প্রথম আলো গোলটেবিল বৈঠক ‘জলাবদ্ধতা সংকটের সমাধান কোন পথে?’
জলাশয় সংস্কার ও দখলমুক্ত করা জরুরি
২৫ জুন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে ‘জলাবদ্ধতা সংকটের সমাধান কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন—বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো:যাঁরা অংশ নিলেন আলী আশরাফ সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, চট্টগ্রাম চ্যাপ্টার জেরিনা হোসেন নগর পরিকল্পনাবিদ সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী সভাপতি, চট্টগ্রাম আইনজীবী সমিতি আনোয়ারা আলম অধ্যক্ষ, আগ্রাবাদ মহিলা কলেজ শাহীনুল ইসলাম খান উপপ্রধান নগর পরিকল্পনাবিদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রেজাউল করিম নগর পরিকল্পনাবিদ ও বিভাগীয় প্রধান পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম সিটি করপোরেশন জানে আলম ভূঁইয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম ওয়াসা বিজয় কুমার চৌধুরী সভাপতি, জলাবদ্ধতা নিরসন স্ট্যান্ডিং কমিটি, চট্টগ্রাম সিটি করপোরেশন ও কাউন্সিলর জামাল খান ওয়ার্ড রেহানা বেগম কাউন্সিলর, চট্টগ্রাম সিটি করপোরেশন শাহরিয়ার খালেদ নাগরিক অধিকার আন্দোলনের নেতা সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরী, সহযোগী সম্পাদক দৈনিক প্রথম আলোবিশ্বজিৎ চৌধুরীপ্রথম আলোর পক্ষ থেকে আজকের গোলটেবিল বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বৈঠকের শিরোনাম ‘জলাবদ্ধতা সংকটের সমাধান কোন পথে’। বর্ষা মৌসুম এসে গেছে। বৃষ্টি হলেই নগরের নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা দীর্ঘদিনের। গত কয়েক বছরে কিছু কাজ হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এখানে আপনারা যাঁরা উপস্থিত আছেন, তাঁদের মধ্যে এ বিষয়টি নিয়ে কাজ করেছেন এমন বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন, ভুক্তভোগী ব্যক্তিরাও আছেন। আজকের এ মতবিনিময় সভার উদ্দেশ্য, এ সংকটের কারণগুলো চিহ্নিত করা এবং সমাধানের পথ খুঁজে বের করা। আমাদের প্রত্যাশা, আজকের আলোচনা থেকে একটা সমাধানের পথ বেরিয়ে আসবে। পাঠকদের একটা আশার বার্তা আমরা পৌঁছে দিতে পারব।চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল। এখানে চড়াই-উতরাই আছে। ঢাকার মতো এখানে জলাবদ্ধতা হওয়ার কথা নয়। এ সমস্যা কিছুকাল আগেও এত প্রকট ছিল না। চার-পাঁচ বছর ধরে এ সমস্যা বেড়েছে। অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে পাহাড় কাটা, জলাশয় দখল ও ভরাট হয়ে যাওয়া এবং সুষ্ঠু পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে। এসব অব্যবস্থা কেন চলছে? আমাদের পরিকল্পনার গলদ কোথায়? জলাবদ্ধতা নিরসনে সঠিক পথে এগোচ্ছি কি না? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের দায়দায়িত্ব ঠিকমতো পালন করছে কি?—আজকের আলোচনায় আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই বলবেন প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন স্ট্যান্ডিং কমিটির সভাপতি। আমরা তাঁর কাছে প্রথমে এ মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলার প্রস্তুতিগুলো জানতে চাইব।