জলাবদ্ধতার ফাঁদে বিপণিকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝারি থেকে ভারী বর্ষণে জলাবদ্ধতার ফাঁদে পড়ছে নগরের শতাধিক বিপণিকেন্দ্র (মার্কেট)। বর্ষায় পায়ের গোড়ালি থেকে কোমর-পানিতে তলিয়ে যায় এসব বিপণিকেন্দ্রের প্রায় তিন হাজার দোকান। শুধু চলতি বর্ষায় বিভিন্ন দফায় ৩০ মিনিট থেকে দুই-আড়াই ঘণ্টা স্থায়ী জলাবদ্ধতায় পানিতে ভিজে নষ্ট হয়েছে প্রায় ৩০ কোটি টাকার মালামাল। এ বর্ষায় চকবাজার, বহদ্দারহাট, ষোলশহর, তামাকুমণ্ডি লেন, রিয়াজউদ্দিন বাজার ও ফিরিঙ্গিবাজার এলাকার বিপণিকেন্দ্রে এক থেকে ৪৫ বার পানি উঠে এ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আরও জলাবদ্ধতা ও ক্ষতির আশঙ্কায় আছেন তাঁরা। জানা যায়, মাঝারি বৃষ্টিপাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় চকবাজার এলাকায়। ১৫-২০ মিনিটের বৃষ্টিতেই বিপণিকেন্দ্রগুলোতে পানি ঢুকে পড়ে। এলাকার আধুনিক চকসুপার মার্কেট, মান্নান সুপার মার্কেট, নজরুল মার্কেট ও কাঁচাবাজারসহ আশপাশের বিপণিকেন্দ্রের ৬০০ দোকানে দুই থেকে ৪৫ বার পানি ঢুকে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকেরা দাবি করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের আধুনিক চক সুপার মার্কেটের তৈরি পোশাক বিক্রেতা শাহ আমানত গার্মেন্টসের মালিক মৃদুল পাল বলেন, ‘বিপণিকেন্দ্রের চারদিকে দেয়াল থাকার পরও গত মাসে দুইবার পানি ঢুকে আমার দোকানের এক লাখ ৪০ হাজার টাকার পোশাক নষ্ট হয়েছে। বৃষ্টি হলে দ্রুত উঁচু এলাকা থেকে পানির স্রোত নামে। মালপত্র সরানোর সময়ও পাওয়া যায় না।’ প্রসাধনসামগ্রীর দোকান খাজা গরিবে নেওয়াজের মালিক ও আধুনিক চক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘আমার দুই লাখ ৮০ হাজার টাকার প্রসাধন ও গহনাসামগ্রী নষ্ট হয়ে গেছে। এ বছর দুবার পানি উঠে বিপণিকেন্দ্রের নিচতলার ৬০টি দোকানে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা গত মাসের শেষদিকে নবনির্বাচিত মেয়রের কাছে গিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি সেচযন্ত্র (পাম্প), এক বছরের ক্ষতিপূরণ ও আশপাশের নালাগুলো খননের দাবি জানিয়েছি।’ পাশের মান্নান সুপার মার্কেটের সুমন স্টোরের মালিক সাহাদত হোসেন বলেন, ‘১৫-২০ মিনিটের বৃষ্টিতেই এ মার্কেটে পানি ঢোকে। এ বর্ষায় ৪৫ বার পানি ঢুকেছে। আমার দোকানে ১১ বার পানি ঢুকে চার লাখ টাকার চাল নষ্ট হয়েছে। তাই বর্ষা এলেই দুশ্চিন্তায় রাতে ঘুম হয় না।’ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ জানান, চকবাজারের বিপণিকেন্দ্র ও অস্থায়ী মিলে ৬০০ দোকানে এ বছর সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। কাপাসগোলার বাসিন্দা প্রকৌশলী আশুতোষ দাশ বলেন, ‘এলাকা নিচু হওয়ায় বৃষ্টি হলেই পানি উঠে। পানির ভেতরই রিকশায় চড়ে বাজার করতে হয়।’একটানা দুই ঘণ্টা বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে বহদ্দারহাটের মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্স ও স্বজন সুপার মার্কেটে। তবে এ বর্ষায় স্বজন সুপার মার্কেটের গলিগুলোতে পানি ঢুকলেও দোকানের মেঝে উঁচু থাকায় পণ্যের তেমন ক্ষতি হয়নি। কিন্তু রেহাই পাননি পাশের মিউনিসিপ্যাল শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা। শাহ আলী রজা ক্লথ স্টোরের কর্মচারী মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে দুবার পানি ঢুকে চার হাজার টাকার কাপড় নষ্ট হয়েছে।’ এ বিপণিকেন্দ্রের ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ও নেওয়াজ স্টোরের মালিক আবুল বশর জানান, ‘এ বর্ষায় ৩৫টি দোকানের ১৫টিতে দুই-তিনবার করে পানি ঢুকেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।’ চাক্তাই খালের বহদ্দারহাট অংশের সঙ্গে সংযুক্ত সড়কের নিচের কালভার্টটি ভরাট হয়ে যাওয়ায় বহদ্দারহাটের কয়েকটি বিপণিকেন্দ্রে পানি উঠে বলে জানান ব্যবসায়ীরা। ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সের উত্তর-পশ্চিম ফটক পেরোতে হলো চৌকাঠে থরে থরে সাজানো বালির বস্তা ডিঙিয়ে। ওম্যান্স ওয়ার্ল্ডের কর্মচারী মোজাম্মেল হোছাইনের কাছে জানা গেল এর কারণ। তিনি বললেন, ‘পানি ঠেকাতে চারদিকের চৌকাঠ উঁচু করেও কাজ না হওয়ায় এ ব্যবস্থা। গত সপ্তাহে পানি ঢুকে আমার দোকানে ১০ হাজার টাকার পোশাক নষ্ট হয়েছে।’ পাশের দোকান রূপসীর ব্যবস্থাপক এম এ বশর বলেন, ‘এবার আমাদের সাড়ে ৩১ হাজার টাকার শাড়ি নষ্ট হয়েছে। তবে এবারের ক্ষতি আগের বছরের তুলনায় কম।’রিয়াজউদ্দিন বাজার এলাকার তামাকুমণ্ডি লেনে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এ লেনের ১২০টি বিপণিকেন্দ্রের মধ্যে এম এন ইসলাম মার্কেট, রিদুয়ান কমপ্লেক্স, মুহাম্মদীয়া প্লাজা, মিউনিসিপ্যাল হকার্স মার্কেট, প্রফেসর মার্কেট, মোমবাতি মার্কেট, গোলাম রসুল মার্কেট ও আমতল সিডিএ মার্কেটসহ ২০টি বিপণিকেন্দ্রে তিন থেকে ১৬ বার পানি ঢুকেছে এ বর্ষায়। মিউনিসিপ্যাল হকার্স মার্কেটের ব্যবসায়ী ফারুক আজম বলেন, ‘আমার এসবি অপটিকস্ ও মেসার্স হাজি ইউনুছ স্টোরে তিনবার পানি ঢুকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’ তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি মোহাম্মদুল হক বলেন, ‘এ বর্ষায় ২০টি বিপণিকেন্দ্রের ৯০০ দোকানে কয়েকবার পানি ঢুকেছে। শুধু গত মাসে একবার পানি ঢুকে ক্ষতি হয় প্রায় ১৫ কোটি টাকার সম্পদ। তামাকুমণ্ডি লেনসহ রিয়াজউদ্দিন বাজারের তিন দিকের জায়গা উঁচু হওয়ায় এখানে নালার ঢাকনাগুলো আটকা থাকে। এ ছাড়া নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা মনে করেন এটাই জলাবদ্ধতার প্রধান কারণ। রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. ছালামত আলী বলেন, ‘বাজারের ৩০০ মার্কেটের ৪৫টিতে এ বছর ২০ বার পানি ঢুকে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের উচ্চতা রাস্তার সমান হওয়ায় এক ঘণ্টার বৃষ্টিতেই পানি জমে যায় এবং দোকানের ভেতর পানি ঢোকে।’ তিনি বলেন, ‘আমরা ক্ষতিপূরণ নয়, শুধু পরিত্রাণ চাই।’ যোগাযোগ করলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসনাত বলেন, ‘চকবাজারে জলাবদ্ধতা হয়। তবে রিয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতা নয় পানি আটকা পড়ে। ১৯৯৪ সালের মাস্টার প্ল্যান অনুযায়ী কর্ণফুলীর পশ্চিম পাড়ে ৩২টি খালের মুখে রেগুলেটর স্লুইসগেট স্থাপন ও নতুন দুইটি খননসহ ছয়টি খাল সংস্কার করলে এ সমস্যার সমাধান হবে।’ তা না হলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় সমস্যা আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।