জলাবদ্ধতা: চাষ হয়নি ১০০ একর জমিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদারপাড়া বিলে এবার ১০০ একর জমিতে আমনের হচ্ছে না। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প এলাকায় বসানো পাইপ দিয়ে বৃষ্টির পানি স্বাভাবিক গতিতে নিষ্কাশন না হওয়ায় বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানান স্থানীয় লোকজন। জানা যায়, পোমরা ইউনিয়নের খান মসজিদসংলগ্ন প্রায় ৩৩ একর ফসলি জমি অধিগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। ২০০৯ সালের মাঝামাঝি সময় ওই জমি ভরাট করা হয়। যাতায়াতের জন্য এ সময় কাপ্তাই সড়কের পাশে ৩০ ফুট প্রশস্ত নালাটিও ভরাট করে ফেলা হয়। পরে ওয়াসা কর্তৃপক্ষ নালায় দুটি বড় পাইপ বসালেও তা দিয়ে স্বাভাবিক গতিতে পানি চলাচল করতে পারে না। কৃষকেরা জানান, আগস্ট মাসের শুরুর দিকে তাঁরা বিলে আমন চাষাবাদ শুরু করেন। গত ২০ আগস্ট পর্যন্ত কৃষকেরা বিলের ২০০ একর জমিতে আমনের চারা রোপণ করা হয়। কিন্তু গত ২১ আগস্ট দুই দফা বৃষ্টির পর পানি জমে ১০০ একর জমির রোপা আমন ডুবে যায়। এর মধ্যে প্রায় ৬০ একর জমির রোপা আমনের চারা নষ্ট হয়ে যায়। কৃষক পরিমল দাশ (৩৭) জানান, বিলে তাঁর ৭০ শতক জমি রয়েছে। ওই জমি পানিতে ডুবে থাকায় সময়মতো আমন চাষ করতে পারেননি। কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমার এক একর জমিতে এখনো হাঁটুসমান পানি জমে আছে।’ উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান জানান, বিলের প্রায় ৭০০ একর জমিতে আমন চাষাবাদ হয় প্রতিবছর। কিন্তু জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে এবার প্রায় ১০০ একর জমিতে আমন চাষাবাদ করতে পারেনি কৃষকেরা। এ প্রসঙ্গে পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কবির বলেন, ওয়াসার বসানো পাইপগুলো সরু, যা বসানোর সময় আপত্তি জানিয়েছিল স্থানীয় লোকজন। ওয়াসা কর্তৃপক্ষ তখন এগুলো এক বছরের জন্য অস্থায়ীভাবে বসানোর কথা বলেন। পরে পাকা নালা তৈরির প্রতিশ্রুতি দিলেও তা এখনো পূরণ করেনি।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহ বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রকল্প বাস্তবায়ন কাজে নিয়োজিত প্রকৌশলীকে বলা হয়েছিল। কিন্তু তিনি কেন এখনো পদক্ষেপ নেননি তা খোঁজ নেওয়া হবে। তা ছাড়া অচিরেই পাকা নালা নির্মাণ করে সমস্যাটির স্থায়ী সমাধান করা হবে।