জলভেজা 'সাংগ্রাং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাংগ্রাং’ উৎসবে জলকেলিতে মেতে ওঠেন তরুণীরা l প্রথম আলো
‘সাংগ্রাং’ উৎসবে জলকেলিতে মেতে ওঠেন তরুণীরা l প্রথম আলো

নববর্ষ বরণে রাখাইনদের ‘সাংগ্রাং’ উৎসবের মূল আকর্ষণ ‘জলকেলি’। প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শুরু হয় রাখাইন অব্দের নতুন বছর। এ উপলক্ষে আয়োজন করা হয় পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান।
জলকেলির জন্য পাড়া–মহল্লায় তৈরি হয় আকর্ষণীয় মণ্ডপ। রঙিন ফুল ও বেলুন দিয়ে তৈরি মণ্ডপের মাঝখানে রাখা হয় জলভর্তি ড্রাম কিংবা কাঠের নৌকা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তরুণীরা মণ্ডপে গিয়ে তরুণদের অপেক্ষায় থাকেন। বিভিন্ন মহল্লা থেকে তরুণেরা নেচেগেয়ে আসেন মণ্ডপে। এরপর নিজেদের পছন্দের তরুণ-তরুণীরা জল ছুড়ে উৎসবে মেতে ওঠেন। এ ছাড়া মন্দির-প্যাগোডায় চলে ধর্মীয় প্রার্থনা। ঘরে ঘরে খাবারদাবারের পরিবেশনা তো আছেই।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিন অং বলেন, এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়া, আত্মীয়-অনাত্মীয়, ধনী গরিব একসঙ্গে মিলিত হয়ে সুখ ও কল্যাণ প্রার্থনা করা। বিশেষ করে পুরোনো বছরের পাপ-পঙ্কিলতাকে ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়া।
গত বছরের মতো
এবারও কক্সবাজার শহরের টেকপাড়া, চাউল বাজার, বড় বাজার, বৌদ্ধমন্দির সড়ক, টেকনাফের হ্নীলা, চৌধুরীপাড়া, কক্সবাজার সদরের চৌফলদণ্ডী, চকরিয়ার হারবাং, মহেশখালীর গোরকঘাটা, রামুসহ জেলার বিভিন্ন স্থানে ‘সাংগ্রাং’ উৎসবের জন্য ৪০টির বেশি মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে। জেলার ২১টি গ্রামে রাখাইন সম্প্রদায়ের লোকজন আছে প্রায় ৫০ হাজার। ভ্রমণে আসা পর্যটকসহ হাজারো বাঙালি এ উৎসব উপভোগ করেন।