রাউজানের বিভিন্ন স্থানে একের পর এক পুকুর, দিঘি ভরাট করে ফেলা হচ্ছে। প্রাচীন ঐতিহ্যের প্রতীক, প্রাকৃতিক পানির আধার এসব পুকুর, দিঘি অবৈধভাবে ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। বছরের পর বছর এই অবস্থা চললেও পরিবেশ অধিদপ্তর থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাউজানের অনেক পুকুর, দিঘি সম্পর্কে নানান রূপকথা ছড়িয়ে আছে। এসব নাম করা দিঘির মধ্যে রয়েছে কদলপুরের লস্কর উজিরদিঘি, পরীরদিঘি, নোয়াজিশপুরের ইশা খাঁরদিঘি, উরকিরচরের মদুনারদিঘি, নোয়াপাড়ার কমলারদিঘি, একই ইউনিয়নের কর্তারদিঘি, উপজেলা সদরের রায়মুকুটদিঘি প্রভৃতি। স্থানীয় সূত্র জানায়, গত এক যুগে উপজেলার বিভিন স্থানে কমপক্ষে ৫০টি ছোট-বড় পুকুর ভরাট করে বিভিন্ন রকম স্থাপনা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে একাধিক ভরাট পুকুরে নির্মিত হয়েছে বহুতল ভবন। মদুনারদিঘি, কমলারদিঘি, কর্তারদিঘি ও রায়মুকুটদিঘির অংশবিশেষ ভরাট করে কেউ ভিটা বানিয়েছেন, আর কেউ প্রাচীর তৈরি করে স্থাপনা নির্মাণের অপেক্ষায় আছেন। উপজেলা সদরের বাসিন্দা দিলিপ কুমার পালিত বলেন, ‘ফকিরহাটে ১০ বছর আগেও ছোট-বড় পাঁচটি পুকুর ছিল। এর মধ্যে দুটি বড় পুকুর নিশ্চিহ্ন হয়ে গেছে। বাকি তিনটির ভবিষ্যৎও অনিশ্চিত। রাউজান পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আবছার উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে পুকুর, দিঘি ভরাটের ফলে একদিকে এলাকায় প্রাকৃতিক পানির সংকট দেখা দিচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরে ফকিরহাটে প্রাচীন পুকুর ভরাট করে একাধিক বহুতল ভবন নির্মিত হয়েছে। সেখানে পাঁচ বছর আগে নির্মিত ডিউ বিজি শপিং কমপ্লেক্স নামের একটি দোতলা বিপণিকেন্দ্রে ফাটল ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ডিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন বলেন, ‘আমরা পাঁচতলার অনুমোদন নিয়েছি।’ ভবনের পার্টিশান ওয়ালে ফাটল ধরলেও মূল কাঠামোর ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন। এই ভবনের পাশেই নির্মাণ করা হয়েছে আরও একটি ছয়তলা ভবন। ভরাট করা পুকুরের বাকি অংশে চলছে রাউজান সিটি সেন্টারের ১১ তলা ভবনের নির্মাণকাজ। এটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে থ্রি স্টার প্রপারটিস লিমিটেড। খোঁজ নিয়ে জানা যায়, নির্মাতা প্রতিষ্ঠান পৌরসভা থেকে অনুমোদন না নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি স্বীকার করেছেন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর বশির উদ্দিন খান। তবে প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা আবেদন করেছি। এটি বিবেচনাধীন। তাই আপাতত কাজ করছি না।’ তবে এ প্রতিবেদক প্রাচীরের ভেতর গিয়ে দেখেন শ্রমিকেরা বিম তৈরিসহ বিভিন্ন রকমের কাজ করছেন। পুকুর ভরাট করা জায়গায় ভবন তৈরির অনুমোদন দেওয়া প্রসঙ্গে প্যানেল মেয়র বলেন, ‘ওরা যখন অনুমোদন নিতে আসেন তখন পুকুর আর পুকুর থাকে না।’ উপজেলার নোয়াপাড়া, পথেরহাট, পাহাড়তলী চৌমুহনী, কাগতিয়াহাটসহ আরও বিভিন্নস্থানে এভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে পুকুর ভরাট করে বিভিন্ন রকম স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘পুকুর ভরাটসহ বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে এ ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা বলেন, ‘রাউজানে অধিকাংশ প্রাচীন পুকুর যৌথ মালিকানার সম্পত্তি। কেউ কেউ অর্থাভাবে নিজের অংশ অন্যের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করা অংশ কোনো প্রভাবশালীর হাতে চলে গেলে তাঁরা অধিক মুনাফার আশায় নিজেদের অংশ ভরাট করে ফেলে। নানা কারণে এ নিয়ে তেমন কিছু করা যায় না।’ তবে তিনি জানান, এ সংক্রান্ত আইন প্রয়োগের অধিকার জেলা প্রশাসনের ভূমি বিভাগের রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী এ প্রসঙ্গে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ কেউ দিলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’