জলভরা মেঘ
পরীক্ষা শেষ হওয়ার হাতেগোনা পাঁচ দিনের মাথায় হল থেকে সোজা গ্রামের বাড়িতে চলে এসেছি। বর্ষাকাল। আকাশে অভিমানী মেয়ের মতো জলভরা মেঘ। সেই সঙ্গে আমাদের বাড়ির টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ। সেদিন মঙ্গলবার। সকাল থেকেই একটানা বৃষ্টি। আমি মটকা মেরে কোলবালিশ আঁকড়ে শুয়ে আছি। এবং জানালা দিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি, আমার মায়ের হাতে লাগানো আমগাছের পাতার ওপর বৃষ্টির শব্দ।কিছুক্ষণ বাদে একলা গ্রামে থাকা আমার স্কুল শিক্ষিকা মা রুমে এলেন। আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে বিরক্তি প্রকাশ করে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। এই বয়সেও আমার মা যথেষ্ট সুন্দরী। মাথায় একরাশ মেঘের মতো ঘন কালো চুল। দু-একটা চুলে পাক ধরেছে। কোনো রকম সাজগোজ নেই। কপালে শুধু বড় একটা সিঁদুরের টিপ। মুখে এক ধরনের সারল্য। এই তো দিন পনেরো আগে গ্রীষ্মের ছুটিতে মা চিকিৎসার জন্য ঢাকায় গেলেন। বাবাকে সঙ্গে করে পিসিমণির বাসায় উঠলেন। পিসিমণি বড় ব্যবসায়ী। ইস্টার্ন প্লাজায় নিজস্ব অফিস। নিজেই গাড়ি চালান। ঢাকায় পৌঁছে মা বাবাকে বলেছেন, দেখো, আমি প্রথমেই পুজো দিতে ঢাকেশ্বরীতে যাব, তুমি ব্যবস্থা করো। যে কথা সেই কাজ। আমার বাবা-মাকে প্রথমে ঢাকেশ্বরীতে পুজো দিতে নিয়ে গেলেন। মা পুজো দিয়ে প্রসাদ নিয়ে এলেন। শুক্রবারের দিন মাকে আমি বান্ধবীদের পীড়াপীড়িতে আমার হল বাংলাদেশ-কুয়েত মৈত্রীতে নিয়ে এলাম। এই একটা মাত্র দিনে আমাদের ব্যস্ততা একটু কম থাকে। ঘরোয়াভাবে বান্ধবীরা আমার মাকে সম্মাননা জানালেন, রান্না করে খাওয়ালেন। আগে মা কখনো বিশ্ববিদ্যালয়ে আসেননি। হল-জীবন তাঁর জানা নেই। তাঁর দুই মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়েন। আমাদের দুই বোনের মুখে অভিজ্ঞতাটা জেনেছেন। সন্ধ্যায় ফিরে যাওয়ার মুহূর্তে সবাইকে কাছে ডেকে বলেছেন, ‘দেখো মায়েরা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি, তোমরা কিন্তু পড়ছ। অনেক অনেক দায়িত্ব তোমাদের। ঠিক ঠিক পড়াশোনা কোরো। তোমাদের বড় দায়িত্ব নিতে হবে।’ এরই মধ্যে গোটা ১০ দিন পার হয়েছে। মা খুলনায় ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এই ঢাকা শহরে এত এত মানুষ ও গাড়িঘোড়া, যানজট, উঁচু উঁচু দালান তাঁর আর ভালো লাগছে না। তাঁর কাছে গ্রামটাই ভালো। গ্রামে অভাব-অনটন যা-ই থাকুক, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়।মাকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ল আমার ওপর। মা সকাল থেকে গোছগাছ করছেন। ভোরে উঠে স্নান করে সাদামাটা একটা শাড়ি ও কপালে বড় টিপ পরে নিয়েছেন।পিসিমণি দেশের বাইরে ছিলেন অনেক দিন। অনেক দেশ ঘুরেছেন। ভারত ও সুইডেন থেকে এমবিএ করেছেন তিনি। স্বাধীন জীবন যাপন করতে ভালোবাসেন। প্রচণ্ড যুক্তি দিয়ে কথা বলেন। এখন একটা প্রতিষ্ঠান চালান। যাওয়ার বেলা, হঠাৎ মা পিসিমণিকে প্রণাম করতে উদ্যত হলেন। মাথা নিচু করে যেই ডান হাতটা বাড়িয়েছেন, অমনি পিসিমণি হাতটা ধরে ফেলে পেছনে সরে গেলেন। মুখে বললেন, কী করছ বৌদি! ছি! ছি!পাশে দাঁড়িয়ে থাকা বাবাও মাকে মৃদু তিরস্কার করলেন। ‘হায় হায়! কী করছ তুমি! পরমা তো আমার ছোট, তুমি কেন ওকে প্রণাম করতে যাবে!’মা সবার দিকে বস্ফািরিত চোখে তাকালেন। কিছুটা অসহায় ভঙ্গিতে বললেন, তুমি বুঝছ না কেন, আমি তাঁর শিক্ষাদীক্ষাকে প্রণাম করছি। শ্রদ্ধা জানাচ্ছি।কোয়েল দাশগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়।