বিজয় কুমার চৌধুরীজলাবদ্ধতার সমস্যা কিছুকাল আগেও এত প্রকট ছিল না। নগরের যেসব এলাকার ভূমি নিচু, সেখানে পানি জমত। কিন্তু প্রধান প্রধান রাস্তাঘাটে তেমন পানি জমত না। এ সমস্যা বিগত কয়েক বছরে প্রকট হয়েছে। নতুন নতুন এলাকা জলাবদ্ধকবলিত হয়েছে। এ কারণে বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরপরই জলাবদ্ধতা নিরসনে স্ট্যান্ডিং কমিটি গঠন করেছেন। আগে এ ধরনের কমিটি ছিল না। বর্তমান মেয়র সমস্যাটি সমাধানে আন্তরিক। তাঁর নির্বাচনী ইশতেহারেও জলাবদ্ধতা নিরসনের বিষয়টি ছিল। রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভব নয়। চার-পাঁচ বছর এমনকি সাত-আট বছর সময়ও লাগতে পারে এ সংকট থেকে বেরিয়ে আসতে।এর আগেও জলাবদ্ধতা নিরসনে কাজ হয়েছে। ১৯৯০ সালের দিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) পরিকল্পনা অনুসারে বিশ্বব্যাংকের সহায়তায় একটা কাজ হয়েছে। লুইস বার্জার নামের একজন প্রকৌশলী কাজ করেছিলেন আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে। সেখানে বক্স-কালভার্ট নির্মিত হয়েছিল, যার ফলে আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা কমেছে। আগে সেখানকার সব রাস্তাঘাট ডুবে যেত। কিন্তু এখন তা হয় না। যদিও সেখানে জোয়ারের পানি ঢুকে এখনো জলাবদ্ধতা সৃষ্টি করেছে, তবে তা আগের মতো প্রকট নয়। বক্স-কালভার্ট নির্মাণের মতো বড় প্রকল্প হাতে নেওয়ার সামর্থ্য সিটি করপোরেশনের নেই। এ ধরনের কাজের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায় না।প্রাথমিক পর্যায়ে আমরা এখন যে কাজটা করছি তা হলো, নালা-নর্দমা পরিষ্কার করা। বিগত বছরগুলোয় এক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়নি। আমাদের লক্ষ্য, এই বর্ষা মৌসুমে অন্তত ২০-২৫ শতাংশ জলাবদ্ধতা দূর করা। শত ভাগ জলাবদ্ধতা দূর করতে হলে নতুন খাল খনন করতে হবে। শহরের জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। সে তুলনায় পানিনিষ্কাশনব্যবস্থা উন্নত হয়নি। বরং নালা-নর্দমার একটা বড় অংশ ভরাট হয়েছে, অবৈধ দখলে চলে গেছে। তবে পলিথিনের ব্যবহার বন্ধ হওয়ায় কিছুটা সুফল পাওয়া গেছে। এটা বন্ধ না হলে জলাবদ্ধতা আরও প্রকট হতো। জলাবদ্ধতার সমস্যা অনেকখানি কমিয়ে আনা সম্ভব, যদি নগরবাসী সচেতন হয়। নালায় ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। নর্দমা বা খালের পাশের বাড়িগুলো থেকে সরাসরি ময়লা ফেলা হয়। এভাবে আমাদের নালা-নর্দমা ভরাট হচ্ছে। ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস করলে নালা-নর্দমা এভাবে ভরাট হতো না।বিশ্বজিৎ চৌধুরী: এ ক্ষেত্রে আপনাদের তদারকের ব্যবস্থা কী? বহু দালানের পয়োনিষ্কাশন পাইপ নালার সঙ্গে লাগানো। নালায় গিয়ে সব ময়লা-আবর্জনা পড়ছে। এসব ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন?