
‘জনপ্রতিনিধিরা কী করেন বুঝি না। পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি না করে সামান্য গর্ত করে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা পানির ওপর দিয়ে যাতায়াত করছি। জানি না, আমাদের ভোগান্তির শেষ কবে হবে।’
সাতকানিয়ার উত্তর কালিয়াইশ মিজ্জিপাড়া খানবাড়ি এলাকার কাঠগড়-আলমগীর সড়কের ময়লা পানি মাড়িয়ে যাওয়ার সময় আক্ষেপ করে কথাগুলো বলছিলেন পথচারী মুহাম্মদ আলী (৫৩)। তাঁর সঙ্গে সুর মেলান অন্য এক ভুক্তভোগী আহমদ হোসেন (৬০)। তিনি যোগ করেন, ‘নালার জন্য বরাদ্দ টাকা নয়-ছয় করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।’
এলাকাবাসী জানান, কালিয়াইশ ইউনিয়নের কাঠগড় ও আলমগীর সড়কের মিজ্জিপাড়া খানবাড়ি এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টি হলেই দুই ফুট পানি জমে এ সড়কের ওপর। সড়কের পাশে রয়েছে একটি পরিত্যক্ত ডোবা।
ডোবার পাশেই পার্শ্ববর্তী বাসিন্দাদের শৌচাগার। বৃষ্টির সময় ডোবায় জমা পানির সঙ্গে ময়লা এসে পড়ে সড়কে। এ ময়লা পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন পথচারীরা। এলাকার লোকজন জানান, এ সড়ক দিয়ে উত্তর কালিয়াইশের বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়নের লোকজন চলাচল করে। দোহাজারী, মৌলভির দোকান, বিওসির মোড় ও কেরানীহাটে যোগাযোগের প্রধান মাধ্যম এ সড়ক। বিভিন্ন বিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষার্থীও এ সড়ক দিয়ে যাতায়াত করে। এলাকার শিক্ষক মুহাম্মদ হামিদ হোসাইন বলেন, ‘একসময় বৃষ্টির পানি পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তির ভিটার ওপর দিয়ে অন্যদিকে প্রবাহিত হতো। কিন্তু ওই ব্যক্তির মাটির ঘর ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি পানি চলাচল বন্ধ করে দেন। সেই থেকে মিজ্জিপাড়া খানবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জনপ্রতিনিধিরা উদ্যোগ নিলে সমস্যার সমাধান করা সম্ভব।’
এলাকার কৃষক আবদুল মান্নান বলেন, চেয়ারম্যান-মেম্বাররা এলা- কার উন্নয়নে আন্তরিক হলে কাঠগড়-আলমগীর সড়কে এ জলাবদ্ধতার সৃষ্টি হতো না।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ৭৮ হাজার টাকা ব্যয়ে ৪৫০ ফুট দীর্ঘ একটি নালা তৈরির কিছুদিন আগে শুরু হয়েছিল। কিন্তু নালাটির কাজ শেষ না করেই মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে শঙ্খ নদের দিকে নালা করা হয়েছিল। কিন্তু বরাদ্দের তুলনায় নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় কাজ শেষ করা যায়নি। নতুন বরাদ্দ পাওয়া গেলে এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ শেষ করা হবে।