জলবায়ু নিয়ে স্বপ্নসাথি রিজওয়ানা
জলবায়ু পরিবর্তন নিয়ে আজ সারা যখন বিশ্ব উত্তাল, তখন বাংলাদেশি তরুণী রিজওয়ানা সোবহানী ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় নারীর জীবন’ নিয়ে গবেষণা করতে আগ্রহ দেখান। তাঁর গবেষণার ধারণার প্রতি আইপিসিসি স্কলারশিপ কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়। গবেষণা পরিচালনার জন্যই রিজওয়ানা আইপিসিসি বৃত্তি লাভ করেন।৭ অক্টোবর ২০১১ রিজওয়ানার জীবনে একটি স্মরণীয় দিন। রিজওয়ানা ওই দিন সুদূর মনাকো শহরে গিয়ে প্রিন্স অ্যালবার্ট-২-এর হাত থেকে লাভ করেছেন আইপিসিসি বৃত্তির সনদ ও পুরস্কার। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপসিসি) জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি কমিটি। উল্লেখ্য, বিশ্বে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত বিষয়ে তাদের অবদানের জন্য এই প্যানেল ২০০৭ সালে নোবেল পুরস্কার পেয়েছে। এই সংস্থার উদ্যোগেই পরিবেশবাদী মনাকোর প্রিন্স আলবার্ট এই স্কলারশিপ প্রবর্তন করেন। প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয় প্রতিযোগিতার ভিত্তিতে। আইপিসিসি স্কলারশিপ ২০১১ একমাত্র বাংলাদেশি হিসেবে রিজওয়ানা হয়েছেন সেই গৌরবের অধিকারী। বিশ্বের ১০২৭ জন প্রতিযোগীর মধ্যে মাত্র সাতজনকে এই বৃত্তি দেওয়া হয়, রিজওয়ানা সেই সৌভাগ্যবান সাতজনের একজন।এই বৃত্তি প্রাপ্তির মাধ্যমে রিজওয়ানা তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়েছেন আরও এক ধাপ। ভর্তি হয়েছেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। এখানেই তিনি এখন ‘জেন্ডার ইন ডেভেলপমেন্ট স্টাডিজে’ পিএইচডি করছেন।এই অর্জন শুধু তাঁর নয়, আমাদের দেশেরও বটে। বাবা অধ্যাপক এস এম পিয়ারা ও মা সৈয়দা লায়লা পারভীনের কনিষ্ঠ কন্যা রিজওয়ানা সোবহানী বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন। কর্মজীবনে রিজওয়ানা ইকোনমিক রিসার্চ গ্রুপে ড. এনামুল হকের সঙ্গে গবেষণার কাজ করছেন ২০০৮ সাল থেকে। রিজওয়ানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়নে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।আইপিসিসি বৃত্তির মূল উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তনের বিষয়ে উন্নয়নশীল দেশের গবেষকদের প্রণোদনা প্রদান। আমরা বাঙালিরা শুধু স্বপবিলাসী নই, আমরাও পারি স্বপ্নের রূপরেখাকে বাস্তবে রূপদান করতে। আমাদের স্বপ্ন গগনচুম্বী অট্টালিকার ওপরে দাঁড়িয়ে নিচের মানুষকে দেখার নয়, স্বপ্নের কাঁধে ভর দিয়ে নতুন দিগন্ত দেখার।আমরা স্বপ্ন দেখি, স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও ভালোবাসি। রিজওয়ানা আজ বাংলাদেশের তরুণদের মধ্যে একটি উজ্জ্বল নাম, যাঁর হাত ধরেই আইপিসিসি স্কলারশিপ এসেছে বাংলাদেশে।