
জলাবদ্ধতা ও পরিচ্ছন্ন নগর এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মূল ইস্যু। গত কয়েক বছরে এই দুটি সমস্যায় বেশি ভুগেছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনের প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ খরচ করলেও অবস্থার উন্নতি হয়নি।
নতুন নগরপিতা ও কাউন্সিলরদের কাছে প্রথমত এই দুটি সমস্যারই সমাধান চান নগরের মানুষ। প্রার্থীরাও দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে তাঁদের নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিচ্ছেন।
সিটি করপোশেনের ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সরকার গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও মনে করছেন, এবারের নির্বাচনে আলোচিত ইস্যু হচ্ছে এই দুটি। বিজয়ী প্রার্থীদের মূল চ্যালেঞ্জই হবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।
২০১০ সালের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে জয়–পরাজয়ের মূল নিয়ামক হিসেবে কাজ করেছিল জলাবদ্ধতা ইস্যু। ওই বছরের ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের দুদিন আগে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে তলিয়ে গিয়েছিল ৩০টি ভোটকেন্দ্র। মোহাম্মদ মনজুর আলমের ৫৬ দফা নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল নগরের জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। নির্বাচনে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন মনজুর আলম।
তবে মেয়রের দায়িত্ব পালনকালে মনজুর আলম তাঁর প্রধান প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে নগরবাসীর অভিযোগ। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। সর্বশেষ গত বছরের জুনে টানা তিন দিনের বৃষ্টিতে তলিয়ে যায় নগরের অধিকাংশ এলাকা। এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে করপোরেশনের কার্যকর ভূমিকা ছিল না বলে অভিযোগ রয়েছে।
ইশতেহার সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নগরবাসী সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে থাকে জলাবদ্ধতা নিয়ে। আমার একটি ভিশন থাকবে জলাবদ্ধতার সমস্যা স্বল্প সময়ের মধ্যে সমাধান করা। শুধু জলাবদ্ধতা নয়, পূর্ণিমার জোয়ারে যে আগ্রাবাদ এলাকা ডুবে যায়, তারও সমাধান জরুরি। এরপর চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি থাকবে ইশতেহারে।’
মনজুর আলম পদত্যাগের পর দায়িত্ব হস্তান্তরের সময় আনুষ্ঠানিক বক্তব্যে বলেন, ‘নগরে এখন আর জলাবদ্ধতা হয় না। যেটি হয় সেটি জলজট। এর মূল কারণ আমরা চিহ্নিত করেছি। কর্ণফুলী নদী খনন না হওয়া ও জলাধারের সংখ্যা কমে যাওয়াতে অল্প বৃষ্টিতেই নগরে পানি জমে যাচ্ছে। কর্ণফুলী নদী ভালোভাবে খনন করলে এ সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে। আমাদের আগে কেউ ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। আমরা জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে একটি একনেকে পাস হয়েছে, অন্যটি প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া গত ৫৭ মাসে চট্টগ্রামের উন্নয়নে ৯০০ কোটি টাকা ব্যয় করেছি।’
সম্প্রতি ‘নগর পরিস্থিতি: বাসযোগ্য চট্টগ্রামের জন্য শাসন ব্যবস্থা’ শীর্ষক একটি গবেষণা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের মূল সমস্যাগুলোর অন্যতম ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, খাওয়ার পানির সংকট ও রাস্তাঘাটের বেহাল অবস্থা। এসব সমস্যার কারণে চট্টগ্রাম নগর দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। তাই আগামী সিটি করপোরেশন নির্বাচনে যিনি জয়লাভ করবেন, তাঁর প্রধান চ্যালেঞ্জ হবে এসব সমস্যার সমাধান করা।
সিটি করপোরেশনের গত চার বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন কাজে বিপুল অঙ্কের টাকা খরচ করে করপোরেশন। তবে এর সুফল পায়নি নগরবাসী।