বিজয় কুমার চৌধুরী: এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। কিন্তু জনবলসংকটের কারণে আমরা এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারছি না।বিশ্বজিৎ চৌধুরী: আমরা দেখছি, বাদশা মিয়া সড়কসহ বিভিন্ন সড়কে সিটি করপোরেশন কালভার্ট তৈরি করছে। এ ব্যবস্থা কত দূর ফলপ্রসূ হবে? এতে নতুন করে সমস্যার সৃষ্টি হবে কি না?বিজয় কুমার চৌধুরী: এ ব্যবস্থা জলাবদ্ধতা দূর করার প্রাথমিক পদক্ষেপ। এটাকে বলতে পারেন, হাঁটুর ব্যথাকে কোমরে উঠিয়ে আনা। তবে এর পাশাপাশি সিটি করপোরেশন যেসব উদ্যোগ নিচ্ছে, তাতে আশা করি, সুফল পাওয়া যাবে। সব ওয়ার্ডের কাউন্সিলরদের এ কাজে যুক্ত করা হয়েছে। তাঁরা তদারক করায় দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে। অবশ্য নালা পরিষ্কার করার পর কিছুদিন মাটি থেকেই যাচ্ছে। এর কারণ হলো, আগে এসব ময়লা-আবর্জনা নিয়ে যাওয়ার লোকের অভাব ছিল না। নিচু এলাকা ভরাটের কাজে এসব মাটি ব্যবহার করা হতো। কিন্তু এখন সিডিএর কড়াকড়ির কারণে নিচু এলাকা ভরাট কম হচ্ছে, ফলে নর্দমার মাটি কিছুদিন পড়ে থাকছে। এতে নাগরিকদের সাময়িক অসুবিধা হলেও আমরা নিরুপায়। এসব মাটি সরানো একটি বড় সমস্যা। তবে এটা ঠিক যে ৪০ শতাংশের মতো মাটি বৃষ্টি ও বাতাসে ধুয়ে আবার নর্দমায় গিয়ে পড়ছে। তা সত্ত্বেও ৬০ ভাগ মাটি আমরা নালা থেকে সরাতে পারছি।বিশ্বজিৎ চৌধুরী: বিজয় বলেছেন, কালভার্ট তৈরি হওয়ার পর হাঁটুর ব্যথা কোমরে উঠে আসছে। এ কথায় পরিস্থিতির কত দূর উন্নতি হলো, বোঝা গেল না। এটা নতুন কোনো সমস্যা তৈরি করছে কি না, সেটাও স্পষ্ট হলো না। নালা-নর্দমা পরিষ্কারের ক্ষেত্রে তদারকের বিষয়টি উল্লেখ করেছেন। কিন্তু আবার এ-ও বলেছেন, পরিষ্কার করা ময়লার একটা অংশ আবার ফিরে যাচ্ছে নর্দমায়। যা-ই হোক, তাঁর কাছে আবার ফিরে আসব। এখন আমরা এ বিষয়ে শুনব আলী আশরাফের কাছ থেকে।আলী আশরাফ: জলাবদ্ধতার সমস্যা আসলে বহু পুরোনো। ২৫ বছর আগেও জলাবদ্ধতা ছিল। ৮৬ সালেও নগরে জলাবদ্ধতার সমস্যা নিয়ে আমি লিখেছি। জলাবদ্ধতা নিরসনে অতীতে কিছু কাজ হলেও সমস্যা থেকেই যাচ্ছে। লুইস বার্জারের পরিকল্পনায় শেখ মুজিব সড়কে নির্মিত বক্স-কালভার্টের কথা আলোচনায় এসেছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করলেই জলাবদ্ধতা নিরসন হবে না। প্রথমেই দেখতে হবে, কেন এ সমস্যা সৃষ্টি হয়েছে? একসময় চট্টগ্রামে প্রচুর খালি জায়গা ছিল।এসব এলাকা প্রকৃতপক্ষে উঁচু ভূমির জল দাঁড়ানোর জায়গা, আমরা যাকে বলি ফ্লাড প্লেইন। এখন সিডিএ যেখানে কল্পলোক আবাসিক এলাকা করেছে, সেই এলাকা, খতিবেরহাট, জামেয়া আহমদিয়া মাদ্রাসার আশপাশে যে বিলের মতো জায়গা ছিল সেসবই ছিল চট্টগ্রামের ফ্লাড প্লেইন।চাক্তাই এলাকার চরে একসময় মোষ চরতে দেখা যেত, সে জায়গাটাও ছিল ফ্লাড প্লেইন। এসব জায়গায় এখন ঘরবাড়ি হয়েছে। এসব এলাকা ছিল পানির আধার। পানির রিজার্ভারের মতো কাজ করত এ এলাকাগুলো। চাক্তাই খালের পানি যখন উপচে পড়ত, তখন এ পানি খতিবের হাটের আশপাশে চাক্তাইয়ে, ইলিয়াস ব্রাদার্সের বাড়ির আশপাশে জমা হতো। কর্ণফুলী স্বাভাবিক হলে সে পানি আবার নেমে যেত। এ কারণে তখন জলাবদ্ধতা অনুভূত হয়নি। তখন পানি সরে যাওয়ার জায়গা ছিল।