জলাবদ্ধতার আতঙ্কে কাটে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিপাত কিংবা পূর্ণিমা-অমাবস্যায় কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয় চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার (ওপরে)। ফাইল ছবি
ভারী বৃষ্টিপাত কিংবা পূর্ণিমা-অমাবস্যায় কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয় চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার (ওপরে)। ফাইল ছবি

চাক্তাই-খাতুনগঞ্জের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গত ১৬ মে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ১০ দফার স্মারকলিপি দেয় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এর পাঁচ দিন পরই ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে তলিয়ে যায় খাতুনগঞ্জের বেশির ভাগ এলাকা। পানি ঢুকে পড়ে গুদাম-দোকানে। ব্যবসায়ীদের দাবি, এতে ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকার।
দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতার ক্ষতি বেড়েই চলেছে। জোয়ারের সময় ভারী বৃষ্টিপাত হলে কর্ণফুলী নদীর পানি চাক্তাই ও রাজাখালী খাল হয়ে ঢুকে পড়ছে বাজারে। আবার পূর্ণিমা-অমাবস্যা হলেও জোয়ারের পানিতে সয়লাব হয়ে যায়। শীত মৌসুম ছাড়া বছরের বাকি সময় ব্যবসায়ীদের দিন কাটে জলাবদ্ধতার আতঙ্কে।
ব্যবসায়ীরা জানান, রোয়ানুর আগে বড় আকারে ব্যবসায়ীদের ক্ষতি হয় ২০১০ সালে। ওই বছর জলাবদ্ধতায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়। তখনো জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন ব্যবসায়ীরা। এ ছাড়া বিভিন্ন সময় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে ধরনা দিয়ে আসছেন ব্যবসায়ী নেতারা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিবছর জোয়ারজনিত জলাবদ্ধতায় চাক্তাই-খাতুনগঞ্জের শত শত কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট হচ্ছে। কিন্তু সরকার, সিটি করপোরেশন কিংবা চট্টগ্রামের মন্ত্রী-সাংসদেরা জলাবদ্ধতা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ সমস্যা সমাধানে এখনই নজর না দিলে একসময় পাইকারির বাজারের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন ভোগ্যপণ্যের সংকটও সৃষ্টি হতে পারে।
এ সমস্যা নিরসনের জন্য কর্ণফুলী নদী খনন, চাক্তাই ও রাজাখালী খাল আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং খাল দুটির মুখে জলকপাট (স্লুইসগেট) স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, ব্যবসা টিকিয়ে রাখতে হলে এসব করার কোনো বিকল্প নেই।
ব্যবসায়ীরা জানান, আগে চাক্তাই ও রাজাখালী খালের নৌপথে বাজারের বেশির ভাগ পণ্য পরিবহন হতো। কিন্তু ভরাট ও অবৈধ দখলে খালের প্রশস্ততা সংকুচিত হয়ে পড়ায় নৌপথ অনেকটা বন্ধ হয়ে গেছে। আর খালের পাড় উপচে পানি ঢুকে পড়ছে বাজারে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন প্রথম আলোকে জানান, চাক্তাই-খাতুনগঞ্জে প্রায় চার হাজার ব্যবসায়ী রয়েছেন। এই দুই পাইকারি বাজারে প্রায় ১৫ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। জোয়ারের সময় দোকান ও গুদামগুলোর নিচতলা পানিতে ডুবে পণ্য ভিজে পচে যায়। তখন ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।

দোকান-গুদামে পানি ঢুকে নষ্ট হয় ভোগ্যপণ্য l ফাইল ছবি
দোকান-গুদামে পানি ঢুকে নষ্ট হয় ভোগ্যপণ্য l ফাইল ছবি

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ সালের পর থেকে জোয়ারজনিত জলাবদ্ধতার সমস্যা দেখা যায়। প্রথম দিকে এ সমস্যাটি তেমন প্রকট ছিল না। গত তিন বছর ধরে তা ভয়াবহ আকার ধারণ করেছে।
গত ১৫ বছরে জলাবদ্ধতার কারণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার নির্দিষ্ট কোনো হিসাব না থাকলে তা হাজার কোটি টাকা হবে বলে জানান ব্যবসায়ী নেতারা।
এ দিকে সিটি করপোরেশনের মেয়রকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবি ছিল নৌপথে বাণিজ্য পুনরুদ্ধার ও সম্প্রসারণের জন্য কর্ণফুলী নদীর কার্যকর খনন এবং চাক্তাই খালসহ উপখালগুলো নৌ চলাচলের উপযোগী করে তোলা। কর্ণফুলী নদী ও চাক্তাই খালের নাব্যতা সংকটের কারণে নৌ-বাণিজ্যে সংকট সৃষ্টি হয়েছে। তাই এর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এ ছাড়া খাতুনগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত বদর খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল সংস্কারের দাবি জানানো হয়।
ব্যবসায়ী নেতা মুহাম্মদ জামাল হোসেন প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদী ঠিকভাবে খনন করা হলে চাক্তাই ও খাতুনগঞ্জের জলাবদ্ধতা অনেকাংশেই দূর হয়ে যাবে। এ ছাড়া চাক্তাই ও রাজাখালী খালকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হলে আর জলাবদ্ধতা হবে না। এ জন্য সিটি করপোরেশন, বন্দর ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
চাক্তাইয়ের মনসা স্টোর ও বেঙ্গল রাইস মিলের স্বত্বাধিকারী ওমর আজগর প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদী ও চাক্তাই খাল ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে চাক্তাই ও খাতুনগঞ্জ তলিয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সামনের বর্ষায় অবস্থা যে কী হয়, বুঝতে পারছি না। কারণ, দিন দিন জলাবদ্ধতা বাড়ছে।
এ ছাড়া চাক্তাই ও খাতুনগঞ্জের পাঁচজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁরা প্রতিবছর সিটি করপোরেশন ও সরকারকে যে পরিমাণ রাজস্ব দেন, তার বিপরীতে তেমন কোনো সেবা পান না। জলাবদ্ধতা নিরসন সিটি করপোরেশনের কাজ হলেও এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেই সংস্থাটির।
জানতে চাইলে সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, চাক্তাই খাতুনগঞ্জের সমস্যা নিরসনে স্লুইসগেট ও বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।