করপোরেশনের বাজেট বই ও বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখা যায়, গত চার বছরে নগরের বিভিন্ন খাল-নালার ১৪৭ কিলোমিটার অংশ থেকে মাটি উত্তোলন ও অপসারণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এ সময়ে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১৪০ কিলোমিটার নালা-নর্দমা নির্মাণ করা হয়েছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে ৩৭ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) আওতায় তিন কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৮৬ কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়।
জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় এ রকম এলাকার একটি হচ্ছে বাকলিয়া। করপোরেশনের জলাবদ্ধতা নিরসনবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও পশ্চিম বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জলবদ্ধতা সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা চলছে। কিন্তু করপোরেশনের লোকবল ও তহবিলসংকট রয়েছে। এলাকাবাসী নালা-নর্দমা ভরাট করে ফেলছে। এসব কারণে তা সম্ভব হচ্ছে না। নতুন খাল খনন না হলে এ সমস্যা পুরোপুরি নিরসন করা সম্ভব নয়।
নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল চকবাজার, বাকলিয়া এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। চাক্তাই খালের সঙ্গে সংযুক্ত হিজড়া খাল প্রবাহিত হয়েছে নগরের বাগমনিরাম, প্রবর্তক, কাতালগঞ্জ, কাপাসগোলা দিয়ে। নিয়মিত খননের অভাবে খালে পলি জমেছে। নগরের দুই নম্বর গেট, মুরাদপুর, শুলকবহর ও সুগন্ধা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ মির্জা খাল। অবশ্য গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে এই খাল খনন করেছে করপোরেশন। নগরের আগ্রাবাদ, হালিশহর, গোসাইলডাঙ্গা এলাকায় জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে কর্ণফুলী খালের সঙ্গে সংযুক্ত মহেশ খাল। জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে বছরের অর্ধেক সময় দুর্ভোগ পোহাতে হয় এসব এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা এই খালের মুখে জলকপাট (স্লুইসগেট) নির্মাণের দাবি জানিয়ে এলেও এখনো তা পূরণ হয়নি।
সিটি করপোরেশনের মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচনেও মূল ফোকাস থাকবে জলাবদ্ধতার ওপর। এটি চট্টগ্রামের বড় সমস্যা। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে চট্টগ্রামের ৬০ লাখ মানুষ কষ্ট পায়। তাই আগামী নির্বাচনে যিনি মেয়র হবেন, তাঁকে এ সমস্যা নিরসনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সরেজমিনে দেখা যায়, নগরের তিনপোলের মাথা, রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজার ও আউটার স্টেডিয়াম, আলমাস সিনেমা হল মোড়, নাসিরাবাদ আবাসিক এলাকা, আসকারদীঘি, চকবাজারের কাঁচাবাজার, দিদার মার্কেট, চট্টেশ্বরী মোড়, চকবাজারের প্যারেড কর্নার, জিইসি মোড়, চান্দগাঁও আবাসিক এলাকা, বকশির হাট, এনায়েত বাজার ও বিআরটিসি এলাকার ডাস্টবিন ও এর আশপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে।
নগরের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয়কৃষ্ণ চৌধুরী বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে বলেন, ওয়ার্ড এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য আগে সেবক ছিলেন ৫৫ জন। এখন আছেন ৪১ জন। আর গত পাঁচ বছরে ওয়ার্ডের লোকসংখ্যা ৭২ থেকে বেড়ে হয়েছে ৯৫ হাজার। ফলে জনবলসংকটের কারণে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, গতবারের নির্বাচনে জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার মতো মূল ইস্যুগুলোর কোনোটিই এখনো অর্জিত হয়নি। নগরের এখনো প্রধান সমস্যা জলাবদ্ধতা। প্রার্থীরা এই ইস্যুটাকে সমাধান না করে বরং ব্যবহার করছেন। এই সমস্যা সমাধানে সব সংস্থাকে সমন্বয়ের মধ্যে কাজ করতে হবে। নির্বাচিত মেয়র যদি এই দায়িত্ব না নেন তাহলে জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে না।