এখন জনসংখ্যা বেড়েছে। বড় বড় ভবন হচ্ছে। নিচু এলাকা ভরাট হচ্ছে। কিন্তু দোষটা আমরা চাপাচ্ছি চাক্তাই খালের ওপর। যেন চাক্তাই খাল সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।কিন্তু ব্যাপারটা তেমন নয়। চাক্তাই খালের পানি বেড়ে গেলে সিডিএ এভিনিউ তলিয়ে যায়। এ পানি সরানোর জন্য আরও একটা খাল খনন প্রয়োজন। ৯৫ সালের দিকে যে ড্রেনেজ মাস্টার প্ল্যান করা হয়েছিল, তাতে এ সড়কের পাশে এমন একটি খাল খননের প্রস্তাব ছিল। সিডিএ এভিনিউতে অবস্থিত ভূমি কার্যালয় থেকে বহদ্দারহাট হয়ে কর্ণফুলী পর্যন্ত এ খাল খনন করার কথা ছিল। ১৯৯৫-২০১১—এই ১৬ বছরে খালটি খনন করা যায়নি। পরিকল্পনা বাস্তবায়নে এ দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে হবে। শেখ মুজিব সড়কের বক্স-কালভার্ট বহু বছর পরিষ্কার করা হয়নি। তাহলে দেখা যাচ্ছে, পরিকল্পনা বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ উভয় ক্ষেত্রেই আমাদের সীমাবদ্ধতা রয়েছে।আরও একটা কথা, সিটি করপোরেশন নালা-নর্দমা পরিষ্কার করার কাজ করে বর্ষা মৌসুমে। এতে সমস্যার সমাধান হচ্ছে না। ময়লা আবার বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে নর্দমা ভরাট করছে। নানা প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তা কাটছে। কিন্তু এতেও সমন্বয় নেই। এ সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে হবে। দুটি বিষয় গুরুত্বপূর্ণ—পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কাজ হতে হবে এবং তাতে সব প্রতিষ্ঠানের সমন্বয় থাকতে হবে। নালা-নর্দমা পরিষ্কারের কাজ সারা বছর করতে হবে। হারিয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে এবং নতুন খাল সৃজন করতে হবে। চাক্তাই খালের মুখে নেভিগেশন গেট, রাজখালীর মুখে স্লুইসগেট তৈরির যে পরিকল্পনা ছিল, তা-ও বাস্তবায়ন করতে হবে।আগ্রাবাদ এলাকায় জোয়ার-ভাটার কারণে পানি উঠছে। এখানে যেসব স্লুইসগেট আছে, সেসব সংস্কার করতে হবে। নতুন স্লুইসগেট নির্মাণ করতে হবে। এই ছোটখাটো কাজগুলো করলে জলাবদ্ধতা অনেকটা দূর হবে। কিন্তু সমস্যা হলো, আমরা সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করি।জলাবদ্ধতা দূর করার বড় প্রকল্পগুলোর জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায় না। কিন্তু সৌন্দর্যবর্ধনের জন্য অর্থ পাওয়া যায়। কোনটা গুরুত্বপূর্ণ, আগে তা নির্ধারণ করতে হবে। আমাদের প্রধান দুটি সমস্যা হলো—যানজট ও জলজট। এ দুটি প্রকল্পের জন্য টাকা পাওয়া যায় না। যেসব প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়, সেসব আটকে যায় কেন?চট্টগ্রামকে যদি আমরা বাণিজ্যিক রাজধানী বলি, তবে এর জন্য আলাদা বাজেট হতেই পারে। এ বাজেটের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য বরাদ্দ থাকবে। জলাবদ্ধতা নিরসনে নব্বইয়ের দশকে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার জন্য সে সময় ৮৮ কোটি টাকা খরচ করলেই কাজ সম্পন্ন হতো। কিন্তু তা না হওয়ায় এ কাজ সম্পন্ন করতে এখন অনেক টাকা ব্যয় করতে হবে। যত দেরি হবে, প্রকল্পের ব্যয় তত বাড়বে।