জলাবদ্ধতা ও যানজটে নাকাল আনোয়ারার চৌমুহনী বাজারের ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে যানজট ও জলাবদ্ধতার কারণে নাকাল হচ্ছেন যাত্রী ও ক্রেতারা। উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বঁাশখালী) সড়কে অবস্থিত চাতরী চৌমুহনী বাজার দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। তবে বৃষ্টি হলেই পানি জমে সড়কে। এ ছাড়া বাজারের ওপর দিয়ে চলে যাওয়া সড়কে লেগে থাকে যানজট।
চাতরী বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেলে আশপাশের কারখানা ও অফিস ছুটি হলে ঘরমুখী মানুষের চাপ বাড়ে। ফলে চাতরী বাজারে যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় বাজারের তিন পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, টেম্পো–অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কের ওপর ইচ্ছেমতো পার্কিং করার কারণেই যানজট হচ্ছে। এমনকি শুক্রবারেও যানজটের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। এ ছাড়া সাম্প্রতিক বৃষ্টির কারণে চাতরী এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কাদাপানি মাড়িয়ে বাজারে যেতে হচ্ছে ক্রেতাদের।
যানজট প্রসঙ্গে অটোরিকশার চালক মো. আছাদ বলেন, প্রতিদিন যাত্রী নিয়ে ঘরে ফেরার পথে আধা ঘণ্টার বেশি সময় নষ্ট হয়। বাজারের তিন পাশে চালকেরা যাত্রী ওঠানো–নামানোয় যানজটের সৃষ্টি হয়। ফলে কষ্ট পেতে হয় সবাইকে।
বাজারের কাদাপানি ও জলজট প্রসঙ্গে বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, বাজারের সর্বত্রই ময়লা পানি আর কাদায় ভরা। এ কারণে ক্রেতারা বাজারে আসতে চান না। তাই এ সমস্যার সমাধান হওয়া জরুরি।
উপজেলার রায়পুরের বাসিন্দা ও স্কুলশিক্ষক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘চাতরী বাজারে এলে বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হয়। তাই অনেকটা নিরুপায় হলেই এ বাজারে আসি।’
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাতরীর যানজট ও জলজট কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।