জলাধারেই পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ছোট দারোগা হাট এলাকায় লবণাক্ষ পাহাড়ে সহস্রধারাছড়ার ওপর জলাধার নির্মাণ করা হয়েছিল শুষ্ক মৌসুমে পানির চাহিদা মেটানোর জন্য। এতে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। কিন্তু সেই জলাধারই এখন শুকিয়ে চৌচির। ফলে চাষের জন্য সেচের পানি পাচ্ছেন না কৃষকেরা।কৃষকদের অভিযোগ, জলাধার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) নেতাদের মাছ চাষের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ, তাঁরা বর্ষার সময় মাছ চাষ শুরু করেন। শুষ্ক মৌসুমে মাছ বিক্রির জন্য পানি ছেড়ে দেওয়া হয়। এ কারণে জলাধারে পানি থাকে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সীতাকুণ্ড উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম খান বলেন, কৃত্রিম জলাধার যখন, মাছ চাষ হতেই পারে। এতে সমস্যা হওয়ার কথা নয়। বাঁধটি পানি ধরে রাখতে না পারার কারণ হলো এর একটি গেটের রাবারসিল নষ্ট হয়ে গেছে। এটি লাগাতে আনুমানিক ব্যয় হবে দুই থেকে আড়াই লাখ টাকা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে তা লাগিয়ে দেওয়া হবে।উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, সহস্রধারা ক্ষুদ্রাকার পানি উন্নয়ন উপপ্রকল্পের আওতায় ২০০৮ সালে জলাধারটি নির্মাণ করে। এতে ব্যয় হয় এক কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা। নির্মাণকাজ শেষে এটি তদারকের দায়িত্ব দেওয়া হয় পাবসসকে।সরেজমিনে দেখা গেছে, জলাধারের বাঁধের স্লুইসগেটি খোলা রয়েছে। জলাধারে পানি নেই। শুকিয়ে মাটি ফেটে চৌচির। স্থানীয় লোকজন এখন জলাধারের ভেতর দিয়ে চলাফেরা করছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে বারৈয়ারঢালা ও সৈয়দপুর ইউনিয়নের ছোট দারোগাহাট নুনাছড়া, ইয়াকুবনগর, পূর্ব লালানগর, পশ্চিম লালানগর, জাফরনগর, কলাবাড়িয়া ও ধর্মপুর গ্রামে কৃষিকাজে এ ছড়ার পানি ব্যবহার করা হয়। কিন্তু জলাধারে পানি না থাকায় আশপাশের এলাকার অন্তত ১০০ হেক্টর কৃষিজমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।ছোট দারোগাহাট এলাকার কৃষক রহিম উদ্দিন বলেন, ‘বড় বাঁধ দেওয়ার আগে আমরা ছোট ছোট বাঁধ তৈরি করে পানি জমিয়ে রাখতাম। প্রয়োজনে তা ব্যবহার করতাম। এ বাঁধ নির্মাণের পর আমরা আর পানি সংরক্ষণ করি না। কিন্তু এখন শুষ্ক মৌসুমের আগে মাছ ধরার জন্য জলাধারের পানি ছেড়ে দেওয়া হয়। তখন থেকে বাঁধের স্লুইসগেটের দরজা খোলা থাকে বলে কোনো পানি জমা থাকে না।’ পানি ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রায়হায় উদ্দীন বলেন, বাঁধ রক্ষণাবেক্ষণ সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধের কারণে জলাধারে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলীকে অবগত করেছি। পাবসসের সাধারণ সম্পাদক আবদুল মজিদ সভাপতির সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সভাপতির কারণে কিছুই হচ্ছে না। তা ছাড়া আমরা আনুষ্ঠানিকভাবে মাছ চাষ করিনি।’নুরুল মোস্তাফা বিরোধ প্রসঙ্গে বলেন, কাণ্ডজ্ঞানহীন মানুষটাকে আমি আর কী বলব! তিনি আরও বলেন, মাছ চাষের কারণে নয়, স্লুইসগেটের রাবারসিল নষ্ট হয়ে যাওয়ায় পানি থাকছে না।এ ব্যাপারে ইউএনও শাহীন ইমরান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো কিছু জানি না। কীভাবে জলাধারে পানি ধরে রাখা যায় এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’