জলবায়ু-যুদ্ধের তিন নারী
২০০৭ সালের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তন। ওই সময় দাভোস সম্মেলনে ধনী ও উন্নয়নশীল সব দেশকেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সেবার জি-৮ শীর্ষ সম্মেলনেও বিষয়টি গুরুত্ব পায়। এ সময় অ্যাঙ্গেলা মেরকেল ও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রার ব্যাপারে কঠোর ও নেতৃত্বস্থানীয় অবস্থান গ্রহণ করেন। অনিচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও বেশ খানিকটা নমনীয় করতে সক্ষম হন তাঁরা।পরবর্তী সময়ে বৈশ্বিক আর্থিক মন্দা মাথাচাড়া দিয়ে উঠলে জলবায়ু পরিবর্তনের ইস্যু দৃশ্যপট থেকে হারিয়ে যায়। ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবেশ-অনুকূল জ্বালানির প্রকল্প বাদ দিয়ে স্বাস্থ্য ও কর্মসংস্থান বিলের প্রতি গুরুত্বারোপ করেন। এরপর কোপেনহেগেন জলবায়ু সম্মেলনকেও ব্যর্থ বলে বিবেচনা করা হয়। প্রতিযোগিতার মুখে পড়া জার্মানির শিল্প খাতের স্বার্থে অ্যাঙ্গেলা মেরকেলও তাঁর কঠোর অবস্থান থেকে কিছুটা সরে যান। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন প্রকল্পে চীনের বিপুল বিনিয়োগের ফলশ্রুতিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনেক মাত্রা বেড়ে যায়। বিষয়টি পরিবেশকর্মীদের জন্য হতাশার।ব্রাজিলের মতো উন্নয়ন আর সংরক্ষণের প্রতিদ্বন্দ্বিতা এত জোরালো আর কোথাও নয়। এর সবচেয়ে ভালো উদাহরণ দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন। জনমত জরিপকারীদের চোখ কপালে তুলে ওই নির্বাচনে পরিবেশবাদী গ্রিন পার্টির প্রার্থী ম্যারিনা সিলভা পাক্কা ১৯ শতাংশ ভোট পেয়েছেন। এর ফলে বিগত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার নিজের পছন্দের উত্তরসূরি দিলমা রুসেফ নির্বাচনে সরাসরি জয়লাভ থেকে বঞ্চিত হন। দ্বিতীয় দফা ভোটের আয়োজন করতে হয়। এই দুই নারীর দ্বৈরথ পুরোনো। এর আগে ২০০৮ সালে জলবিদ্যুৎ ও বনের জমিতে সয়াবিন চাষ প্রকল্পের বিরোধিতা করে রুসেফসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ম্যারিনা সিলভা। প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে রুসেফ ওই সব প্রকল্পের পক্ষে ছিলেন। একপর্যায়ে প্রেসিডেন্ট লুলার পরিবেশবিষয়ক প্রধানের পদ থেকে পদত্যাগ করেন সিলভা। ওই সব প্রকল্পের কারণে আমাজনের বন ধ্বংসের মাত্রা অনেক বেড়ে যাবে বলে তখন আশঙ্কা করা হয়েছিল। তবে দেরিতে হলেও সিলভার ইস্যুতে জনসমর্থন দেখে সচকিত হয়েছেন রুসেফ। সম্প্রতি তিনি ‘বিশ্বের ফুসফুস’ হিসেবে খ্যাত আমাজন জঙ্গলে বৃক্ষনিধনের গতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু একই সঙ্গে এই অঙ্গীকার রক্ষা এবং ব্রাজিলের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পারবেন কি না এটাই হবে প্রেসিডেন্ট হিসেবে রুসেফের বড় চ্যালেঞ্জ। একসময় পশ্চিমারা ব্রাজিলের পরিবেশ সংরক্ষণের নীতিকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল। বছর দুয়েক আগে অ্যাঙ্গেলা মেরকেল পরিবেশ সংরক্ষণে ব্রাজিলকে প্রতিশ্রুতি মোতাবেক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানান। তখন জলবায়ু পরিবর্তনের ইস্যুকে বৈশ্বিক আলোচ্যসূচির অগ্রভাগে নিয়ে আসার জন্য মেরকেল প্রশংসিত হন। এ জন্য তাঁকে ‘পরিবেশের বীর’ ও ‘সবুজ দেবী’র উপাধিও দেওয়া হয়। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা কমানোর জন্য বড় ধরনের লক্ষ্যমাত্রা স্থির করেন তিনি। জার্মানিতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করা হয়। ফলে দেশটিতে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। মেরকেল বলেছেন, কার্বন নিঃসরণের মাত্রা কমানোর জন্য করা ব্যয় ‘সঠিক বিনিয়োগ’। কারণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি যুক্তিযুক্ত।