বিশ্বজিৎ চৌধুরী: এতক্ষণ আমরা আলী আশরাফের কথা শুনলাম। তিনি বেশ কিছু বিষয় আলোচনায় এনেছেন। সিটি করপোরেশন ও সিডিএর দায়দায়িত্বের কথাও এসেছে তাঁর আলোচনায়। তিনি খাল দখলমুক্ত ও নতুন খাল সৃজনের কথা বলেছেন।এ প্রসঙ্গে আমরা শাহরিয়ার খালেদের বক্তব্য শুনব। তিনি দীর্ঘদিন ধরে খাল-জলাশয় দখলমুক্ত ও সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি সংক্ষেপে তাঁর অভিজ্ঞতা তুলে ধরবেন।শাহরিয়ার খালেদ: ১৮৬৪ সালে চট্টগ্রাম পৌরসভা গঠিত হয়। এরও আট বছর আগে ব্রিটিশ সরকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ করেছিল। তাই বলা যায়, সমস্যা খুব পুরোনো। তবে সমস্যাটি সমাধানে খুব বেশি কাজ হয়নি। বর্তমান ৫০-৬০ লাখ জনসংখ্যা-অধ্যুষিত এ নগরে জলাবদ্ধতার সমস্যার সমাধান কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ সংকট মোকাবিলায় খণ্ডিতভাবে কাজ হচ্ছে। পরিকল্পনা ও সমন্বয়ের অভাব আছে। এখন যে খালগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই কারও কাছে। খালের প্রস্থ কতটুকু, তা নথিতে থাকলেও গভীরতা কত, তা জানা যায় না। চাক্তাই খাল পুনরুদ্ধারের কাজ হয়েছে, কিন্তু তা-ও অসম্পূর্ণ। এ খালের সঙ্গে যুক্ত খালগুলো সংস্কার ও দখলমুক্ত করা হয়নি। এভাবে জলাবদ্ধতা নিরসনের কাজ হয়েছে ছাড়া ছাড়া ভাবে। সিটি করপোরেশন খাল দখলমুক্ত করতে খালের পাশে হাঁটার রাস্তা (ওয়াকওয়ে) নির্মাণ করার পরিকল্পনা করেছে। কিন্তু খাল ভরাট করে ওয়াকওয়ে নির্মাণ করলে চলবে না। ওয়াকওয়ে করতে হবে নতুন জমি অধিগ্রহণ করে।এ ছাড়া নতুন খাল সৃজনের আগে পুরোনো সংযোগ-খালগুলো পুনরুদ্ধার করতে হবে। চাক্তাইয়ের রাজাখালী ও তুলাতুলী খালের উদাহরণ দেওয়া যায়। তুলাতুলী খাল একসময় প্রস্থে ৪০-৮০ ফুট ছিল। এটি এখন দুই ফুট চওড়া একটি নালা। রাজাখালী খাল ছিল ৮০ ফুট গভীর ও ১২০ ফুট চওড়া। বর্তমানে এ খালটির প্রস্থ দাঁড়িয়েছে ২৫ ফুট। এসব খাল পুনরুদ্ধার করতে হবে। মাস্টারপুল এলাকায় চাক্তাই খালের গভীরতা ছিল ৩০-৩৫ ফুট। এ খালের তলা পাকা করায় এখন এর গভীরতা দাঁড়িয়েছে ছয় ফুটের মতো। চাক্তাই খালের তলা পাকা করার সিদ্ধান্ত সঠিক ছিল কি না, সেই প্রশ্ন এসেই যায়। এ কাজটি করার ফলে এখন আশপাশে নলকূপে পানি উঠছে না। জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে এভাবে আমরা অপরিকল্পিত কাজ করছি। এসব বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।আলী আশরাফ: খাল-নালা সংস্কার ও পরিষ্কার করার পাশাপাশি কর্ণফুলীর ক্যাপিটাল খনন (ড্রেজিং) করতে হবে। নয়তো পানি সরবে না।বিশ্বজিৎ চৌধুরী: আমরা শাহরিয়ার খালেদের কাছ থেকে বিস্তারিত শুনলাম। জোয়ারের সময় আগ্রাবাদ এলাকা প্লাবিত হয়। এখানে শিক্ষিকা আনোয়ারা আলম আছেন। ওই এলাকার একটি কলেজে তিনি পড়ান। আমরা তাঁর অভিজ্ঞতা জানতে চাইব।