আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের জলাবদ্ধতার সমস্যা কাটছে না। প্রায় সময় পানি জমে দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। পানিনিষ্কাশনব্যবস্থা উন্নত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় ছোটখাটো সংস্কার করলেও সুফল পাওয়া যাচ্ছে না।
উপজেলার চাতরী চৌমুহনী বাজারটি গুরুত্বপূর্ণ একটি জংশন। এ বাজারের ওপর দিয়ে এক পাশে গেছে পিএবি সড়ক। এ সড়ক দিয়ে বাঁশখালী, চন্দনাইশ, পেকুয়া ও সাতকানিয়ার যাত্রীরা চলাচল করেন। অপর পাশে চলে যাওয়া সিইউএফএল সড়ক দিয়ে কেইপিজেডের চাকরিজীবীরা নিয়মিত যাতায়াত করেন। এ ছাড়া বাজারে রয়েছে ছোট-বড় তিন শতাধিক দোকান।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সিইউএফএল সড়ক অংশের কাঁচাবাজারে কাদাপানিতে একাকার। এসব কাদা ও ময়লা পানি মাড়িয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। এ ছাড়া বিপণিবিতানের সামনে ও পিএবি সড়কের অংশেও স্থানে স্থানে পানি জমে আছে। অথচ সবখানেই নালা রয়েছে। তবে নালাগুলো অপ্রশস্ত ও ভরাট হয়ে আছে।
চাতরী চৌমুহনী বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই বাজারের চারপাশ পানিতে ভরে যায়। একবার পানি জমলে তা এক সপ্তাহেও সরে না। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ে কষ্ট পাচ্ছেন। তা ছাড়া বাজার কমিটি না থাকায় নালা পরিষ্কার কাজ তদারক হয় না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালে বাজারটি সম্প্রসারণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তখন সড়কের পাশের ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদের পর সম্প্রসারিত অংশে পানিনিষ্কাশনের ব্যবস্থা না করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরে ২০১৬ সালের মার্চ-এপ্রিলে সাত লাখ টাকা ব্যয়ে বাজারের নালা সংস্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তবে তা কাজে আসেনি।
চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু বলেন, চাতরী চৌমুহনী বাজারটি দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাজার। পানি নিষ্কাশন সমস্যার কারণে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজার কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু কাজ করা হলেও সমস্যার সমাধান কমছে না।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ছয় মাসে সাত লাখ টাকা ব্যয় করা হলেও বাজারের পানিনিষ্কাশন সমস্যা কাটেনি।
তাসলিমা জাহান আরও বলেন, জলাবদ্ধতার সমস্যা পুরোপুরি সমাধান করতে হলে বড় অঙ্কের বরাদ্দ দিয়ে নালা সম্প্রসারণ করে নতুন করে নির্মাণ করতে হবে।