জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতিপূরণ আদায়ে বিশেষ উদ্যোগ গ্রহণে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি দাবি জানিয়েছেন পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিরা। চট্টগ্রামে জলবায়ু ন্যায্যতা দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।সভায় অবিলম্বে ব্যাপক মাত্রায় কার্বন নির্গমন কমানোর আইনি বাধ্যবাধকতাপূর্ণ প্রোটোকল গ্রহণ, জাতিসংঘের তত্ত্বাবধানে জলবায়ু তহবিলের ন্যায্য ও রাষ্ট্রীয় অংশীদারি নিশ্চিত করা, জলবায়ু-বাস্তুচ্যুত ব্যক্তিদের সর্বজনীন মুক্ত মানুষ হিসেবে প্রবেশাধিকার প্রদান, কার্বন বাণিজ্যের মতো জলবায়ু বিপর্যয়ের অসার পরিকল্পনা বাতিল করা এবং জলবায়ু তহবিলে এনজিও নিয়োগে পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। ১৩ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, গ্রামীণ জীবনযাত্রার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রচার অভিযানের (সিএসআরএল) সহযোগী ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নজির হোসাইনের সভাপতিত্বে সভায় সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী অজয় মিত্র শংকু, সংশপ্তকের সৌরভ বড়ুয়া, এডাব চট্টগ্রামের আবু জাহের, এনজিও ফোরাম চট্টগ্রামের রফিকুল ইসলাম, মানবাধিকার কমিশনের অ্যাডভোকেট ফয়জুর রহমান, নির্মল ফাউন্ডেশনের ডা. সৈয়দ দিদারুল মনির রুবেল, বর্ণালীর সালাহউদ্দীন কবির, পার্কের নজরুল ইসলাম, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা জানে আলম, হারুন গফুর ভূঁইয়া, উন্নয়নকর্মী শাহাদৎ হোসেন, দেলুয়ার হোসেন, সুফিয়া কামাল, জান্নাতুল ফেরদৌস, এওয়ার্কের কায়েদ-ই আজম, মমতার রুহুল মুহিত, সনাতন জেলে সম্প্রদায়ের রতন দাস, নারী নেত্রী রুবি খান প্রমুখ।