মতো দরপত্র আহ্বান করে। এতে সর্বনিম্ন দরদাতা হয় জুবলী ট্রেডার্স। তখন মেয়র ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মোহাম্মদ মন্জুর আলম মেয়রের দায়িত্ব নেওয়ার পর ওই দরপত্র বাতিল করেন। তিনি এস্কেবেটর দুটি কেনার জন্য পরিবেশ অধিদপ্তরকেই দরপত্র দেওয়ার অনুরোধ করেন। এরপর ওই তহবিলও পরিবেশ অধিদপ্তরে স্থানান্তর করা হয়। গত ফেব্রুয়ারি ও এপ্রিলে দুই দফা দরপত্র দেয় পরিবেশ অধিদপ্তর। দুইবারও জুবলী ট্রেডার্স সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে প্রতিবারই তা বাতিল করা হয়।