আনোয়ারা আলম: জোয়ারের পানি যখন আমাদের এলাকায় ঢোকে, তখন মনে হয় নৌকা চলবে। আগ্রাবাদ সিডিএ এলাকাটা দ্বীপের মতো। কিছুদিন আগেও যখন চন্দ্রগ্রহণ হলো, তখন আমরা প্রায় পাঁচ দিন পানিবন্দী ছিলাম। জোয়ারের পানি কখন ঢুকবে, তার ওপর নির্ভর করতে হয় আমাদের। জোয়ার এলে দ্রুত কলেজ ছুটি দিতে হয়। নালায় পানি এলে দারোয়ান সংকেত দেন, জোয়ার আসছে। তখন আমরা কলেজ ছুটি দিতে বাধ্য হই। এ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা রাস্তা উঁচু করছেন। আমার কলেজের রাস্তাটি অনেক দেনদরবার করে উঁচু করিয়েছি। কিন্তু তাতেও লাভ হয়নি। নর্দমা রাস্তার চেয়ে নিচু হওয়ায় পানি উঠে জমে যাচ্ছে। জাম্বুরি মাঠে কোমরসমান পানি জমে যায়।এলাকার মহেশ খাল ভরাট হয়ে গেছে। খালটি এখন অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। এখন খালের মুখে স্লুইসগেট বসানো ছাড়া জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না।বিজয় কুমার চৌধুরী: মহেশ খালের কোন জায়গায়টা ভরাট হয়েছে, জানালে ভালো হয়। কারা দখল করেছে, সে বিষয়েও জানতে চাই।আনোয়ারা আলম: খালটির পেছনের অংশ পুরোটাই ভরাট হয়ে গেছে।জেরিনা হোসেন: যাঁরা সিডিএতে প্লট নিয়েছেন, তাঁদের অনেকেই নিজেদের প্লটের পাশে মহেশ খাল ভরাট করে বাড়ি করেছেন। একসময় এলাকায় নৌকা চলতে দেখেছি।বিজয় কুমার চৌধুরী: মহেশ খাল হালিশহর এলাকা থেকে দুটি ধারায় প্রবাহিত হচ্ছে। পুলিশ লাইনের সামনে এক্সেস রোডের পাশ দিয়ে খালের একটি অংশ আগ্রাবাদে ঢুকেছে। সে জায়গায় একটা স্লুইসগেট নির্মাণ করা গেলে জোয়ারের পানি খালে ঢুকবে না।বিশ্বজিৎ চৌধুরী: আমাদের আলোচনায় খাল দখলের কথা এসেছে। অপরিকল্পিত নগরায়ণের কথা এসেছে। এ বিষয়ে আমরা জানতে চাইব শাহীনুল ইসলাম খানের কাছে। শাহীনুল ইসলাম খান: খাল দখল করে যেসব প্লট হয়েছে, সেগুলোর অনুমোদন দেয়নি সিডিএ। জলাশয় ও পাহাড় দখল করে তৈরি প্লটে কোনো ভবনের অনুমোদন দেওয়া হয় না, এটা আমি হলফ করে বলতে পারি। এ ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিই না। কিন্তু একটা সমস্যা হচ্ছে, সব সময় খালের প্রশস্ততা এক রকম ছিল না। আরএস ও বিএস খতিয়ানের মধ্যে যে খতিয়ানে খালের প্রশস্ততা বেশি দেখানো হয়েছে, আমরা তাকেই প্রামাণ্য বলে ধরে নিয়েছি। আমাদের মাস্টার প্ল্যানে খালের দুই পাশে কমপক্ষে ১২ ফুট ও সর্বোচ্চ ২০ ফুট পর্যন্ত সংরক্ষণ করার কথা বলা আছে। ডিটেল এরিয়া প্ল্যান হওয়ার আগে যাঁরা খালপাড়ে বাড়ি করেছেন, তাঁরা খালের জন্য জায়গা ছাড়েননি। এখন যাঁদের খালের জন্য জায়গা ছাড়তে বলা হচ্ছে, তাঁরা প্রতিবেশীর উদাহরণ টেনে আনছেন এবং জায়গা ছাড়তে রাজি হচ্ছেন না। এ সমস্যা আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যান অনুসরণ করে খালগুলোকে প্রবহমান রাখতে চেষ্টা করেছি। এ ক্ষেত্রে এখনো সাফল্য আসেনি। তবে আগামী ৩০-৪০ বছরের মধ্যে কাজটি করতে পারব বলে আশা রাখি।বিশ্বজিৎ চৌধুরী: আমরা এখন কাউন্সিলর রেহানা বেগমের বক্তব্য শুনব।