জলাবদ্ধতা অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মন্জুর আলম মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন
মোহাম্মদ মন্জুর আলম মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন

মোহাম্মদ মন্জুর আলম
মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন
সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম তিন বছরের কার্যক্রম নিয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। 
প্রথম আলো: ৫৬ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিন বছরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি কী রকম?
মেয়র: স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি। এখনো হিসাব করে দেখিনি। এটুকু বলতে পারি, আমরা অনেকদূর এগিয়ে গেছি।
প্রথম আলো: আপনার প্রথম প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতামুক্ত নগর। কিন্তু তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ নগরবাসীর।
মেয়র: নগরের জলাবদ্ধতার মূল কারণ মাস্টার ড্রেনেজ প্ল্যান-১৯৯৫ বাস্তবায়িত না হওয়া। এ ছাড়া, নগরের পানি নিষ্কাশনব্যবস্থা কয়েকটি মাত্র খালের ওপর নির্ভরশীল। তাই নতুন করে একটি খাল খননের জন্য সরকারের কাছে প্রকল্প দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা থাকবে না। তবে গত তিন বছরে জলাবদ্ধতা অনেক সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখন যা হয় তা জলজট, কোনভাবেই জলাবদ্ধতা নয়। জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করতে সরকারের আন্তরিকতার পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
প্রথম আলো: পরিচ্ছন্ন নগর হিসেবে চট্টগ্রামের সুনাম ছিল। সে সুনাম আর নেই-আপনার মন্তব্য?
মেয়র: পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এডিবির অর্থায়নে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় নগরের বিভিন্ন পয়েন্টে ১২টি সেকেন্ডারি ট্রান্সপ্ল্যান্টেশন স্থাপন করা হবে। বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আবর্জনা সংগ্রহ করে এখানে রাখা হবে। এ ছাড়া, নগরবাসীকে সচেতন করতে প্রচারণা চালানো হবে।
প্রথম আলো: স্বাস্থ্যসেবায় করপোরেশনের ইতিবাচক ভূমিকা ছিল, কিন্তু বর্তমানে এর মান পড়তির দিকে-এ বিষয়ে আপনার বক্তব্য কি?
মেয়র: সামপ্রতিক সময়ে করপোরেশনের সেবার মান কিছুটা কমেছে। ভালো কিছু চিকিৎসক অন্যত্র চলে গেছেন। এ কারণে সেবার মানে ব্যাঘাত ঘটেছে। তবে শূন্যপদগুলো পূরণে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সেবার মান আরও বাড়বে।
প্রথম আলো: নগরের রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ আছে?
মেয়র: ১৪০ কোটি টাকা ব্যয়ে নগরের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে এডিপি হতে পাওয়া যাবে ৭০ কোটি টাকা। বাকি টাকা করপোরেশন থেকে দেওয়া হবে।
এ ছাড়া, বর্তমানে নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণ ও ফ্লাইওভার নির্মাণের কাজ করছে। নির্মাণকাজ শেষে চউক এসব রাস্তা আমাদের বুঝিয়ে দেবে। তখন শহরের চেহারায় পরিবর্তন আসবে।