জলাবদ্ধতামুক্ত নগর গড়ার কাজে গলদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের বর্ষায় নগরকে জলাবদ্ধতামুক্ত রাখতে ঢাকঢোল পিটিয়ে খাল ও নালার খননকাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু পয়লা বৈশাখ সকালে বছরের প্রথম বৃষ্টিতে কয়েকটি এলাকা আগের মতোই পানিতে তলিয়ে যায়। ফলে সিটি করপোরেশনের জলাবদ্ধতামুক্ত নগর গড়ার কার্যক্রম নিয়ে শুরুতেই প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, গত বছরের ১৭ জুনের সিটি করপোরেশন নির্বাচনের আগে জলাবদ্ধতামুক্ত শহর উপহার দেওয়ার অঙ্গীকার করেছিলেন মোহাম্মদ মন্জুর আলম। মেয়রের দায়িত্ব নিয়েই জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত একটি স্বতন্ত্র স্ট্যান্ডিং কমিটি গঠন করেন তিনি। কমিটির প্রধান করা হয় একজন ওয়ার্ড কাউন্সিলর সদস্যসচিব জ্যেষ্ঠ প্রকৌশলীকে। এ কমিটির তদারকিতে এ বছর শুকনো মৌসুমে খাল ও নালা সংস্কারের কাজ শুরু হয়।প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা সংস্কারসহ বাস্তবমুখী ও কার্যকর কিছু উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ মন্জুর আলম। ফলে ২০০৮ সালের বর্ষায় নগরে তেমন জলাবদ্ধতা হয়নি। মেয়র হওয়ার পরপরই এ ব্যাপারে তাঁর উদ্যোগে আশাবাদী হয়েছিল নগরবাসী। সিটি করপোরেশনের জলাবদ্ধতাসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিজয় কুমার চৌধুরী প্রথম আলোকে জানান, বর্ষা মৌসুম সামনে রেখে খাল ও নালা খনন এবং সংস্কারের জন্য ১২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বিভিন্ন খাল খনন এবং খনন করা মাটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগে খালের মাটির চাহিদা থাকায় ঠিকাদারেরা তা চড়া দামে বিক্রি করতে পারতেন। কিন্তু এ বছর চাহিদা কম। ঠিকাদারেরা বলছেন, মাটি নিয়ে তাঁরা বিপাকে আছেন। প্রত্যাশা অনুযায়ী খাল খনন না হওয়ার এটাও অন্যতম কারণ। তবে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা খননের কাজ পুরোদমে চলছে। ঠিকাদারের পাশাপাশি নিজস্ব লোকবল দিয়েও খাল খননের কাজ করছি। সিটি করপোরেশনের নিজস্ব ১০টি খননযন্ত্রের (স্কেবেটার) সঙ্গে আরও পাঁচটি স্কেবেটার ভাড়ায় নিয়ে চাক্তাইসহ বড় খালগুলো থেকে মাটি তোলা হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী দিনভিত্তিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে অনেক ঠিকাদার সময়মতো কাজ শেষ করতে পারছেন না।’অভিযোগ রয়েছে, দরপত্রে যেভাবে, যে পরিমাণ খাল ও নালা খননের কথা ছিল, বাস্তবে বেশির ভাগ এলাকায় সেভাবে খনন হয়নি। চাক্তাই খালের ভাটির দিকে তুলনামূলক বেশি খনন করা হয়েছে। কিন্তু দেওয়ানবাজার, চকবাজার, বাকলিয়া এলাকায় এখনো খালভর্তি মাটি রয়েছে। কোনো কোনো এলাকায় সে মাটি সবুজ ঘাসে ছেয়ে গেছে।জানা গেছে, ঘাসিয়াপাড়া ও বারইয়াপাড়ায় ঠিকাদারেরা স্কেবেটার দিয়ে মাটি খনন করেছেন। এখানে দিনে আট ঘণ্টা মাটি কাটার কথা থাকলেও কাটা হয়েছে তিন-চার ঘণ্টা। ফলে জোয়ারের পানিতে খালের মাটি ডুবে গেলেও ভাটার সময় তা আবার উঠে আসে। খালের বিভিন্ন স্থানে পলিথিন ও আবর্জনা স্তূপ হয়ে আছে। চান্দগাঁও ও বহদ্দারহাট এলাকার লোকজন অভিযোগ করেন, ঠিকাদারেরা খালে স্কেবেটার নামিয়ে এদিক-ওদিক ঘুরিয়ে কিছু মাটি তুলে চলে গেছেন। খালের মাটি খালেই রয়ে গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি অতীতের চেয়ে খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় লোকজন।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, খাল খনন সরেজমিন দেখতে মেয়র মোহাম্মদ মন্জুর আলম নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট এলাকার লোকজন তাঁকে খাল খননে অনিয়ম সম্পর্কে জানিয়েছেন। এ ব্যাপারে মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে। ঠিকাদার মাটি কোথায় রাখবেন সেটা তাঁদের ব্যাপার। আমি খালে কোনো আবর্জনা দেখতে চাই না।’ ঘাসিয়াপাড়ার ব্যবসায়ী মুফিজুর রহমান বলেন, ‘জোয়ার ও বৃষ্টির সময় মনে হয় খাল খনন করা হয়েছে। কারণ তখন খাল পানিতে ভরা থাকে। কিন্তু পানি নেমে গেলে দেখা যায় খালের গভীরতা তিন ফুটও নেই। এভাবে প্রতিবছর খালের মাটি তোলার নামে জনগণের টাকা নয়-ছয় করার কোনো মানে হয় না। এসব কাজের আরও নিবিড় তদারকি দরকার।’ সিটি করপোরেশনের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব ও সাবেক প্রধান প্রকৌশলী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘চকবাজার ও আশপাশের এলাকায় খাল খননের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা ধুপিনীর পুল এলাকায় প্রতিদিনই মাটি সরিয়ে নিচ্ছি। চাক্তাই খালের বিভিন্ন শাখা খালের মাটি এখানে এসে জমা হয়। ফলে ওই জায়গা থেকে মাটি সরানো গেলে খালের ওপরের মাটি এখানে চলে আসবে।’