রেহানা বেগম: ধন্যবাদ প্রথম আলোকে সময়োপযোগী এই গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য। আমার কথা খুব স্পষ্ট। খাল, জলাশয়, পুকুর ভরাট ও দখল বন্ধ করতে হবে। আমরা এর ভুক্তভোগী। প্রভাবশালী ব্যক্তিরা ব্যক্তিস্বার্থে জলাশয় ভরাট ও দখল করছেন। এটা বন্ধ করতে হবে। তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। পুুকুর ভরাট বন্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? পাহাড় কাটা বন্ধেও কার্যকর ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, সিডিএ ও পরিবেশ অধিদপ্তরকে সক্রিয় হতে হবে। পাহাড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। নদীতে ময়লা ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি নদীর সঙ্গে যুক্ত খালের মুখে স্লুইসগেট নির্মাণ করতে হবে।জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন এবার বেশ সক্রিয়। কিন্তু আমরা নারী কাউন্সিলররা পর্যাপ্ত লোকবল পাচ্ছি না। এ ক্ষেত্রে লোকবল বাড়ালে নালা-নর্দমা আরও দ্রুত পরিষ্কার করা যেত। শেষ করার আগে বলব, জমির দাম কমাতে হবে। জমির দাম বেড়ে যাওয়ায় খাল দখলের প্রবণতা বাড়ছে। সরকার চাইলেও জমি অধিগ্রহণ করতে পারছে না। বিশ্বজিৎ চৌধুরী: খাল-জলাশয় দখল বন্ধে আইনগত কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা আমরা জানতে চাইব সালেহউদ্দিন হায়দার সিদ্দিকীর কাছে।সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী: দেখুন, এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে। সিডিএ বা সিটি করপোরেশন চাইলেই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু তাদের সেই সদিচ্ছা থাকতে হবে। প্রতিষ্ঠান চাইলেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারে।বিশ্বজিৎ চৌধুরী: জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে ওয়াসার ভূমিকা কেমন হওয়া উচিত, জানতে চাইব জানে আলম ভূঁইয়ার কাছে।জানে আলম ভূঁইয়া: পানি সরবরাহের পাশাপাশি পয়োনিষ্কাশন, বন্যা ও জলাবদ্ধতা দূর করাও ওয়াসার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখন ওয়াসা কেবল পানি সরবরাহ করছে। আমাদের লোকবলসংকট থাকায় এসব কাজ করতে পারছি না। তবে ২০০৯ সালে ওয়াসা ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব (পিডিবি) পাঠিয়েছিল। সরকার তা অনুমোদনও করেছে। কিন্তু তহবিল জোগাড় না হওয়ায় এ প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। আমরা এখন পানি সরবরাহ করতে গিয়েই হিমশিম খাচ্ছি। তবে যখনই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতা করেছি।বিশ্বজিৎ চৌধুরী: আমরা এখন জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানব। রেজাউল করিম এ বিষয়ে বলবেন।রেজাউল করিম: বিশ্বের তাপমাত্রা বাড়ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়ছে। জমি ভরাট হয়ে যাওয়ায় পানি সরতে পারছে না। নিচু এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়ছে। এসব বিষয় মাথায় রেখে আমরা ভূমির সঠিক ব্যবহারের ওপর জোর দিচ্ছি। পাহাড়ে জলাধার সৃষ্টি করতে পারলে পানি নেমে এসে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারবে না। এ ছাড়া সাগরের সঙ্গে যুক্ত খালগুলোয় স্লুইসগেট তৈরি করতে হবে। এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন সিটি গভর্নমেন্ট। সিটি গভর্নমেন্ট থাকলে এসব কাজে সমন্বয় হতো। পাশাপাশি বলতে চাই, পুকুর ভরাট বন্ধ করা সম্ভব নয়। এটা বাস্তবতা-বিবর্জিত চিন্তা।