জলাশয় শুকিয়ে যাচ্ছে মাছ পাচ্ছেন না জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির প্রধান নদী হালদা ও সর্তা খালে পানি কমে গেছে। পাশাপাশি বিভিন্ন ছোট-বড় খাল ও জলাশয়ও শুকিয়ে গেছে। খাল বিলে পানি কমে যাওয়ায় মাছও দুর্লভ হয়ে উঠেছে। এতে আয়–রোজগার বন্ধ হওয়ার পথে উপজেলার জেলেদের।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৬ হাজার ৪৫২টি পুকুর ও ২৩টি ছোট-বড় খাল রয়েছে। এসবের মধ্যে সামান্য পানি আছে কেবল ধুরুং, কাটাখালী, তেলপারই ও মন্দাকিনী খালে। কিন্তু খাল চারটিতে পানির স্রোত না থাকায় মাছ ধরতে পারছে না জেলেরা।
উপজেলার বুক চিরে বয়ে যাওয়া হালদা নদী ও সর্তা খালে পাঁচ বছর আগেও সারা বছরই পানি থাকত। জেলেদের আয়-রোজগারের ভরসা এই দুই নদী ও খাল। কিন্তু চলতি শুষ্ক মৌসুমে এই দুই জলাশয়ে পানি শুকিয়ে যাওয়ায় জেলেরা পড়েছেন মহা কষ্টে। আয়-রোজগারের পথ বন্ধ হওয়ায় অনেকে পেশা বদল করে অন্য কাজ করতে বাধ্য হচ্ছেন।
দৌলতপুর গ্রামের হালদা পারের জেলে মো. জাহাঙ্গীর আলম (৩৭) বলেন, ‘এবার আমাদের নিদারুণ কষ্ট হচ্ছে। কোনো খাল-বিল এমনকি হালদায় পর্যন্ত পানি নেই। বেকার বসে দিনযাপন করতে হচ্ছে। আমাদের অন্য কোনো কাজ করার অভিজ্ঞতাও নেই। মৌসুম এলেই কেবল দুই বেলা ঠিকমতো খাবার জুটবে।’
সদরের রাঙ্গামাটিয়া গ্রামের জেলে মো. শহিদুলাহ (৪২) বলেন, ‘এখন ফেরি করে বরফ দেওয়া নদীর মাছ বিক্রি করি। ছোটখাটো খাল ও নদীতে এখন পানি নাই। তাই সংসার চালাতে শহর থেকে মাছ এনে গ্রামে কেজি দরে বিক্রি করি। এতে যা লাভ হয় তা দিয়ে কোনো মতে সংসার চালাই।’
কাটাখালী খাল পাড়ের জেলে মোস্তফা মজুমদার (৩২) বলেন, ‘আগে খাল-নদীতে জাল ফেলে প্রচুর মাছ পেতাম। মাছ বিক্রি করে ভালোমতো সংসার চালাতাম। এখন তো জাল ফেলার জায়গাই নাই। পরিবার নিয়ে খুব কষ্টে আছি।’
ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু তৈয়ব প্রথম আলোকে জানান, হালদা নদী, সর্তা খাল ও বিভিন্ন ছোট-বড় খালে পানি না থাকায় জেলেরা এখন মাছ পাচ্ছেন না। এ জন্য তঁাদের জীবন-জীবিকার পথ বন্ধ হওয়ার উপক্রম। বিকল্প কর্মসংস্থান না থাকায় তাঁদের মধ্যে বেকারের সংখ্যাও ক্রমেই বাড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাই বর্তান সমস্যার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হবে।