তবে পরের তিন বছরে অনেক বদলে গেছেন সেই মেরকেল। এ সময়ে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে চলতে হয়েছে তাঁকে। এ সময় জার্মানির শিল্প খাতের স্বার্থ সংরক্ষণের জন্য তাঁকে চাপের মুখে পড়তে হয়েছে। ২০০৮ সালে মেরকেল ঘোষণা করেন, জার্মানিকে অবশ্যই শক্তিনির্ভর রপ্তানিমুখী শিল্পকে ইইউয়ের কার্বন নিঃসরণ কোটার আওতামুক্ত থাকা নিশ্চিত করতে হবে। মেরকেল ইইউয়ের ‘২০/২০/২০’ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন থেকেও পিছিয়ে যান। অথচ নিজে ইইউয়ের প্রেসিডেন্ট থাকাকালে এটি বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন। ২০/২০/২০ লক্ষ্যমাত্রার অর্থ হচ্ছে, ২০২০ সালের মধ্যে ইউরোপে কার্বন নিঃসরণের মাত্রা ২০ শতাংশ হ্রাস করা, শক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতার ২০ শতাংশ উন্নতি ও ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর। এ লক্ষ্য অর্জনের অন্যতম উপায় হচ্ছে ইউরোপের কার্বন ক্রেডিট কর্মসূচি। এর আওতায় ২০১৩ সাল থেকে ইইউ দেশগুলোর শিল্পকারখানাগুলোকে তাদের নিঃসৃত কার্বনের ক্ষতিপূরণের জন্য নগদ কড়ি গুনতে হবে। কিন্তু মেরকেল জার্মানির কারখানাগুলোকে ২০২০ সাল পর্যন্ত বিনা পয়সায় কার্বন-ক্রেডিট দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যরাও দেখাদেখি এক পথ ধরেছে। এতে করে কার্বন-ক্রেডিট কর্মসূচি পড়েছে জটিলতায়। গত আগস্টে জার্মানির পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানোয় পরিবেশবাদীদের তোপের মুখে পড়েন মেরকেল। ২০২২ সালের মধ্যে পর্যায়ক্রমে এগুলো বন্ধ করার অঙ্গীকার থাকলেও তা পিছিয়ে দিয়েছিল মেরকেল সরকার। বার্লিন দাবি করেছে, একই সঙ্গে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন ও পরিবেশ রক্ষায় পরমাণু শক্তির কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের সংগ্রামে অ্যাঙ্গেলা মেরকেল যখন পিছু হটছেন তখন বিশ্বের আরেক প্রান্ত থেকে দৃশ্যপটে আবির্ভূত হলেন আরেক নারীনেত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তিনি একটি বাজারভিত্তিক কার্বন কর্মসূচি এগিয়ে নিতে চাইছেন। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী গিলার্ডের কথা হচ্ছে, কার্বন নিঃসরণের জন্য মূল্য ধার্য করা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত। নির্বাচনী প্রচারণায় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে আমাদের চড়া মূল্য দিতে হবে।’অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) গিলার্ডের পরিকল্পনার সঙ্গে একমত। অস্ট্রেলিয়ায় জ্বালানি খাতে অনিশ্চয়তা দূর করার জন্য কার্বন নিঃসরণের মূল্য নির্ধারণের জন্য চাপ দিয়েছে ওইসিডি। একটি পরিসংখ্যানে বলা হয়েছে, এটা করতে ব্যর্থ হলে বিদ্যুৎকেন্দ্রের অদক্ষতার জন্য ২০২০ সাল নাগাদ অস্ট্রেলিয়ার ২০০ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হতে পারে। নাগরিকের মাথাপিছু কার্বন নিঃসরণের হিসাবে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষে। আর তারা কয়লার ওপর খুবই নির্ভরশীল। প্রচলিত প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিপুল পরিমাণ গ্রিনহাউস নিঃসরণ করে থাকে। অস্ট্রেলীয় সরকার একটি কর্মসূচি ঘোষণা করেছে, যার মাধ্যমে কার্বন হ্রাসের পদক্ষেপ নিয়ে শিগগিরই কৃষকেরাও আয়ের পথ প্রশস্ত করতে পারবে। যেমন তারা বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জন করতে পারবে, যা বড় কোম্পানি বা সরকারের কাছে বিক্রি করা যাবে। ওই সব সরকারি-বেসরকারি কোম্পানি তাদের নিজেদের সৃষ্টি করা গ্রিনহাউস গ্যাসের ক্ষতিপূরণ হিসেবে ওই ক্রেডিট কিনবে কৃষকদের কাছ থেকে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বছরে ৫৪ কোটি ৩০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড উৎপাদিত হয়।আন্তর্জাতিক কার্বন বাজারের ব্যাপারে আগ্রহী লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফও। কয়েক দশকের গৃহযুদ্ধে দেশটির কৃষি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বনজ সম্পদ। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট সারলিফ কয়েকটি কর্মসূচি নিয়েছেন, যার মধ্যে আছে কৃষকদের প্রশিক্ষণ ও গোলা ফরেস্ট রক্ষায় একটি ‘শান্তি উদ্যান’ প্রতিষ্ঠার উদ্যোগ। জাতিসংঘের রিডিউসিং ইমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন (আরইডিডি) নামে একটি প্রকল্পের আওতায় উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যেও কিছু সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশটির কয়েকজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী কার্বন নিঃসরণ ক্ষতিপূরণ (অফসেট) কর্মসূচির জন্য তারা লাইবেরিয়ার এক-পঞ্চমাংশ বন ওই কোম্পানির কাছে বিক্রি করবেন। কিন্তু, লাইবেরিয়ার বনরাজি প্রত্যাশিত লক্ষ্য পূরণ করতে না পারলে দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।