শাহীনুল ইসলাম খান: আমি বক্তব্যের বিরোধিতা করছি। পুকুর ভরাট হতে থাকলে নগর ধ্বংস হবে। আমাদের আইনে আছে দশমিক ৫ একরের বড় পুকুর ভরাট করা দণ্ডনীয় অপরাধ।রেজাউল করিম: পুকুর ভরাট বন্ধ করতে পারলে ভালো। তবে আমার মনে হয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে আগে। আমাদের স্লুইসগেটগুলো সংস্কার করতে হবে। এ ছাড়া খাল পুনরুদ্ধারের কাজ এগিয়ে নিতে হবে। নালা-নর্দমার সিল্ট ট্র্যাপ তৈরি করতে পারলে নালা ভরাট হবে না, বালুও উত্তোলন করা সম্ভব হবে।বিশ্বজিৎ চৌধুরী: আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এতক্ষণ আমাদের যা আলোচনা হলো, সে প্রসঙ্গে আমরা জেরিনা হোসেনের মন্তব্য আশা করছি।জেরিনা হোসেন: দেখুন, এতক্ষণ আলোচনা শুনছিলাম। একটা বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজন নগর পরিকল্পনা বিভাগ (সিটি প্ল্যানিং কমিটি)। নগরে যখন-তখন হুট করে একটা ২২ তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। পরিকল্পনা ছাড়াই আবাসিক এলাকা গড়ে উঠছে। সরকারি খাসজমি ইজারা দিচ্ছেন জেলা প্রশাসক। পরিকল্পনা না থাকায় এসব হচ্ছে। অথচ ব্রিটিশ আমলে, এমনকি পাকিস্তান আমলেও নগর পরিকল্পনা বিভাগ ছিল। কোথায় কী হবে, তারাই তা নির্ধারণ করত। একটি নগরের জন্য খালি জায়গা ও জলাশয় প্রয়োজন। চট্টগ্রামে যেসব আবাসিক এলাকা গড়ে উঠেছে, সেসব আবাসিক এলাকা তৈরির সময় জলাধার নির্মাণ করলে জলাবদ্ধতার সমস্যা হতো না। আগ্রাবাদ কিংবা চান্দগাঁও এলাকায় এ রকম বড় জলাশয় থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হতো না। বর্তমানে অনুমোদন ছাড়াই বড় বড় দালান গড়ে উঠছে। ভবিষ্যতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাবে। মাটি নষ্ট হবে। এ পরিস্থিতি আমরাই ডেকে আনছি। সিটি করপোরেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ড্রেনেজ সিস্টেম নিয়ে কাজ করার কথা তাদের নয়। তাদের সে সামর্থ্যও নেই। এটা সিডিএর দায়িত্ব। মহেশ খাল ও চাক্তাই খালের দায়িত্ব সিডিএকে নিতে হবে। তা ছাড়া জেলা প্রশাসন খাস জায়গা ইজারা দিচ্ছে। কোন ভূমির কী রকম ব্যবহার হবে, তা তাদের জানার কথা নয়। এ জন্য সিডিএর পরিকল্পনা বিভাগের সঙ্গে তাদের সমন্বয় করতে হবে।শাহীনুল ইসলাম খান: সিডিএর প্রধান কাজ কিন্তু পরিকল্পনা করা। পরিকল্পনা বিভাগের পাশাপাশি একটি গবেষণা বিভাগও সিডিএতে হতে পারে। এ বিভাগের কাজ হবে নগরের ভূমির ব্যবহার নিয়ে গবেষণা করা।জেরিনা হোসেন: যেসব পুকুর সিডিএর গেজেটে আছে, তার তালিকা প্রতি ওয়ার্ডে পাঠালে পুকুর ভরাটের প্রবণতা কমবে।বিশ্বজিৎ চৌধুরী: এতক্ষণ আমরা আলোচনা শুনলাম। আলোচকদের কথা থেকে সমাধানের কিছু পরামর্শ আমরা পেয়েছি। আমরা এ আলোচনা থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি এতে জনসচেতনতাও বাড়বে বলে মনে করি আমরা। সবাইকে ধন্যবাদ।অনুলিখন: আহমেদ মুনির।