জলবায়ু মোকাবিলায় আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চ আগে থেকেই ছিল। একে তো যুক্তরাষ্ট্র ভ্রমণ, তার ওপর আবার সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ। রোমাঞ্চিত না হয়ে পারা যায়? সেই রোমাঞ্চের সঙ্গে যে ‘বিস্ময়’ এসে যোগ দেবে, তা অবশ্য আগে থেকে জানা ছিল না। অভাবিত সেই ঘটনা ঘটল ৩১ জুলাই। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ও ‘দ্য ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট’ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আল গোর বক্তৃতা দিতে গিয়ে বললেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশিরা একটি সংগ্রামী জাতি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশকে বারবার ক্ষতিগ্রস্ত করলেও তারা এখনো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।’ আল গোর বাংলাদেশ সম্পর্কে এত খবর রাখেন! সত্যিই বিস্ময়কর!বিস্ময়কর এমন আরও অনেক ঘটনাই ঘটেছে এই সফরে। সফরের সুযোগ এসেছিল ‘ক্লাইমেট রিয়েলিটি লিডারশিপ কোর ট্রেনিং, ২০১৩’-এর সুবাদে। পরিবেশবিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। সময়টা ছিল ৩০ জুলাই থেকে আগস্টের পয়লা তারিখ পর্যন্ত। তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলাম মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পুরকৌশল বিষয়ের শিক্ষার্থী আমি সালমান সাকিব ও মুরাদুর রাশেদীন এবং স্কলাসটিকার শিক্ষার্থী শাহ রাফায়েত চৌধুরী।আমরা ২৮ জুলাই শিকাগোতে পৌঁছাই। তারপরই বেরিয়ে পড়ি প্রশিক্ষণ ভেন্যু হায়াট রিজেন্সি ম্যাককরমিক প্লেসের উদ্দেশে। পাঁচতারা হোটেলের সেই গ্র্যান্ড বলরুমে পৌঁছে দেখলাম, তখন প্রশিক্ষণ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। দেশ-বিদেশের শ খানেক ক্লাইমেট লিডার একে একে জমায়েত হতে শুরু করেছেন রেজিস্ট্রেশনের জন্য। নিজেদের তখন খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল এমন একটি আয়োজনের অংশ হতে পেরে।রেজিস্ট্রেশনের পর গ্র্যান্ড বলরুমে স্বাগত বক্তব্য দিয়ে সব ক্লাইমেট লিডারকে স্বাগত জানালেন ক্লাইমেট রিয়েলিটি লিডারশিপ কোরের পরিচালক মারিও মলিনা ও সিইও ম্যাগি এল ফক্স।বিশ্বের ৭০টির বেশি দেশ থেকে ক্লাইমেট লিডাররা এসেছেন প্রশিক্ষণে। প্রথম দিনের প্রশিক্ষণের মূল ফোকাস ছিল ‘স্টোরিটেলিং অ্যান্ড প্রেজেনটেশন স্কিল ডেভেলপমেন্ট’। এ দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ইন্টারন্যাশনাল স্টোরিটেলার ও ফ্রি-রেঞ্জ স্টুডিওর সিইও জোনাহ সাক্স, যিনি তাঁর অসাধারণ বাকশৈলী দিয়ে আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন পুরোটা দিন। দিনশেষে আমাদের জন্য আলাদা সেশনের ব্যবস্থা করা হয়, যাতে সবাই একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি ও ক্রিয়েটিভিটি শেয়ার করতে পারি। পরিচয় হলো অ্যালেক্স, ক্যারোলিন, কাই, ম্যাক্স, অ্যামি, আইসট, কলিন, হিথ ও আরও অনেক ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ ক্লাইমেট লিডারদের সঙ্গে। রাতে নতুন বন্ধুদের সঙ্গে শিকাগোর বিখ্যাত লুমানাটিস পিজ্জাটারিয়াতে রাতের খাবার সেরে দিনের ইতি ঘটল আমাদের। পরের দিনের প্রশিক্ষণের পুরোটাই পরিচালন করেছেন চেয়ারম্যান ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। তাঁর চমৎকার তথ্যপূর্ণ স্লাইড শো দিয়ে শিক্ষানবিশদের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণ, কুফল, এর প্রতিকার এবং পরিবেশবান্ধব এনার্জি তৈরির উপায় বর্ণনা করেন আমাদের সবার সামনে। প্রশিক্ষণজুড়েই ছিল বিভিন্ন ইন্টার্যাকিটিভ সেশন, যেখানে সব শিক্ষানবিশ নিজ নিজ দেশের চিত্র তুলে ধরার সুযোগ পেয়েছেন। সে দিনের প্রশিক্ষণ শেষে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর স্বয়ং আমাদের সঙ্গে আলাদাভাবে সময় দেন। তিনি আমাদের কথা শোনেন ও অনেক উৎসাহ দেন। শেষ দিন আলোচনা সাজানো হয়েছিল খুবই সময়োপযোগী কিছু সেশন দিয়ে। এগুলোর মধ্যে ছিল আউটরিচ, সামাজিক মাধ্যমের ব্যবহার ইত্যাদি। বিদায় বক্তব্যের সময় মনে হচ্ছিল, এত তাড়াতাড়ি সময় কখন কেটে গেছে, কেউ টেরই পাইনি। আমাদের ফিরতে হাতে আরও দুই দিন ছিল। তাই এই দুই দিনে আমরা পুরো শিকাগো শহর ঘুরে বেড়িয়েছি। দেখেছি শিকাগোর বিভিন্ন দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিল্ড মিউজিয়াম, আর্ট ইনস্টিটিউট, নেভি পিয়ার, অ্যাডলার প্ল্যানেটেরিয়াম, শেড অ্যাকুরিয়াম, ক্লাউড গেট ইত্যাদি। ৪ আগস্ট রাতে আমাদের ফেরার ফ্লাইট ছিল। কিন্তু তখনো যে আমাদের শিকাগোর সবচেয়ে আকর্ষণীয় ও বিখ্যাত জিনিসটাই দেখা বাকি ছিল। সিয়ারস টাওয়ার, বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খানের (এফ আর খান) ডিজাইন করা সেই ১০৮ তলা উঁচু আকাশচুম্বী এক বিস্ময়। এই বিস্ময় চাক্ষুষ দর্শন করে সেদিনই উঠতে হয়েছে বাংলাদেশে ফেরার বিমানে। উল্লেখ্য, আমাদের এই প্রশিক্ষণে এমআইএসটির দুই শিক্ষার্থীর অংশগ্রহণের সব ব্যয়ভার বহন করেছে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক। এ ছাড়া আমাদের প্রস্তুতি ও বিষয়বস্তু বুঝতে সাহায্য করেছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।